ব্যাংকগুলোকে শীতার্তদের পাশে দাঁড়ানোর আহ্বান
তীব্র শীতে কাহিল শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য দেশের সব ব্যাংকের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। গতকাল রোববার বাংলাদেশে কার্যরত সব ব্যাংকের প্রধান নির্বাহী বরাবর এ-সংক্রান্ত একটি নির্দেশনা পাঠানো হয়েছে।কেন্দ্রীয় ব্যাংকের কৃষিঋণ ও আর্থিক সেবাভুক্তি বিভাগের মহাব্যবস্থাপক অশোক কুমার দে স্বাক্ষরিত এক চিঠিতে করপোরেট সামাজিক দায়বদ্ধতার (সিএসআর) অংশ হিসেবে ব্যাংকগুলোকে এই নির্দেশ দেওয়া হয়।চিঠিতে বলা হয়, সিএসআরের আওতায় বিভিন্ন তফসিলি ব্যাংক বিগত শীত মৌসুমগুলোতে অসহায় শীতার্ত মানুষের সাহায্যে হাওর ও চরাঞ্চলসহ প্রত্যন্ত অঞ্চলে শীতবস্ত্র বিতরণ ও বিভিন্ন প্রশংসনীয় কার্যক্রম গ্রহণ করেছিল। এ বছরও শীতের তীব্রতার কথা বিবেচনা করে জরুরিভাবে কম্বলসহ শীতবস্ত্র বিতরণের উদ্যোগ নেওয়ার অনুরোধ জানানো হয়। বাংলাদেশ ব্যাংকের গভর্নর সচিবালয়ের মহাব্যবস্থাপক এ এফ এম আসাদুজ্জামান প্রথম আলো ডটকমকে এ তথ্য জানান।