ব্যাংকগুলোর রোড শো শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান অর্ধশতাধিক গাড়ির বহর নিয়ে টেকনাফের ওলিয়াবাদ এলাকা থেকে আজ শুক্রবার রোড শোর যাত্রা শুরু করেছেন। দেশের প্রায় সব ব্যাংকের শীর্ষ নির্বাহী কর্মকর্তারা তাঁর সঙ্গে কিছুদূর পর্যন্ত যাবেন। তারপর ৪০টি গাড়ির একটি বহর তেঁতুলিয়ার উদ্দেশে যাবে।টেকনাফ থেকে তেঁতুলিয়া যাওয়ার পথে ১৩টি স্থানে সমাবেশ করে রোড শোর মূল প্রতিপাদ্য কৃষিখাতে অর্থায়ন, ক্ষুদ্র ও মাঝারি শিল্পে (এসএমই) অর্থায়ন, মানি লন্ডারিং প্রতিরোধ এবং বৈধ পথে বিদেশ থেকে দেশে অর্থ আনা বিষয়ে মানুষকে সচেতন করে তোলা হবে। টেকনাফ থেকে তেঁতুলিয়া এলাকায় আট দিন ধরে এই রোড শো চলবে।এর আগে টেকনাফ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এক সমাবেশে গভর্নর এই রোড শো উদ্বোধন করেন। আতিউর রহমান তাঁর উদ্বোধনী বক্তব্যে বলেন, দেশের ব্যাপকসংখ্যক মানুষকে এই রোড শোর মাধ্যমে সচেতন করে তোলা হবে। যাঁরা ব্যাংকিং সেবার বাইরে ছিলেন, তাঁদের কাছে ব্যাংকিং সেবা পৌঁছে দেবে দেশের ব্যাংকগুলো।ঢোল-বাদ্য নিয়ে গাড়িগুলো এর পর পরই যাত্রা শুরু করে। রোড শো উপলক্ষে টেকনাফ ও কক্সবাজার শহর ব্যানার ও ফেস্টুন দিয়ে সাজানো হয়েছে। টেকনাফ শহরে এ ঘটনা প্রাণচাঞ্চল্য সৃষ্টি করেছে। উত্সুক জনতা রাস্তার দুই পাশে দাঁড়িয়ে এই রোড শো দেখছে।আরব-বাংলাদেশ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাইজার এ চৌধুরীর সভাপতিত্বে রোড শো-পূর্ব সমাবেশে আরও বক্তব্য দেন স্থানীয় সাংসদ আবদুর রহমান, এসএমই ফাউন্ডেশনের চেয়ারম্যান আফতাবুল ইসলাম, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মুর্শিদ কুলি খান প্রমুখ।