ব্যাংকগুলোর সংশ্লিষ্টতা নিয়ে তদন্ত কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১০ সালের শেষ সময়ে শেয়ারবাজার বিপর্যয়ে বাণিজ্যিক ব্যাংকগুলোর সংশ্লিষ্টতার বিষয় খতিয়ে দেখতে বাংলাদেশ ব্যাংক সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে। কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক এস কে সুর চৌধুরীর নেতৃত্বে গঠিত এই কমিটিতে দুজন মহাব্যবস্থাপক আহমেদ এহতেশামুল হায়দার ও সুলতান আহমেদ এবং চারজন উপপরিচালক পর্যায়ের কর্মকর্তা রয়েছেন। কমিটি আগামী তিন মাসের মধ্যে তাদের প্রতিবেদন জমা দেবে।বাংলাদেশ ব্যাংক কর্তৃপক্ষ গতকাল রোববার এই কমিটি গঠন করেছে বলে বিশ্বস্ত সূত্রে নিশ্চিত হওয়া গেছে। কমিটি খোন্দকার ইব্রাহিম খালেদের নেতৃত্বে পুঁজিবাজার তদন্ত কমিটির তৈরি করা প্রতিবেদনে যেসব ব্যাংকের নাম বিভিন্নভাবে এসেছে এবং অর্থমন্ত্রী এই প্রতিবেদন প্রকাশের সময় কেন্দ্রীয় ব্যাংক যেসব বিষয় পুনর্তদন্ত করবে বলে ঘোষণা দিয়েছে, সেসব বিষয়ই খতিয়ে দেখবে। সূত্র বলছে, বাংলাদেশ ব্যাংকের এই কমিটি ইব্রাহিম খালেদ কমিটির প্রতিবেদনটি পর্যালোচনা করবে। এর ভিত্তিতে ব্যাংকগুলোর শেয়ারবাজারে লেনদেনে অনিয়ম, আইনি বিধানের কোথায় কতটুকু ব্যত্যয় হয়েছে, কার কতটা দায়—এগুলো সরাসরি পরিদর্শনের মাধ্যমে তদন্ত করে দেখবে। কমিটি একই সঙ্গে ভবিষ্যতে করণীয় ও আইনি সংস্কারের বিষয়গুলো তাদের প্রতিবেদনে সুপারিশ হিসেবে তুলে ধরবে।ইব্রাহিম খালেদের নেতৃত্বে তদন্ত কমিটি তাদের প্রতিবেদনে শেয়ারবাজারে ব্যাংকের আইনি বিনিয়োগসীমা পুনর্নির্ধারণ, ভিন্ন নামে নেওয়া ব্যাংকের ঋণ শেয়ারবাজারে প্রবেশ ঠেকাতে কঠোর ব্যবস্থা নেওয়াসহ বিভিন্ন আইনি সংস্কারের সুপারিশ করেছে। কমিটির প্রতিবেদনে একই সঙ্গে জেম গ্লোবালের মাধ্যমে অর্থ পাচার, শীর্ষস্থানীয় লেনদেনের তালিকায় বেশ কয়েকটি ব্যাংকের নাম, প্রাইম ব্যাংকের সাবসিডিয়ারি প্রতিষ্ঠান প্রাইম ফাইন্যান্সের প্রধান নির্বাহীর তদন্তকাজে বাধা দেওয়া, আল-আরাফাহ ব্যাংকের মার্চেন্ট ব্যাংকের প্রধান নির্বাহীর (বর্তমানে ব্যাংকে ডিএমডি) সঙ্গে এসইসির তৎকালীন সদস্য মনসুর আলমের যোগসাজশ, এবি ইনভেস্টমেন্টের প্রধান নির্বাহী আর ওয়াই শমসেরকে অপসারণ ও ব্যাংকটির নানাভাবে সংশ্লিষ্টতার কথা এসেছে।অন্যদিকে অর্থ মন্ত্রণালয়ের সুপারিশে কেপিসিএলের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিষয়ে এসইসি, বাংলাদেশ ব্যাংক ও এনবিআরের যৌথ টাস্কফোর্সের বিষয়ে আর্থিক লেনদেনের হিসাব পরীক্ষা করার কথা রয়েছে।