ব্যাংকার হিসেবে ক্যারিয়ার গড়তে
পেশার ক্ষেত্রে অনেকেরই পছন্দের শীর্ষে রয়েছে ব্যাংকের চাকরি। কেউ হয়তো ক্যারিয়ারের শুরুতেই আসতে চান এ পেশায়। বাংলাদেশ পূবালী ব্যাংক লিমিটেডের তিনটি পদে নিয়োগ আবেদনপ্রক্রিয়া আজ শেষ হচ্ছে। যাঁদের আবেদনপ্রক্রিয়া শেষ হয়েছে তাঁদের এবার শুরু করতে হবে পরীক্ষার প্রস্তুতি। এ ছাড়া ব্যাংকগুলো পর্যায়ক্রমে বাড়াচ্ছে তাদের কার্যক্রম। ফলে নিয়মিত বিভিন্ন সরকারি-বেসরকারি ব্যাংকগুলোর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে থাকে। তাই এ ক্ষেত্রে কাজের সুযোগটাও অনেক বেশি। যেহেতু প্রতিযোগিতা খুব বেশি, তাই প্রস্তুতিও নিতে হবে ভালোভাবে।যেসব পদে নেওয়া হবে: খোঁজ নিয়ে জানা যায়, পূবালী ব্যাংক লিমিটেডে তিনটি পদে—সিনিয়র অফিসার পদে ১০০ জন, জুনিয়র অফিসার পদে ১৫০ জন ও অফিসার ক্যাশ পদে ২৫০ জন—সব মিলিয়ে মোট ৫০০ লোক নিয়োগ করা হবে। এখন প্রায় সব ব্যাংকেই অনলাইন পদ্ধতিতে আবেদনপত্র পূরণ ও জমা দিতে হয়। তাই প্রার্থীকে খুব সতর্কতার সঙ্গে আবেদন করতে হবে।প্রস্তুতি নেবেন যেভাবে: বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের (বিআইবিএম) পরিচালক (প্রশিক্ষণ) মো. আহসান হাবিব বলেন, মূলত প্রতিষ্ঠানের ওপর নির্ভর করে প্রশ্নের ধরন। তবে বাজারে ব্যাংক নিয়োগ পরীক্ষার প্রস্তুতিমূলক অনেক বই রয়েছে। সেখান থেকে প্রার্থীরা পরীক্ষার ধরন বিষয়ে প্রাথমিক ধারণা পাবেন, যা প্রার্থীর জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তবে ব্যাংকগুলোর নিয়োগ পরীক্ষা একই পদ্ধতিতে অনুষ্ঠিত হয়। সাধারণত নৈর্ব্যক্তিক (এমসিকিউ), লিখিত ও মৌখিক ভিত্তিতে পরীক্ষা হয়ে থাকে। কোনো কোনো ক্ষেত্রে কম্পিউটার বিষয়ে প্রাথমিক টেস্ট পরীক্ষাও দিতে হয়। নৈর্ব্যক্তিক ও লিখিত পরীক্ষা—ইংরেজি, গণিত ও সাধারণ জ্ঞান বিষয়ের ওপর হয়ে থাকে। গণিতে পাটিগণিতের ওপর জোর দিতে হবে। ইংরেজি বিষয়ে শূন্যস্থান পূরণ, বাংলা থেকে ইংরেজি ও ইংরেজি থেকে বাংলা অনুবাদ, প্রিপজিশন, ইডিয়ম ও ফ্রেজ, শব্দ পরিবর্তন ইত্যাদি বিষয় থাকে। মৌখিক পরীক্ষায় প্রার্থীর নিজের সম্পর্কে, সাধারণ জ্ঞান ও যে বিষয়ে পড়াশোনা করেছে ইত্যাদি বিষয়েও জানতে চাওয়া হয়। ব্যাংকের প্রাথমিক বিষয়েও প্রশ্ন করা হয়। এ ছাড়া মনে রাখতে হবে, মৌখিক পরীক্ষায় পোশাক-আশাক, কথা বলার ভঙ্গি ও আচার-আচরণ পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। পরীক্ষার ধরন: পূবালী ব্যাংকের উপমহাব্যবস্থাপক (মানবসম্পদ বিভাগ) মো. সুলতান আহমেদ বলেন, এসব পদে অন্যান্য ব্যাংকের মতো পরীক্ষার পদ্ধতি হয়ে থাকে। এখানে এমসিকিউ ও লিখিত—উভয় পরীক্ষায় অংশ নিতে হয়। তবে বিভিন্ন প্রতিষ্ঠানে ভিন্ন ভিন্ন মাধ্যমে পরীক্ষা নেওয়া হয়ে থাকে। ফলে তাদের ওপর নির্ভর করে পরীক্ষার ধরন। এ বিষয়ে পূবালী ব্যাংকের ফার্মগেট শাখার সিনিয়র অফিসার মিজানুর রহমান বলেন, ‘পরীক্ষা ক্ষেত্রে আমি এমসিকিউ, লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করি। এমসিকিউ পরীক্ষায়—ইংরেজি, গণিত ও সাধারণ জ্ঞান এবং লিখিত পরীক্ষায় গণিত, ইংরেজিসহ অন্যান্য বিষয় ছিল।’