ব্যাংকিংকে আরও মানবিক ও সামাজিক হতে হবে: আতিউর রহমান
বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান বলেছেন, ‘ব্যাংকিং ব্যবস্থাকে আরও মানবিক ও সামাজিক করতে হবে। কৃষকদের জন্য ঋণব্যবস্থা সহজ করতে হবে। সহজশর্তে নারী উদ্যোক্তাদের ঋণ দিতে হবে। আমরা সেই দিনের প্রত্যাশায় আছি, যখন মানুষ ঘরে বসেই ব্যাংকিং করতে পারবে।’ আজ বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংক, বরিশালের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিয়ম সভায় তিনি এসব কথা বলেন। এ সময় ব্যাংকের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।গভর্নর বলেন, বরিশাল অঞ্চল একসময় কৃষি, শিক্ষা, সাহিত্য, সংস্কৃতির ঐতিহ্যে সারা দেশে ঈর্ষণীয় অবস্থানে ছিল। কিন্তু সেই বরিশাল আজ স্তিমিত। কৃষি থেকে সবার নজর সরে গিয়েছিল বলেই হয়তো এ অবস্থা হয়েছে। এ ছাড়া এত দিনেও বরিশালে কোনো শিল্পকারখানা গড়ে ওঠেনি, নেই কোনো উত্পাদনমুখী কর্মকাণ্ড। এখনো মানুষ এক ফসলি জমির ওপর নির্ভরশীল। এর ওপর জলবায়ুর পরিবর্তন এ অঞ্চলে বিশেষ প্রভাব বিস্তার করে। বিশেষত, সিডর ও আইলার মতো দুর্যোগ এই অঞ্চলের মানুষদের দারিদ্র্যসীমার আরও নিচে নিয়ে গেছে। ফলে এখানে কেউ পুঁজি খাটাতে চায় না। এসব কারণে উত্তরবঙ্গের দারিদ্র্যও হার মানিয়েছে বরিশাল অঞ্চলকে।