জাতীয় বাজেটে অধিক রাজস্ব আদায়ের জন্য বাজেটে নেওয়া কিছু প্রস্তাব দেশের মুদ্রানীতির জন্য ক্ষতিকর হবে বলে মনে করা হচ্ছে। এর ফলে ব্যাংক খাতের মৌলিক (কোর) আমানত ফাটকা কারবারে ঢুকে পড়ার আশঙ্কাও করা হচ্ছে।তাতে ব্যাংক খাতে অনেক দিন ধরে চলতে থাকা তারল্যসংকট আরও বাড়বে। ব্যবসায়ীদের ঋণ প্রাপ্তিতে যে দুর্ভোগের কথা সর্বত্র আলোচিত, তা আরও প্রকট হতে পারে। ইতিমধ্যে ব্যাংকাররা এ নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন।অন্যদিকে প্রস্তাবিত বাজেটে বেশ কতগুলো ক্ষেত্রে যে অসাম্য বা আয়বৈষম্য সৃষ্টির কথা বলা হচ্ছে, তাও স্পষ্ট হয়েছে সহজ পথে রাজস্ব আয়ের এ চেষ্টার মধ্যেই।অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত গত বৃহস্পতিবার জাতীয় সংসদের ২০১২-১৩ অর্থবছরের যে প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেছেন, তাতে করদাতা শনাক্তকরণ নম্বর বা টিআইএন না থাকলে আমানতকারীদের সঞ্চয়ের সুদের ওপর ১০ শতাংশের পরিবর্তে ১৫ শতাংশ হারে উৎসে আয়কর কেটে রাখার কথা বলা হয়েছে।বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন প্রকাশনা থেকে জানা যায়, ব্যাংক খাতে তহবিলের এক বড় অংশ হচ্ছে ক্ষুদ্র আমানত। এই আমানতগুলো ব্যাংকগুলোতে বছরের পর বছর থেকে যায়। এ থেকে গ্রাহকের আয়ও খুব বেশি নয়। কিন্তু, এগুলো ব্যাংকের ভাষায় বেসিক বা কোর অর্থাৎ মৌলিক আমানত। অন্যদিকে কোনো গ্রাহকের কোটি কোটি টাকার আমানত, তা সুদহারে তারতম্যের কারণে যেকোনো দিন এক ব্যাংক থেকে উঠে আরেক ব্যাংকে গিয়ে জমা হয়।এখন বাজেট প্রস্তাব অনুসারে টিআইএন না থাকলে ক্ষুদ্র বা এসব মৌলিক আমানতের সুদের ওপর বেশি কর দিতে হলে গ্রাহক টাকা তুলে নিতে উৎসাহিতই কেবল হবেন না, এসব অর্থ মাল্টিলেভেল মার্কেটিং (এমএলএম) জাতীয় ও ফাটকা কারবারে গিয়ে ঢুকবে।বাংলাদেশ ব্যাংক কয়েক বছর ধরে ফাইন্যান্সিয়াল ইনক্লুশন অর্থাৎ অধিক সংখ্যক মানুষকে আর্থিক খাতের অন্তর্ভুক্তির বিভিন্ন প্রচেষ্টা করে যাচ্ছে। এ জন্য ১০ টাকায় কৃষকের ব্যাংক হিসাব খোলা হয়েছে এক কোটি গ্রাহকের বেশি। বাজেটের প্রস্তাব এর সঙ্গেও সাংঘর্ষিক। এ বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের একজন শীর্ষ পর্যায়ের কর্মকর্তা বলেন, সরকার এই যে প্রস্তাব দিয়েছে, তা তাঁদের জানা ছিল না।এদিকে, অর্থবছরের শেষ প্রান্তে এসে সরকার চলতি ২০১১-১২ অর্থবছরের সংশোধিত বাজেটে ২৯ হাজার ১১৫ কোটি টাকার ব্যাংকঋণের কথা বলছে। অথচ চলতি অর্থবছরের বাজেটে সরকারের ব্যাংকঋণের লক্ষ্যমাত্রা ছিল ১৮ হাজার ৯৫৭ কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকের শীর্ষ কর্মকর্তা বলেন, ব্যাংক খাতে এখনই তারল্যের বেশ চাপ রয়েছে। তার ওপর সংশোধিত ঋণ গ্রহণ নতুন চাপ, এমনকি সংকটে ফেলে দিতে পারে ব্যাংক খাতকে। এর সঙ্গে ক্ষুদ্র আমানতের সব ধরনের হিসাবের ওপর সুদ-আয়ে যদি বর্ধিত ৫ শতাংশ হারে কর কর্তন করা হয়, সেটা তারল্যসংকটের কারণ হয়ে দাঁড়াতে পারে।পেনশনভোগী আমিনুর রহমান প্রথম আলোকে ফোন করে জানান, তিনি অন্তত আট বছর ধরে তিন লাখ টাকার স্থায়ী সঞ্চয় রেখেছেন ব্যাংকে। তা থেকে তাঁর যে সুদ-আয় আসে তার ওপর ১০ শতাংশ হারে কর কাটা হয়। আরও কাটা হয় আবগারি শুল্ক। এখন নতুন করে আরও ৫ শতাংশ অগ্রিম কর কাটা হবে। তিনি বলেন, ‘আমি ছোট চাকরি করতাম। আমার কোনো টিআইএন ছিল না। তবু এত দিন ১০ শতাংশ হারে তিন লাখ টাকার স্থায়ী আমানতের সুদের আয় থেকে কর দিতাম। এখন অতিরিক্ত আরও ৫ শতাংশ কাটা হলে আমার আর কী থাকবে, বলেন?’ব্যাংকগুলোর শীর্ষ নির্বাহীদের (এমডি) সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স, বাংলাদেশের (এবিবি) চেয়ারম্যান ও বেসরকারি এনসিসি ব্যাংকের এমডি মোহাম্মদ নূরুল আমিন এ প্রসঙ্গে বলেন, এটা সত্য, ক্ষুদ্র সঞ্চয়কারীদের মধ্যে এক লাখ ৮০ হাজার টাকার ওপরে বছরে করযোগ্য আয় নেই, এমন গ্রাহকেরাই রয়েছেন। তিনি বলেন, ‘তাহলে আমরা যে স্কুল ব্যাংকিংয়ের মধ্যে যাচ্ছি, অর্থ দ্বিগুণ হওয়ার বিভিন্ন উপাদান তৈরি করে গ্রাহকদের উৎসাহিত করছি ব্যাংকিং চ্যানেলে আমানত বাড়াতে, তার কী হবে?’নূরুল আমিন একমত হন যে বাজেটের এই প্রস্তাব গ্রহণ করা হলে তাঁদের আমানত উঠে গিয়ে তারল্যপ্রবাহের ওপর নতুন চাপ তৈরি করবে। তিনি এই প্রস্তাব পুনর্বিবেচনার দাবি করেন। কেন্দ্রীয় ব্যাংক সম্প্রতি ব্যাংকগুলোর শাখা সম্প্রসারণে নীতিমালা দিয়েছে যে শহরে একটি শাখা খুলতে হলে গ্রামেও একটি শাখা খুলতে হবে, সে প্রক্রিয়াও বাধাগ্রস্ত হবে। কেননা, গ্রামের যে সঞ্চয় হবে তার নিট সুদ-আয় কমে যাবে। তার চেয়ে বেশি আয়ের প্রলোভন পেয়ে বরং গ্রাহকেরা অনুমোদিত বা অবৈধ কারবারে গিয়ে ঢুকতে পারেন।মূল্যস্ফীতির চাপের কারণে এমনিতেই নিম্ন আয়ের মানুষের সঞ্চয় কমে গেছে। এর ওপর টিআইএন না থাকার কারণে তাঁদের সামান্য সঞ্চয়ের ওপর বাড়তি কর নিলে তাঁরা ক্ষতিগ্রস্ত হবেন। এ ছাড়া টিআইএন থাকলেই তাঁর আয়কর রিটার্ন দাখিলের বিধান রয়েছে। করমুক্ত আয়ের সীমার নিচে যাঁর আয়, তাঁর ক্ষেত্রেও রিটার্ন দাখিলের বাধ্যবাধকতা আছে। ফলে সঞ্চয়কারীদের মধ্যে যাঁরা এই পর্যায়ে পড়েন, তাঁদের শুধু ব্যাংকে টাকা রাখার কারণে টিআইএনের ঝামেলা পোহাতে হবে।উপরন্তু, এক লাখ ৮০ হাজার টাকার ওপরে, কিন্তু তিন লাখ টাকা পর্যন্ত করযোগ্য আয়ের ক্ষেত্রে ১০ শতাংশ হারে কর দিতে হবে। এখন অর্থমন্ত্রীর প্রস্তাবে ব্যাংকের সুদ-আয়ে টিআইএন না থাকলে দ্বিতীয় স্তরের আয়কর দিতে হবে—এটা আয়বৈষম্যই তৈরি করে বলে মনে করেন বিশ্লেষকেরা। আবার বাংলাদেশের কর আদায় কার্যক্রম হলো প্রগতিশীল ব্যবস্থা বা ‘প্রগ্রেসিভ সিস্টেম’। এই ব্যবস্থার মানে হলো, যাঁরা বেশি আয় করেন, তাঁরা বেশি কর দেবেন। কিন্তু, অর্থমন্ত্রীর প্রস্তাব প্রগ্রেসিভ করব্যবস্থার সঙ্গে সাংঘর্ষিক। কেননা, যেসব ব্যক্তির টিআইএন নেই, এর মানে হলো, তাঁর করযোগ্য আয় নেই। তাই টিআইএন নেওয়ার প্রয়োজন নেই। আর করযোগ্য ব্যক্তিদের টিআইএন না থাকলে সেটা খুঁজে বের করার দায়িত্ব এনবিআরের। অন্যদিকে, যাঁদের টিআইএন নেই, তাঁদের ওপর ঘোষণা দিয়ে কর আরোপ বিদ্যমান আয়কর অধ্যাদেশের মৌলিক দর্শনের সঙ্গেও সংগতিপূর্ণ নয়।আবার ব্যাংক হিসাবের উৎসে কর চূড়ান্ত হিসাবে বিবেচিত হবে না। তাই লাখ লাখ হিসাবধারী রয়েছেন, যাঁরা করযোগ্য নন। তাঁদের কেটে নেওয়া উৎসে কর ফেরত দাবি করতে হলে টিআইএন নিতে হবে। এই উৎসে করের অর্থ ফেরত নিয়ে টিআইএন করে প্রতিবছর বার্ষিক রিটার্নও জমা দিতে হবে। অথচ এমন অনেক নিম্নবিত্ত ক্ষুদ্র ব্যাংক হিসাবধারীদের আয় কখনোই করযোগ্য হবে না।