শেয়ারবাজারের মুনাফা ও ডলার কেনাবেচার টাকা ব্যাংকে যায়নি উচ্চ মূল্যস্ফীতি ব্যয় বাড়াচ্ছে
ব্যাংকে তারল্য-সংকট, হাতে হাতে টাকা
মানুষের হাতে এখন অনেক বেশি নগদ অর্থ। হঠাৎ করেই মানুষ ব্যাংকে না রেখে নিজের কাছে টাকা রাখার পরিমাণ বাড়িয়ে দিয়েছে। শেয়ারবাজারের উত্থানের সময় অনেক বেশি টাকা মানুষের হাতে চলে এসেছিল। তার একটি বড় অংশ ব্যাংকে ফেরত যায়নি। আবার এমনও হতে পারে, শেয়ারবাজার থেকে যাঁরা অতিরিক্ত মুনাফা করেছিলেন, তাঁরা অর্থ নিজের কাছেই রেখে দিয়েছেন।আবার উচ্চ মূল্যস্ফীতির কারণে চাইলেও অনেকে ব্যাংকে অর্থ রেখে দিতে পারছেন না। খেয়ে-পরে বাঁচতে আগের তুলনায় অনেক বেশি অর্থ খরচ করতে হচ্ছে। খোলাবাজারে উচ্চ মূল্যে ডলারের কেনাবেচাকেও এ জন্য দায়ী করা হচ্ছে। মোট কথা, অনেক মানুষই এখন টাকা ব্যাংকে রাখতে চাইছেন না। নানা ধরনের অনিশ্চয়তা বা অস্বস্তি কিংবা অস্বাচ্ছন্দ্যই এর কারণ।বাংলাদেশ ব্যাংকের হিসাবে দেশে এখন মানুষের হাতে নগদ আছে ৫২ হাজার কোটি টাকা। আর এক বছর আগেও ছিল ৪১ হাজার কোটি টাকা। অর্থাৎ মাত্র এক বছরের ব্যবধানে মানুষের কাছে বাড়তি ১১ হাজার কোটি টাকা বেশি চলে এসেছে।এক বছর আগেও উদ্যোক্তাদের ডেকে ডেকে ঋণ দিতে চেষ্টা করেছিল ব্যাংক। আর এখন উদ্যোক্তাদের অভিযোগ, ব্যাংকে অর্থ নেই, ডলারের তীব্র সংকট। মূলত, বিগত অক্টোবর-নভেম্বর সময় থেকেই দেশের ব্যাংক খাতে নগদ অর্থের ব্যাপক টানাটানি দেখা দেয়। আর জানুয়ারি-ফেব্রুয়ারি সময়ে তা তীব্রতা পায়। প্রশ্ন তোলা হয়, ব্যাংকের এত টাকা কোথায় গেল। দেখা যাচ্ছে, আগের চেয়ে এখন অনেক টাকা মানুষের পকেটেই রয়েছে।বিশিষ্ট অর্থনীতিবিদ ও সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মানীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য এ বিষয়ে বলেন, মূল্যস্ফীতি বাড়ার পরিপ্রেক্ষিতে ব্যাংকে আমানত রাখা ও বন্ডে বিনিয়োগের ওপর প্রকৃত আয় কমে গেছে। এর সঙ্গে বিনিময় হারের নিম্নগতিও চাপ সৃষ্টি করেছে। তাই মানুষ ব্যাংকের চেয়ে অন্য খাতে অর্থ খাটাতে আগ্রহী হয়েছে। এ কারণে ঘূর্ণমান অর্থের গতি কমে হাতে হাতে তা থেকেছে।দেশের অর্থনীতির ওপর এর প্রভাব সম্পর্কে দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, ‘এতে মুদ্রানীতির কার্যকারিতা হ্রাস পেতে পারে। একই সঙ্গে তারল্য-ব্যবস্থাপনাও জটিল হয়ে যায়।’সূত্র জানায়, গত জানুয়ারি মাস পর্যন্ত হিসাবে ব্যাংকের বাইরে অর্থাৎ মানুষের কাছে নগদ অর্থের পরিমাণ ছিল ৫২ হাজার কোটি টাকার কিছু বেশি। এক মাস আগে অর্থাৎ ডিসেম্বরে এর পরিমাণ ছিল ৫২ হাজার ৯১৭ কোটি টাকা। আর এক বছর আগে অর্থাৎ ২০১০ সালের ডিসেম্বর মাসে মানুষের কাছে নগদ অর্থ ছিল ৪১ হাজার ৪১৫ কোটি টাকা এবং জানুয়ারিতে ৪১ হাজার ৬৯৪ কোটি টাকা। কেন্দ্রীয় ব্যাংকের গত মার্চের ‘মান্থলি ইকোনমিক ট্রেন্ডস’ এবং ‘মনিটরি সার্ভে’ ও সমীক্ষা বিশ্লেষণ করে এসব তথ্য পাওয়া গেছে।বাংলাদেশ ব্যাংকের মুদ্রানীতিসংশ্লিষ্ট ডেপুটি গভর্নর জিয়াউল হাসান সিদ্দিকী বলেন, ‘ধারাবাহিকতা ও বৃদ্ধির হার বিশ্লেষণ করলে আগের তুলনায় ব্যাংকের বাইরে মানুষের হাতে গত কয়েক মাসে হঠাৎ করে যে টাকা বেশি থেকেছে, এটা বোঝা যায়।’মুদ্রাবাজার বিশেষজ্ঞ ও বাংলাদেশ ব্যাংকের ঊর্ধ্বতন পরামর্শক আল্লাহ মালিক কাজেমী আরও কয়েকটি কারণের কথা জানান। সাবেক এই ডেপুটি গভর্নর বলেন, একই সময়ে দেশের কার্ব মার্কেটে ডলারের দর বৃদ্ধি হতে দেখা গেছে। এসব ব্যবসার বৈধতা নেই বলে এই অর্থের একটা অংশ ব্যাংকে আসেনি ধরে নেওয়া যায়। আবার সীমান্ত এলাকায়ও দুই দেশেই একইভাবে কিছু টাকা সংরক্ষিত হয়ে থাকতে পারে। তবে এ ধরনের তথ্য-উপাত্ত যাচাই করা দুরূহ বিষয় বলেও জানান তিনি। পুঁজিবাজারের উত্থান-পতনে দিলকুশা এলাকার রাস্তায় বৈদেশিক মুদ্রার কার্ব মার্কেটে মার্কিন ডলারের বেশ চাহিদা ও বড় মূল্য বৃদ্ধি ঘটেছিল। কয়েকজন কার্ব ব্যবসায়ী এ প্রতিবেদককে জানান, তাঁদের কাছ থেকে দিনশেষে কোনো একটি মহল সব ডলারই কিনে নিয়ে যেতেন। ওই সময় খোলাবাজারে কেবল ডলার বিক্রি করাই যাচ্ছিল, কেনা সহজ ছিল না।তারল্য-সংকটে ব্যাংক: গত বছরের শেষ ভাগে বাণিজ্যিক ব্যাংকগুলোতে নগদ অর্থের ঘাটতি দেখা দিতে শুরু করে। এ বছরের জানুয়ারি-ফেব্রুয়ারি সময়ে তা তীব্র হয়। আবার বেশির ভাগ ব্যাংকই আগে থেকে ঋণযোগ্য সব অর্থ বিনিয়োগ করায় সংকট আরও গভীর হয়েছিল। নিয়ম হচ্ছে, কোনো ব্যাংক তাদের সংগৃহীত আমানতের নিরাপত্তা হিসাবে বিধিবদ্ধ জমা ১৯ শতাংশ সংরক্ষণ করে বাকি ৮১ শতাংশ পর্যন্ত অর্থ ঋণ দিতে পারবে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, জানুয়ারি মাস শেষে ব্যাংকগুলোর ঋণ-আমানত অনুপাত দাঁড়ায় ১০৪ দশমিক ২৫ শতাংশ। অর্থাৎ নিয়মের বাইরে অতিরিক্ত ঋণ দিয়েছে ব্যাংকগুলো। ফলে দেখা দেয় নগদ অর্থের সংকট। যদিও অতীতে ব্যতিক্রম ছাড়া ব্যাংক খাতে ঋণ-আমানত অনুপাত ১০০ শতাংশই ছিল। কিন্তু এত নগদ অর্থের ঘাটতি হয়নি কখনো।ব্যাংকের বাইরে বিপুল টাকা: মুদ্রা সরবরাহের সঙ্গেও মানুষের হাতে টাকা বাড়ার গতি মিলছে না। অর্থ সরবরাহ যতটা বেড়েছে, মানুষের হাতে থাকা টাকার পরিমাণ তার চেয়ে বেশি বেড়েছে। গত জুন থেকে অক্টোবর সময়ে মানুষের হাতে টাকা থাকার পরিমাণ বৃদ্ধির গতি ছিল বেশি। নভেম্বর থেকে জানুয়ারি সময়ে তা আরও তীব্র হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, গত ফেব্রুয়ারি মাসে আগের বছরের একই সময়ের তুলনায় বাজারে মুদ্রা সরবরাহ বেড়েছে ২০ দশমিক ৭৭ শতাংশ। আগের বছরের একই সময়ে বৃদ্ধির হার ছিল ২৫ দশমিক ৭০ শতাংশ। অন্যদিকে ফেব্রুয়ারিতে আগের বছরের একই সময়ের তুলনায় মানুষের হাতে অতিরিক্ত টাকা থেকেছে ২৪ দশমিক ৮০ শতাংশ। যদিও আগের বছরের ফেব্রুয়ারিতে তা ছিল ১৬ দশমিক ০৯ শতাংশ। গত দুই বছরের জানুয়ারি মাসের মুদ্রা সরবরাহ ও মানুষের হাতে থাকা টাকার পরিমাণ বিশ্লেষণেও একই রকম তথ্য মেলে। পুঁজিবাজারের উত্থান-পতন ও তারল্য-সংকট: গত বছরের জুন মাসে ডিএসইর সাধারণ মূল্যসূচক ৬০০০ পয়েন্ট ছাড়ায়। পরে সূচক ক্রমশ বাড়তে থাকার পর ডিসেম্বরে গিয়ে ঠেকে প্রায় ৯০০০-এ। তার পরই পতন হয় বাজারে।এই সময়েই ব্যাংকগুলোতে নগদ অর্থের ঘাটতি দেখা দিতে থাকে। নভেম্বর থেকে তা আরও দ্রুত হয়। জানুয়ারি-ফেব্রুয়ারি মাসে তা তীব্র হয়। ব্যাংকার, কেন্দ্রীয় ব্যাংক ও অর্থনীতিবিদদের সঙ্গে কথা বলে জানা যায়, আরও কয়েকটি কারণের সঙ্গে এ সময় শেয়ারবাজার থেকে মুনাফা তুলে অথবা শেয়ার বিক্রি করে মানুষ টাকা নিজের হাতে রাখতেই বেশি স্বস্তিকর মনে করেছেন। হয়তো ব্যাংকগুলোতে নগদ টাকার ঘাটতি দেখা দেওয়ায় মানুষের মধ্যে শঙ্কা দেখা দিয়েও থাকতে পারে। আবার শেয়ারে বড় মুনাফা যাঁরা তুলেছেন, তাঁরা হয়তো নানা কারণে ব্যাংক-ব্যবস্থায় টাকা রাখতে চাননি, অর্থ গোপন করেছেন।মূল্যস্ফীতির চাপ: গত জুলাই মাস থেকেই দেশে মূল্যস্ফীতির গতি ঊর্ধ্বমুখী। এ সময় সাড়ে ৭ শতাংশের কাছাকাছি ছিল সাধারণ ভোক্তা মূল্যসূচক। জানুয়ারিতে ৯ শতাংশের ওপরে উঠে যায়।দ্রব্যমূল্যের এই ঊর্ধ্বগতির কারণে মানুষকে বেশি ব্যয় করতে হয়েছে। ফলে তাদের হাতে আগের বছরের চেয়ে অন্তত ১০ শতাংশ বেশি অর্থ রাখতে হয়েছে। কিন্তু এই অর্থের একটা অংশও ব্যাংকে ঢুকেছে। অন্যদিকে গত ২০০৯-১০ অর্থবছরের জানুয়ারি থেকে জুন সময়ে পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে দেশে মূল্যস্ফীতির হার ৯ শতাংশের কাছাকাছি ছিল। এমনকি ফেব্রুয়ারিতে তা ৯ শতাংশ ছাড়িয়ে যায়। কিন্তু সে সময়ও মানুষের হাতে টাকা এতটা বাড়েনি। আমদানি বাড়ার প্রভাব: ব্যাংকে নগদ অর্থসংকটের আরেকটি বড় কারণ আমদানি ব্যয় বৃদ্ধি। এর হার প্রায় ৪৩ শতাংশ। আমদানি ব্যয় বাড়ায় প্রয়োজনীয় বৈদেশিক মুদ্রার জোগান দিতে কেন্দ্রীয় ব্যাংক কয়েক মাস ধরে বাজারে ডলার বিক্রি করে আসছে। বাংলাদেশ ব্যাংক বলছে, এ সময়ে তারা প্রায় ৯০ কোটি ডলার বাজারে দিয়েছে। এর বিপরীতে (প্রতি ডলার ৭১ টাকা ধরে) প্রায় ছয় হাজার ৪০০ কোটি টাকা বাজার থেকে কেন্দ্রীয় ব্যাংকে গিয়ে ঢুকেছে। এ টাকা আর মুদ্রাবাজারে আসছে না, যতক্ষণ না বৈদেশিক মুদ্রা আয় করে তা বাংলাদেশ ব্যাংকের কাছে বিক্রি করা হচ্ছে। অথচ এক বছর আগেও উল্টো বাংলাদেশ ব্যাংক বাজার থেকে ডলার কিনেছে।বর্তমান পরিস্থিতি: তারল্য-পরিস্থিতির অবশ্য এখন কিছুটা উন্নতি হয়েছে। এপ্রিল মাসের মাঝামাঝি সময়ে সামগ্রিক ব্যাংক-ব্যবস্থায় ২৪ হাজার কোটি টাকা উদ্বৃত্ত রয়েছে। আবার বাংলাদেশ ব্যাংকে তফসিলি ব্যাংকগুলোর সংরক্ষিত উদ্বৃত্ত আমানত ১৩ হাজার ৪০৯ কোটি টাকাই প্রকৃত অর্থে অলস অর্থ। অন্যদিকে আন্তব্যাংক মুদ্রাবাজারেও কয়েক দিন ধরে তিন হাজার ২৫০ কোটি টাকা (কলমানি) লেনদেন হচ্ছে।