ব্যাংকে তারল্যসংকট বাড়াবে, বাড়বে সুদের হারও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১২-১৩ অর্থ-বছরের প্রস্তাবিত বাজেটে যে ঘাটতির পরিমাণ উল্লেখ করা হয়েছে, তা দেশের অর্থনীতির পরিপ্রেক্ষিতে অনেক বেশি বলে মন্তব্য করেছে দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই)।এই ঘাটতি মোকাবিলায় সরকার ব্যাংক থেকে ঋণ নেওয়ার যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে তাতে উদ্বিগ্ন এফবিসিসিআই। সংগঠনটি বলছে, ব্যাংক থেকে সরকার বেশি ঋণ নিলে ব্যাংকে আবারও তারল্যসংকট তৈরি হবে। ফলে বেসরকারি খাতের উদ্যোক্তারা একদিকে যেমন ঋণ পাবেন না, অন্যদিকে ঋণের সুদের হারও বেড়ে যাবে।রাজধানীর মতিঝিলে ফেডারেশন ভবনে গতকাল বৃহস্পতিবার এক তাৎক্ষণিক বাজেট প্রতিক্রিয়ায় সাংবাদিকদের এসব আশঙ্কার কথা জানান এফবিসিসিআইয়ের সভাপতি এ কে আজাদ। তবে বাজেটের আকার ও প্রবৃদ্ধির হারের প্রশংসা করেন তিনি।এর আগে জাতীয় সংসদে প্রস্তাবিত ২০১২-১৩ অর্থবছরের বাজেট ঘোষণা করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। আজ শুক্রবার বিকেলে এফবিসিসিআইয়ের কার্যালয়ে সংবাদ সম্মেলনে প্রস্তাবিত বাজেটের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবে এফবিসিসিআই।এফবিসিসিআইয়ের সভাপতি বলেন, প্রস্তাবিত বাজেটে ঘাটতি মোট দেশজ উৎপাদনের (জিডিপি) পাঁচ শতাংশের মধ্যে রাখার কথা বলা হয়েছে। এটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত হলেও দেশের অর্থনীতির প্রেক্ষাপটে অনেক বেশি। তিনি বলেন, বাজেট ঘাটতি মোকাবিলায় সরকার গত অর্থবছর ব্যাংক থেকে ১৮ হাজার কোটি টাকা ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রা ঠিক করেছিল। কিন্তু প্রথম ছয় মাসেই ব্যাংক থেকে নেওয়া ঋণের পরিমাণ দাঁড়ায় ২১ হাজার কোটি টাকা। এ বছরও ব্যাংক থেকে ২৩ হাজার কোটি টাকা ঋণ নেবে বলে ঠিক করেছে সরকার। এতে ব্যক্তি খাতের ঋণপ্রাপ্তি কমে যেতে পারে। ফলে আবারও তারল্যসংকট দেখা দিতে পারে। একই সঙ্গে ব্যাংক ঋণের সুদের হারও বেড়ে যেতে পারে। এসব কারণে ব্যাংক খাত থেকে ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রা পুনর্বিবেচনার আহ্বান জানান তিনি।রপ্তানির ক্ষেত্রে উৎসে কর দ্বিগুণ করার বিষয়ে এ কে আজাদ বলেন, ‘গত অর্থবছরে রপ্তানির ক্ষেত্রে উৎসে কর দশমিক ৬ শতাংশ ছিল। এ বছর তা ১ দশমিক ২ শতাংশ করা হয়েছে। বর্তমানে রপ্তানিশিল্প বেশ চাপের মধ্যে রয়েছে। তাই আমরা এটা আগের অবস্থায় রাখার অনুরোধ করছি।’এফবিসিসিআইয়ের সভাপতি বলেন, এ বছর সরকারি কর্মকর্তাদের বেতনের বাইরে অতিরিক্ত ঋণ হিসেবে প্রায় সাড়ে ১৯ হাজার কোটি টাকা প্রস্তাব করা হয়েছে। এটা করদাতাদের জন্য অনেক বড় বোঝা। তাই এটা পুনর্বিবেচনা করা উচিত। তিনি বলেন, ‘সরকারকে আমরা করের নেটওয়ার্ক বাড়াতে বলেছিলাম। কিন্তু সেটা খুব বেশি হয়নি। বরং এখন যাঁরা কর দিচ্ছেন তাঁদের ওপর করের চাপ আরও বাড়ানো হয়েছে।’ভ্যাট ট্রাইব্যুনালের মামলা নিষ্পত্তির মেয়াদ এক বছরের পরিবর্তে দুই বছর করার সমালোচনা করে এ কে আজাদ বলেন, এতে মামলার জট বেঁধে যাবে। ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হবেন। তাই এসব মামলা এক বছরের মধ্যে নিষ্পত্তির বিধান বহাল রাখার আহ্বান জানান তিনি।এ ছাড়া মানবসম্পদ ও অন্যান্য সরবরাহ ব্যবস্থাপনার ওপর কর বাড়ানোর বিষয়টি পুনর্বিবেচনার অনুরোধ করেন তিনি।