ব্যাংকে পরিচালক থাকবেন ২০ জন (ভিডিও)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যাংক কোম্পানি (সংশোধন) আইন-২০১৩-এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। অনুমোদিত খসড়াটি সংসদে পাস হলে প্রতিটি ব্যাংকে ২০ জন পরিচালক থাকতে পারবেন। এর মধ্যে চারজন হবেন স্বতন্ত্র।আজ সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। আগের আইনে পরিচালকের সংখ্যা নির্দিষ্ট করা ছিল না।বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোশাররাফ হোসাইন ভূইঞা বলেন, ৪ মার্চ এ খসড়ার নীতিগত অনুমোদন দেওয়া হয়েছিল। এ আইন পাস হলে কোনো ব্যাংকে একজন পরিচালক একনাগাড়ে দুই মেয়াদে সর্বোচ্চ ছয় বছর পর্যন্ত দায়িত্ব পালন করতে পারবেন। এর পর এক মেয়াদ বা তিন বছরের জন্য তিনি আর পরিচালক হতে পারবেন না। তবে বর্তমানে যাঁরা দুই মেয়াদের বেশি সময় ধরে রয়েছেন, তাঁরা তাঁদের মেয়াদ পূর্ণ করবেন।এ ছাড়া নতুন এই আইন অনুযায়ী একই ব্যক্তি একই সময় বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান বা ব্যাংকের পরিচালক হতে পারবেন না। নিয়ম আগের মতোই থাকছে বলে জানান।খসড়া আইনের ২৬(ক) ধারা অনুযায়ী, কোনো ব্যাংক অন্য কোনো কোম্পানির শেয়ার ধারণের ক্ষেত্রে ওই কোম্পানির আদায়কৃত মূলধন, শেয়ার প্রিমিয়াম, সংবিধিবদ্ধ সঞ্চিতি, রিটেইল আর্নিংয়ের মোট পরিমাণের ৫ শতাংশ এবং ওই কোম্পানির আদায়কৃত মূলধনের ১০ শতাংশের বেশি শেয়ার ধারণ করতে পারবে না। তবে শরিয়া বা ইসলামি ব্যাংকের ক্ষেত্রে নিয়ম আগের মতোই থাকবে।এই আইন লঙ্ঘন করলে বাংলাদেশ ব্যাংক ব্যক্তির পাশাপাশি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে সর্বোচ্চ ২০ লাখ টাকা জরিমানা করতে পারবে। নির্দিষ্ট সময়ে জরিমানা আদায় না হলে প্রতিদিন ৫০ হাজার টাকা করে জরিমানা বাড়বে। এ ছাড়া সমবায় সমিতির নামে কেউ যেন ব্যাংকিং কার্যক্রম চালাতে না পারে, সে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান সচিব। তিনি বলেন, ব্যাংক শব্দের ব্যবহার করে কেউ যেন প্রতারণা করতে না পারে, এ ব্যাপারে আইনে নির্দিষ্ট করে ব্যাখ্যা দেওয়া হয়েছে। এই আইন স্থগিত করার প্রয়োজন হলে বাংলাদেশ ব্যাংক সরকারের সঙ্গে পরামর্শ করে উদ্যোগ নিতে পারে। আগে কেবল সরকারই তা করতে পারত।আইনে খেলাপি ঋণ গ্রহীতার সংজ্ঞা আরও স্পষ্ট করা হয়েছে। এখানে বলা হয়েছে, মেয়াদ পার হওয়ার ছয় মাস পরও ঋণ বা সুদ আদায় না হলে তা খেলাপি ঋণ বলে গণ্য হবে।