আগামী ২০১১-১২ অর্থবছরের জাতীয় বাজেটে ৪৫ হাজার কোটি টাকার ঘাটতি অর্থায়নে সরকারকে ব্যাংকের ঋণের ওপর ব্যাপকভাবে নির্ভর করতে হবে। ব্যাংক ঋণের ওপর অতিমাত্রায় নির্ভরতা তারল্য সংকট আরও প্রকট করে বেসরকারি খাতের ঋণপ্রাপ্তিতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে দেশের ব্যবসায়ী-শিল্পপতিদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই)।আজ শুক্রবার বিকেলে রাজধানীর মতিঝিলে ফেডারেশন ভবনে এফবিসিসিআই আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলা হয়। আগামী অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেটের ওপর এফবিসিসিআই মতামত জানাতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।এফবিসিসিআই বলছে, সরকার যদি ঘাটতি অর্থায়ন যথাযথভাবে করতে না পারে তাহলে দেশের উন্নয়ন কার্যক্রম ব্যাহত হবে। এ ছাড়া বাজেটে সাত শতাংশ হারে প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও কীভাবে তা অর্জন হবে, সুস্পষ্ট দিক নির্দেশনা নেই। নেই প্রবৃদ্ধিতে সবচেয়ে বেশি অবদান রাখা বেসরকারি খাতকে উৎসাহিত করার নির্দেশনাও।সংবাদ সম্মেলনে এ কে আজাদ বলেন, সরকার জাতীয় স্বার্থে একটি প্রবৃদ্ধি, শিল্প ও ব্যবসা-বান্ধব বাজেট প্রণয়নে আন্তরিক প্রচেষ্টা চালিয়েছে বলে প্রতীয়মান হয়। কিন্তু ব্যাংক ঋণের উচ্চ সুদের হার, ব্যাংকের তারল্যসংকট এবং গ্যাস-বিদ্যুৎ-অবকাঠামোর সমস্যা কাটানো না হলে বাজেট শিল্প ও ব্যবসা-বান্ধব হবে না। তিনি অবশ্য এও বলেন যে বাজেটে কৃষি, বিদ্যুৎ ও জ্বালানি এবং অবকাঠামো খাতকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। স্থানীয় শিল্পের সংরক্ষণ এবং রাজস্ব আদায়ে করের আওতা বাড়ানোর উদ্যোগও দেশের সার্বিক অর্থনীতির জন্য ইতিবাচক বলে এফবিসিসিআই মনে করে।সব রপ্তানিকারকদের রপ্তানিমূল্যের ওপর উৎসে আয়কর সংগ্রহের হার দশমিক ৪০ শতাংশ বা দশমিক ৫০ শতাংশের পরিবর্তে দেড় শতাংশ নির্ধারণ করায় রপ্তানি অগ্রযাত্রাকে ব্যাহত করবে বলে এফবিসিসিআই মনে করে। আর তাই রপ্তানিমূল্যের ওপর উৎসে আয়কর আগের অবস্থায় নিয়ে যাওয়ার জন্য সংগঠনটি সুপারিশ করেছে।এক প্রশ্নের জবাবে এফবিসিসিআই সভাপতি বলেন, প্রস্তাবিত বাজেটে বাংলাদেশ অবকাঠামো তহবিল ও সরকারি বন্ডে ১০ শতাংশ জরিমানা দিয়ে অপ্রদর্শিত অর্থ সুযোগ দেওয়ার প্রস্তাবকে তাঁরা স্বাগত জানান। তবে কোনোভাবেই যেন অবৈধ অর্থ সাদা করার সুযোগ দেওয়া না হয়। বরং অবৈধ অর্থ উপার্জনকারীদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনকে আরও সক্রিয় হওয়ার দাবি জানান।এ সময় এফবিসিসিআইর প্রথম সহসভাপতি মো. জসিমউদ্দিন, সহসভাপতি মোস্তফা আজাদ চৌধুরীসহ পরিচালনা পর্ষদের সদস্য এবং এফবিসিসিআইর অন্তর্ভুক্ত সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।