ব্যাংকের চাকরিতে ডিপ্লোমা অর্জনের সুযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্তমানে দেশে আকর্ষণীয় ও জনপ্রিয় পেশাগুলোর অন্যতম একটি হলো ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের চাকরি। ক্রমবর্ধমান গ্রাহকের চাহিদা ও নিত্যনতুন পণ্য-সেবা প্রবর্তনের সুবাদে এটি একটি সম্ভাবনাময় খাতও বটে। সে জন্য যাঁরা এ পেশায় কর্মরত আছেন, তাঁদের পেশাগত প্রশিক্ষণ থাকাটা খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। এই খাতের পেশাজীবীদের জন্য দি ইনস্টিটিউট অব ব্যাংকার্স, বাংলাদেশ (আইবিবি) থেকে ব্যাংকিং ডিপ্লোমা অর্জনের সুযোগ রয়েছে। ইতিমধ্যে আইবিবির ৭৫তম ব্যাংকিং ডিপ্লোমা পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আগ্রহী প্রার্থীদের এন্ট্রি ফরম ২৬ ফেব্রুয়ারির মধ্যে জমা দিতে হবে। বিলম্ব ফিসহ ১ মার্চ পর্যন্ত জমা দেওয়া যাবে।প্রতিষ্ঠানের উদ্দেশ্য: আইবিবির মহাসচিব মু. আবদুল মতীন জানান, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের পেশাগত দক্ষতা বাড়ানোর উদ্দেশ্য নিয়ে ১৯৭৩ সালে এই প্রতিষ্ঠানের যাত্রা শুরু হয়। কর্মকর্তা-কর্মচারীরা যাতে দক্ষতার সঙ্গে কাজ করে নিজ নিজ প্রতিষ্ঠানের অগ্রগতি ও জাতীয় অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখতে পারেন, সে লক্ষ্যেই ডিপ্লোমা কোর্সটি চালু করা হয়েছে। প্রশিক্ষণের গুরুত্ব: আইবিবির মহাসচিব আরও বলেন, বর্তমানে ৬০টিরও বেশি সরকারি, বেসরকারি, বিশেষায়িত ও বিদেশি ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠান আইবিবির সদস্য। প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকতে এসব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান তাদের কর্মকর্তাদের বিভিন্ন পেশাগত প্রশিক্ষণ নিতে উৎসাহিত করে। আইবিবি থেকে ব্যাংকিং ডিপ্লোমা অর্জনকারী স্ট্যান্ডার্ড ব্যাংকের গ্রিন রোড শাখার এক্সিকিউটিভ অফিসার বিপ্লব বাইরাজি বলেন, এই কোর্স থেকে তাত্ত্বিক বিষয়ে শেখা যায়, যা কাজের ক্ষেত্রে অনেক সহায়ক। এ ছাড়া ডিপ্লোমাটি থাকলে প্রতিষ্ঠানও কর্মীদের বেতন-ভাতা ও পদোন্নতিতে অগ্রাধিকার দেয়।কোর্সের পদ্ধতি: খোঁজ নিয়ে জানা যায়, আইবিবির ব্যাংকিং ডিপ্লোমা কোর্স দুটি ভাগে বিভক্ত। একটি হলো জুনিয়র অ্যাসোসিয়েট আইবিবি (জেএআইবিবি), অপরটি ডিপ্লোম্যাট অ্যাসোসিয়েট আইবিবি (ডিএআইবিবি)। ব্যাংকিং ডিপ্লোমা পরীক্ষা বছরে দুবার অনুষ্ঠিত হয়। পরীক্ষা দিতে হয় দুটি পর্বে ১২টি বিষয়ে। আর পরীক্ষা অনুষ্ঠিত হয় দেশের বিভিন্ন জেলায় অবস্থিত ২২টি কেন্দ্রে। দুটি পর্বের জন্যই উত্তীর্ণ পরীক্ষার্থীদের একটি করে দুটি সনদপত্র দেওয়া হয়। কেউ ভালো ফল করলে তাঁকে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে গোল্ড ও সিলভার মেডেলসহ নগদ আর্থিক পুরস্কারও দেওয়া হয়।যেসব বিষয়ে পড়তে হয়: ব্যাংকিং ডিপ্লোমার প্রথম পর্বে ছয়টি ও দ্বিতীয় পর্বে ছয়টি বিষয় রয়েছে। দুটি আলাদা সময়ে পরীক্ষা হয়ে থাকে। প্রথম পর্ব: ১. মৌলিক অর্থনীতি ও বাংলাদেশ অর্থনীতি। ২. ব্যবসায় যোগাযোগ, ৩. সংগঠন ও ব্যবস্থাপনা, ৪. ব্যাংকিং আইন ও প্রয়োগ, ৫. আর্থিক সেবা বিপণন ও ৬. আর্থিক সেবার হিসাবরক্ষণ বিষয়ে পরীক্ষা হয়ে থাকে। দ্বিতীয় পর্ব: ১. আর্থিক প্রতিষ্ঠান ব্যবস্থাপনা, ২. ঋণ পরিচালনা ও ঝুঁকি ব্যবস্থাপনা, ৩. আন্তর্জাতিক বাণিজ্য ও বৈদেশিক বিনিময় এবং ৪. আর্থিক সেবায় তথ্যপ্রযুক্তি, ৫. ব্যবস্থাপনা হিসাববিজ্ঞান ও ৬. ঐচ্ছিক (ছয়টি বিষয় থেকে) একটি বিষয় পড়তে হয়।প্রার্থীর যোগ্যতা: এ প্রসঙ্গে আইবিবির জ্যেষ্ঠ কর্মকর্তা (প্রশাসন ও জনসংযোগ) মো. শাহজাহান মীর জানান, জেএআইবিবির জন্য প্রার্থীকে ন্যূনতম উচ্চমাধ্যমিক বা সমমানের পাস ও যেকোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে কর্মরত হতে হবে। সরকারি প্রতিষ্ঠানের ক্ষেত্রে করণিক থেকে উপমহাব্যবস্থাক ও বেসরকারি প্রতিষ্ঠানের ক্ষেত্রে জুনিয়র অফিসার থেকে ভাইস প্রেসিডেন্ট পর্যায়ের কর্মকর্তা বা কর্মচারীরা এই ব্যাংকিং ডিপ্লোমা কোর্স করার সুযোগ পাবেন। তবে আইবিবির সদস্য নয় এমন প্রতিষ্ঠানের প্রার্থীরা এই কোর্স করার সুযোগ পাবেন না।প্রশিক্ষণের খরচ: জেএআইবিবি ও ডিএআইবিবি উভয়পর্বের পরীক্ষার্থীদের জন্যপ্রতি পরীক্ষায় অংশগ্রহণের জন্য এক হাজার টাকা করে ফি দিতে হয়। আর কোনো খরচ নেই। এ ছাড়া কোচিংয়ে অংশ নিলে প্রতি বিষয়ের জন্য ২০০ টাকা করে জমা দিতে হয়। আবেদন-প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা আইবিবির প্রধান কার্যালয়সহ বাংলাদেশ ব্যাংকের ঢাকা, চট্টগ্রাম, সিলেট, বগুড়া, খুলনা, রাজশাহী, রংপুর ও বরিশাল শাখার পাশাপাশি সোনালী ব্যাংকের প্রধান বা আঞ্চলিক কোনো শাখা থেকে পরীক্ষার এন্ট্রি ফরম, তালিকাভুক্তি ফরম, সিলেবাস ইত্যাদি সংগ্রহ করতে পারবেন। প্রতিবছর গ্রীষ্মকালীন (মে মাস) ও শীতকালীন (ডিসেম্বর মাস) পর্বে পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষার প্রায় এক-দেড় মাস আগে প্রার্থীদের তালিকাভুক্ত হতে পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়া হয়। তবে আইবিবির প্রধান কার্যালয়ে যেকোনো সময় তালিকাভুক্ত হওয়ার সুযোগ আছে।আরও জানতে যোগাযোগ করুন: আইবিবি, বিডিবিএল ভবন (১০ তলা), ১২ কারওয়ান বাজার, ঢাকা। ফোন: ৯১৩৭২৮২-৩। ওয়েবসাইট: www.ibb.org.bd