ব্যাংকের চেয়ে শেয়ারবাজারে বিনিয়োগ বেশি লাভজনক: ডিএসইর সভাপতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লেনদেনসহ সাধারণ সূচকের নতুন রেকর্ড দিয়ে শেষ হয়েছে সপ্তাহের দ্বিতীয় দিনের শেয়ারবাজারের লেনদেন। বিনিয়োগ বেড়ে যাওয়ার কারণেই প্রতিদিন শেয়ারবাজারে লেনদেনের রেকর্ড হচ্ছে বলে মনে করেন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সভাপতি রকিবুর রহমান। তাঁর মতে, ব্যাংকে টাকা জমা রাখার চেয়ে পুঁজিবাজারে বিনিয়োগ বেশি লাভজনক হওয়ায় সাধারণ মানুষ এর প্রতি বেশি আকৃষ্ট হচ্ছে। তাই বাড়ছে পুঁজিবাজারে অর্থের প্রবাহ।তিনি বলেন, পুঁজিবাজার আরও সম্প্রসারিত করতে নতুন নতুন প্রতিষ্ঠানের এতে বিনিয়োগের বিকল্প নেই।আজ ঢাকা শেয়ারবাজারে মোট লেনদেন হয়েছে সর্বোচ্চ এক হাজার ৬৮৯ কোটি টাকা। সাধারণ সূচক ৮৪ পয়েন্ট থেকে বেড়ে দাঁড়িয়েছে ৫৫৫১ পয়েন্টে। আজ বেশির ভাগ প্রতিষ্ঠানেরই শেয়ারের দাম বেড়েছে। মোট ১৩৭টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, কমেছে ১০৩টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।খাত বিশেষে গ্রামীণফোন ছাড়া বিদ্যুত্-জ্বালানি ও বিমা খাতের দামও আজ ছিল ঊর্ধ্বমুখী। তবে শেয়ারবাজারের লেনদেন শুরু হওয়ার সময় ব্যাংকিং খাতের প্রতিষ্ঠানগুলোর বাজার ঊর্ধ্বমুখী থাকলেও যত সময় গড়িয়েছে, এই খাতের প্রতিষ্ঠানগুলোর শেয়ারের দামে মিশ্রভাব দেখা গেছে।এদিকে ম্যাকসন স্পিনিং মিলস লিমিটেড কাল ২ ফেব্রুয়ারি থেকে ৪ ফেব্রুয়ারি পর্যন্ত স্পট মার্কেটে শেয়ার লেনদেন করবে বলে জানিয়েছে। এ ছাড়া রেকর্ড তারিখ থাকার কারণে ৭ ফেব্রুয়ারি প্রতিষ্ঠানটির লেনদেনে বন্ধ থাকবে। অন্যদিকে মডার্ন ডাইং অ্যান্ড স্ক্রিন প্রিন্টিং লিমিটেড পরিবেশগত ছাড়পত্র না থাকা, প্রয়োজনীয় গ্যাসের অপ্রতুলতা ও যন্ত্রপাতির মেয়াদ উত্তীর্ণ হওয়ার কারণে গতকাল ৩১ জানুয়ারি থেকে বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ সূত্রে জানা গেছে।