ব্যাংকের ভোল্ট ভেঙে ৩১ লাখ টাকা লুট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাট শহরের ফৌজিয়া মার্কেটে ইসলামী ব্যাংক লিমিটেডের ভোল্ট ভেঙে ৩১ লাখ ২৬ হাজার টাকা লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তেরা। গতকাল শুক্রবার রাতে কোনো একসময় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ব্যাংক ও মার্কেটের দুই নৈশপ্রহরীকে আটক করেছে পুলিশ।ব্যাংক সূত্রে জানা গেছে, জয়পুরহাট শহরের প্রধান সড়কের দক্ষিণ পাশে ফৌজিয়া মার্কেটের দ্বিতীয় তলায় জয়পুরহাট ইসলামী ব্যাংকের কার্যালয়। আজ শনিবার সকাল আটটার দিকে ব্যাংকের নৈশপ্রহরী জহুরুল হক ব্যাংকের তালা খোলার পর ভোল্ট ভাঙা অবস্থায় দেখতে পান। তিনি মুঠোফোনে বিষয়টি ব্যাংকের ব্যবস্থাপক হাবিবুর রহমানকে জানান। পরে হাবিবুর রহমানের কাছ থেকে খবর পেয়ে জয়পুরহাট পুলিশ সুপার হামিদুল আলম, জেলা প্রশাসক অশোক কুমার বিশ্বাস ও থানা-পুলিশ ঘটনাস্থলে আসেন।ব্যাংক কর্তৃপক্ষের ধারণা, ব্যাংকের দ্বিতীয় তলার ছাদের ওপর উঠে সিঁড়িঘরের তালা ভেঙে ব্যাংকে প্রবেশ করে দুর্বৃত্তেরা। এলপি গ্যাস সিলিন্ডার নিয়ে গ্যাসের মাধ্যমে ভোল্টের তালা কেটে ৩১ লাখ ২৬ হাজার টাকা লুট করেছে তারা।ব্যাংকের ব্যবস্থাপক হাবিবুর রহমান অভিযোগ করে বলেন, গতকাল রাতে নৈশপ্রহরী জহুরুলের ব্যাংক পাহারার দায়িত্বে থাকার কথা থাকলেও তিনি পাহারায় ছিলেন না। এ সুযোগে দুর্বৃত্তেরা রাতের যেকোনো সময় ব্যাংকে ঢুকেছে। ব্যাংকের দুটি ভোল্টের মধ্যে একটি ভোল্ট ভেঙে টাকা নেওয়া হয়েছে। অপর ভোল্টটি অক্ষত রয়েছে বলে জানান তিনি।এ ঘটনায় ব্যাংকের নৈশ প্রহরী জহুরুল ইসলাম (৩৫) ও ব্যাংকের নিচে ফৌজিয়া মার্কেটের অপর নৈশপ্রহরী হারুনুর রশিদকে (৩২) জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।জহুরুল ইসলামের দাবি, গতকাল রাত সাড়ে আটটায় বাসায় যান তিনি। রাতে তিনি ব্যাংকে ছিলেন না। আজ সকালে ব্যাংকে এসে ভোল্ট ভাঙা অবস্থায় দেখে তিনি ব্যাংক ব্যবস্থাপককে মুঠোফোনে খবর দেন।ঘটনার সত্যতা নিশ্চিত করে জয়পুরহাট পুলিশ সুপার হামিদুল আলম প্রথম আলো ডটকমকে জানান, ব্যাংকের ভোল্ট থেকে টাকা লুটের ঘটনাটি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। সংশ্লিষ্ট ব্যাংকের কোনো কর্মকর্তা-কর্মচারী জড়িত আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। এ ব্যাপারে থানায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি।