ব্যাকটেরিয়া বিদ্যুৎ!
কাদামাটি ও সমুদ্রজলের সঙ্গে মিশে ব্যাকটেরিয়ারা এক ধরনের বৈদ্যুতিক নেটওয়ার্ক তৈরি করে। এই নেটওয়ার্কের সাহায্যে তারা পারস্পরিক যোগাযোগ রক্ষা করে। এবং সমুদ্রজল ও কাদামাটিতে থাকা ব্যাকটেরিয়া দিয়ে বৈদ্যুতিক বাল্ব ও ক্যালকুলেটর চালানো সম্ভব। বিজ্ঞান সাময়িকী নেচার-এ প্রকাশিত এক গবেষণা প্রবন্ধে ডেনমার্কের আরহাস বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী লার্স পিটার ও তাঁর গবেষক দল এমনটাই বলেছেন।বিদ্যুৎবিহীন বিশ্ব আজ কল্পনায়ও অসম্ভব। তবে চাহিদা যত, সঞ্চিত বিদ্যুতের পরিমাণ তার চেয়ে কম। ফলে বাড়ছে বিদ্যুৎসংকট। তবে বিকল্প বিদ্যুতের গবেষণায় ব্যাকটেরিয়া থেকে বিদ্যুৎ উৎপাদন কৌতূহলকে আরও বাড়িয়ে তুলেছে।৪০০ কোটি বছর আগে পৃথিবীতে প্রাণের সৃষ্টি ব্যাকটেরিয়া থেকেই। ব্যাকটেরিয়া হলো প্রোক্যারিওটিক কোষ; অর্থাৎ এদের কোষে সুগঠিত নিউক্লিয়াস থাকে না। একটি ব্যাকটেরিয়াম (বহুবচনে ব্যাকটেরিয়া) দৈর্ঘ্যে এক সেন্টিমিটারের ১০ হাজার ভাগের এক ভাগ মাত্র। এক মিলিলিটার সমুদ্রজলে ১০ লাখ ব্যাকটেরিয়া থাকে। আর এক গ্রাম কাদামাটিতে ব্যাকটেরিয়ার সংখ্যা চার কোটি। সমুদ্রজলের নিচে জলজ ফলে থাকা চিনিকে (ফ্রুকটোজ) বিদ্যুতে রূপান্তর করতে সক্ষম এসব ব্যাকটেরিয়া। বিজ্ঞানীরা বলছেন, এক কাপ চিনি থেকে যে বিদ্যুৎ পাওয়া যাবে, তা দিয়ে ৬০ ওয়াটের বাল্ব জ্বলবে ১৭ ঘণ্টা; অথবা একটি ক্যালকুলেটর চলবে ২৫ দিন ধরে। বিশেষ প্রজাতির ব্যাকটেরিয়ার ওপর গবেষণা চালিয়ে বিজ্ঞানীরা দেখেছেন, সমুদ্রতলের উপরিতলের ব্যাকটেরিয়া অক্সিজেন ছাড়ে আর নিচের দিকে কাদামাটিতে থাকা ব্যাকটেরিয়া জৈব পদার্থ যেমন—ফলদ চিনি ফ্রুকটোজ নিঃসরণ করে। ফ্রুকটোজ যখন ওপরের দিকে আসে, তখন অক্সিজেনের সঙ্গে প্রতিক্রিয়া করে। যখন অক্সিজেনকে (সমুদ্রজলের উপরিতলের) বিশেষ উপায়ে অপসারণ করা হয়, তখন দেখা যায় নিচের স্তরে খাদ্য তৈরিতেও ঘণ্টাখানেক সময় বেশি লাগছে। অর্থাৎ সমুদ্রজলের দুই স্তরের ব্যাকটেরিয়ার মধ্যে বৈদ্যুতিক বন্ধন আছে। এবং এর মাধ্যমে দুই সেন্টিমিটার পর্যন্ত পারস্পরিক যোগাযোগ রক্ষা করে ব্যাকটেরিয়ারা। দূরত্বটা অনেক কম মনে হলে কি হবে, এটি একটি ব্যাকটেরিয়ার দৈহিক আকারের চেয়ে ২০ হাজার গুণ বড়। জাহাঙ্গীর আলমবিবিসি নিউজ অবলম্বনে