সহযোগী অধ্যাপকঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ, ঢাকাএসএসসি পরীক্ষার্থীরা, শুভেচ্ছা রইল। আগামী ১১ ফেব্রুয়ারি থেকে পরীক্ষা শুরু হবে। বাংলা ২য় পত্রে জেনে নাও ভালো নম্বর পাওয়ার প্রয়োজনীয় তথ্য।বাংলা ২য় পত্রে এ+ পাওয়ার জন্য ব্যাকরণ অংশটি খুবই গুরুত্বপূর্ণ। কারণ ব্যাকরণ অংশ থেকে নৈর্ব্যক্তিক প্রশ্ন আসে। এ ক্ষেত্রে ৪০ নম্বরের মধ্যে ৪০ নম্বরই পাওয়ার চেষ্টা করতে হবে। এ জন্য বাংলা ভাষার ব্যাকরণ বইটি মনোযোগসহকারে পড়তে হবে। একটা কথা মনে রাখতে হবে, পাঠ্যসূচির যেকোনো অংশ থেকেই নৈর্ব্যক্তিক প্রশ্ন আসতে পারে। প্রতিটি অধ্যায়ের সম্পূর্ণ অংশ ভালো করে পড়া না থাকলে অনুমানের ওপর নির্ভর করে সঠিক উত্তর দেওয়া সম্ভব নয়। আবার ব্যাকরণ অংশটি থেকে মুখস্থ করেও ভালো করা যাবে না। এ ক্ষেত্রে বিভিন্ন অধ্যায় ভাগ করে নিয়ে কোন অংশে কোন বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে, সেটি বুঝে পড়বে। প্রথম অধ্যায়ের প্রথম ও দ্বিতীয় পরিচ্ছেদের ভাষা, বাংলা ব্যাকরণ ও এর আলোচ্য বিষয় খুব মনোযোগ দিয়ে কয়েকবার পড়ে নিয়ে প্রয়োজনীয় অংশগুলো মার্কার দিয়ে চিহ্নিত করে রাখবে এবং বারবার রিভিশন দেবে। দ্বিতীয় অধ্যায়ের দ্বিতীয় পরিচ্ছেদের ‘ধ্বনির পরিবর্তন’ এবং চতুর্থ পরিচ্ছেদে ‘সন্ধি’ অংশটি তুলনামূলকভাবে কঠিন, সে জন্য একটু বুঝে পড়তে হবে। তৃতীয় অধ্যায়ের ষষ্ঠ পরিচ্ছেদে ‘সমাস’, অষ্টম পরিচ্ছেদে ‘ধাতু’, নবম ও দশম পরিচ্ছেদে ‘প্রত্যয়’ খুব যত্নসহকারে বুঝে বুঝে পড়তে হবে এবং মার্কার দিয়ে চিহ্নিত করে বারবার রিভিশন দিতে হবে। চতুর্থ অধ্যায়ের সপ্তম পরিচ্ছেদের ‘কারক ও বিভক্তি’, পঞ্চম অধ্যায়ের প্রথম পরিচ্ছেদের ‘বাক্য প্রকরণ’, তৃতীয় ও চতুর্থ পরিচ্ছেদের ‘উক্তি পরিবর্তন’ এবং ‘বাচ্য পরিবর্তন’ অংশটিও গুরুত্ব দিয়ে পড়তে হবে। এ ছাড়া পত্র ও অনুবাদ অংশ থেকে যে ১০ নম্বরের নৈর্ব্যক্তিক প্রশ্ন আসে, সেটি অনেক সহজ, একটু চেষ্টা করলেই ১০ নম্বর পাওয়া যায়। মনে রাখতে হবে, বাংলা ২য় পত্রের নৈর্ব্যক্তিক অংশের ৫০ নম্বরের মধ্যে ব্যাকরণ অংশটি অধিক গুরুত্ব দিয়ে পড়তে হবে।বাংলা ২য় পত্রে এ+ পাওয়ার জন্য রচনামূলক অংশের ভূমিকাও কোনো অংশে কম নয়। রচনামূলক অংশে সাধারণত গতানুগতিক ধারার প্রশ্নই হয়ে থাকে। অনুবাদ, সারাংশ/সারমর্ম, পত্র বা দরখাস্ত, ভাবসম্প্রসারণ ও রচনা মিলে মোট পাঁচটি প্রশ্নের উত্তর লিখতে হয়।অনুবাদঅনুবাদ করার সময় প্রশ্নপত্র থেকে ইংরেজি অংশটি কমপক্ষে তিনবার পড়ে নেবে। প্রদত্ত অংশটির মূল ভাবটি বুঝে নিয়ে সহজ-সরল-প্রাঞ্জল ভাষায় অনুবাদ করবে। মাত্র চার-পাঁচ চরণের ছোট্ট অনুবাদে কাটাকাটি না করাই ভালো।সারাংশ বা সারমর্মসারাংশ বা সারমর্মের জন্য নির্ধারিত অংশ দু-তিনবার পড়ে নিয়ে মূল ভাবটি সংক্ষেপে তিন-চার চরণের মধ্যে লিখে শেষ করতে হবে।ভাবসম্প্রসারণভাবসম্প্রসারণ অধিকাংশ ক্ষেত্রেই কমন পড়ে, না পড়লেও ভয় পাওয়ার কিছু নেই। তিনটি প্যারা মাথায় রেখে লিখলেই চলবে। প্রথম প্যারায় উদ্ধৃতাংশটির মূল ভাব দুটি চরণে লিখবে, পরে বিশ্লেষণ এবং শেষে মন্তব্য রাখবে। শিরোনাম লেখার প্রয়োজন নেই।পত্র বা দরখাস্তপত্র বা দরখাস্তের তিনটি প্রশ্ন থাকে, পরীক্ষার্থীরা নিজ নিজ পছন্দ অনুযায়ী উত্তর লিখতে পারে। তবে নিয়মকানুনের ব্যাপারে সতর্ক হতে হবে। নিজ প্রতিষ্ঠানের কাছে লেখা দরখাস্ত ছাড়া অন্য সব পত্রে খাম দিতে হবে।প্রবন্ধ/রচনাপ্রশ্নপত্রে পাঁচটি প্রবন্ধ/রচনা উল্লেখ থাকে। যেকোনো একটি লিখতে হয়। কয়েক বছরের ঢাকা বোর্ডের প্রশ্ন দেখে সাজেশন তৈরি করে ১৫-২০টি রচনা পড়লেই কমন পড়তে পারে। প্রবন্ধ/রচনা যথাসম্ভব তথ্যসমৃদ্ধ, উদ্ধৃতিবহুল এবং আয়তনে দীর্ঘ হলে ভালো নম্বর পেতে সাহায্য করবে। প্রবন্ধ/রচনার ক্ষেত্রে শিরোনাম ব্যবহার করা যাবে।পরীক্ষার হলে গিয়ে প্রশ্নপত্রটি দুবার পড়ে নিয়ে সচেতনভাবে উত্তর লেখা শুরু করবে। লেখা শেষ করে দুবার রিভিশন দেবে। রচনামূলক অংশের উত্তর লেখার সময় নিচের বিষয়গুলোর প্রতি বিশেষভাবে লক্ষ রাখতে হবে। ১. উত্তরটি প্রাসঙ্গিক ও যথাযথ হওয়া ২. উত্তরের ভূমিকা ও উপসংহার আকর্ষণীয় হওয়া ৩. প্রয়োজনীয় উদ্ধৃতি ব্যবহারে উত্তরটি তথ্যসমৃদ্ধ করে তুলতে হবে ৪. বানানের প্রতি সতর্ক হতে হবে ৫. হাতের লেখা সুন্দর ও পরিচ্ছন্ন হওয়া ৬. উত্তরটি সহজ ও প্রাঞ্জল ভাষায় লেখা উচিত।