প্রিয় শিক্ষার্থী, এই প্রথম তোমরা জীবনের সবচেয়ে বড় পাবলিক পরীক্ষা এসএসসি পরীক্ষায় অংশ নিতে যাচ্ছ। মনে রাখবে, যার প্রস্তুতি যত ভালো, তার পরীক্ষা ও ফলাফল তত ভালো হবে। আর ভালো করার পূর্বশর্ত হচ্ছে, পরীক্ষার খাতায় ভালোভাবে উপস্থাপন। ভালো উপস্থাপন বলতে খাতা পরিচ্ছন্ন, নির্ভুল, মানসম্মত এবং উত্তর যথাযথ হওয়াকে বোঝায়। বাংলা ২য় পত্র বিষয়ের অনুশীলনপ্রক্রিয়া কেমন হতে হবে, তা জেনে নিই। এ বিষয়ে অনুশীলনের জন্য আমরা কয়েকটি ধাপ চিহ্নিত করতে পারি। প্রথমত, প্রশ্নপত্র পাওয়ামাত্রই পুরো প্রশ্ন (রচনামূলক) ভালোভাবে পড়বে। অতঃপর যে প্রশ্নের উত্তর সবচেয়ে ভালো পারো, তা লিখবে। বাংলা ২য় পত্রের ১০০ নম্বর পরীক্ষার ৫০ নম্বর নৈর্ব্যক্তিক ও ৫০ নম্বর রচনামূলক অংশ। নৈর্ব্যক্তিক অংশের দুটো ভাগ রয়েছে। যথা: ব্যাকরণ অংশ ও বিরচন অংশ।উল্লেখ্য, ৫০ নম্বরের নৈর্ব্যক্তিক অংশে ভালো করতে হলে মুনীর চৌধুরী ও মোফাজ্জল হায়দার চৌধুরী রচিত নবম ও দশম শ্রেণীর বাংলা ভাষার ব্যাকরণ (বোর্ড-বই হিসেবে পরিচিত) বইটি ভালোভাবে অধ্যায়, পরিচ্ছেদ ও পাঠভিত্তিক আয়ত্তে রাখতে হবে। বিশেষ করে, প্রতিটি অধ্যায়ের গুরুত্বপূর্ণ ও তথ্যবহুল বাক্যগুলো মনে রাখতে হবে। রচনামূলক অংশের ৫০ নম্বরে রয়েছে—ইংরেজি থেকে বাংলায় অনুবাদ, পত্রলিখন, সারাংশ ও সারমর্ম, ভাবসম্প্রসারণ এবং প্রবন্ধ রচনা। এ অংশে ভালো করতে হলে ব্যাপক অনুশীলন ও পড়াশোনার কোনো বিকল্প নেই। অনুবাদ: অনুবাদ একটি সৃজনশীল কর্ম। সহজ, সরল ও প্রাঞ্জল ভাষায় ছোট ছোট বাক্যে বস্তুনিষ্ঠতা বজায় রেখে ভাবানুবাদ করতে হবে। অনুবাদে ভালো করতে হলে অনুবাদের উদ্ধৃত বিষয়টি বারবার পড়বে। বাক্যের ভাবের প্রতি লক্ষ রাখবে। ভাষার সৌন্দর্য ও রস অক্ষুণ্ন রেখে অনুবাদ করবে। মূল ক্রিয়ার যে কাল থাকবে, অনুবাদেও তা থাকবে। There, it, this, is, am, are ইত্যাদি ইংরেজি শব্দের বাংলা লিখবে না। পত্রলিখন: ‘পত্র’ শব্দের আভিধানিক অর্থ ‘চিহ্ন’ বা ‘স্মারক’। কিন্তু বর্তমানে আমরা যোগাযোগের ক্ষেত্রে ‘পত্র’ শব্দটি চিঠি অর্থে ব্যবহার করি। এই অংশে ভালো করতে হলে যে বিষয়গুলোর প্রতি লক্ষ রাখতে হবে তা হলো: সহজ, সরল ও বিষয়ভিত্তিক ভাষায় পত্র লিখবে। পত্র হবে সংক্ষিপ্ত, অথচ স্বয়ংসম্পূর্ণ। প্রকাশভঙ্গি হবে আকর্ষণীয় এবং আধুনিক। পত্র লেখার কাঠামোগত পদ্ধতি মেনে চলবে। ভাষা প্রয়োগে শুদ্ধতা রক্ষা করবে। সারাংশ বা সারমর্ম: সারাংশ বা সারমর্ম লেখার বিশেষ কৌশল বা পদ্ধতি সম্পর্কে জানা প্রত্যেক শিক্ষার্থীর জন্য অপরিহার্য। এ অংশে ভালো করতে হলে প্রথমে নির্ধারিত মূল অংশটি বারবার পড়ে মূল ভাবটি খুঁজে নেবে। সারাংশ বা সারমর্ম সহজ, সরল ও সাবলীল ভাষায় স্বল্প অবয়বে, স্পষ্ট বক্তব্যে লিখবে। বক্তব্যে ছন্দ, উপমা, রূপক, অলংকার, উদ্ধৃতি বর্জন করবে। আকারের সুনির্দিষ্টতা না থাকলেও মূল অংশের তিন ভাগের এক ভাগ হলে যথোপযুক্ত হবে। ভাবসম্প্রসারণ: চিন্তাশীল কবি-সাহিত্যিকদের কোনো কোনো উক্তির মধ্যে গভীর ভাব নিহিত থাকে। এসব ভাবের অন্তর্নিহিত ও প্রচ্ছন্ন তাৎপর্যকে সহজ ও সাবলীলভাবে ব্যাখ্যা-বিশ্লেষণের মাধ্যমে ফুটিয়ে তোলাই ভাবসম্প্রসারণ। এ ক্ষেত্রে ভালো করতে হলে প্রথমে ভালোভাবে পড়ে মূল ভাবটি উদ্ঘাটন করবে। যুক্তিতর্কের মাধ্যমে ভাবটি বিশ্লেষণ করবে। প্রাসঙ্গিক উদাহরণ বা উপমা দেবে। ভাষা সহজ ও সরল হবে, তবে কোনো কথার পুনরাবৃত্তি করবে না। আয়তনের মাপকাঠি না থাকলেও ভাবটি সম্প্রসারিত হওয়ামাত্রই শেষ করবে। প্রবন্ধ: সাধারণ কল্পনা ও বুদ্ধিবৃত্তিকে আশ্রয় করে কোনো বিষয়বস্তু সম্বন্ধে যে আত্মসচেতন নাতিদীর্ঘ সাহিত্যরূপ সৃষ্টি করা হয়, তা-ই প্রবন্ধ। বিবৃতিমূলক প্রবন্ধ, বর্ণনা বা তথ্যপ্রধান প্রবন্ধ, তত্ত্ব বিচার বা ভাবনা-আশ্রিত প্রবন্ধ ও সমালোচনা বা ব্যাখ্যামূলক প্রবন্ধ থাকলেও বিবৃতি অথবা তথ্যপ্রধান প্রবন্ধ লেখার জন্য সিলেকশন করাই ভালো। এ ক্ষেত্রে ভালো করতে হলে একেকটি ভাব একেকটি অনুচ্ছেদে লিখবে এবং প্রতিটি অনুচ্ছেদ যেন সংগতিপূর্ণ হয়। আলোচ্য বিষয়ের সঙ্গে সম্পর্ক নেই—এমন বিষয়ের অবতারণা করবে না। যত কম কথায় ভাব প্রকাশ করা যায়, রচনার শৈলী ততই সুন্দর হবে। বিষয়বস্তুর ওপর রচনার নাম নির্ভর করে, তাই বিষয় নির্বাচন সুষ্ঠু হওয়া চাই।