সিনিয়র শিক্ষক, মণিপুর উচ্চবিদ্যালয় ও কলেজ, ঢাকাপ্রিয় ছাত্রছাত্রীরা, শুভেচ্ছা নিয়ো। বাংলা দ্বিতীয় পত্র নিয়ে কিছু কথা বলব। পরীক্ষকের সামনে তোমার প্রতিনিধিত্ব করবে উত্তরপত্র। হাতের লেখা স্পষ্ট ও পরিচ্ছন্ন হতে হবে। তোমরা মনে রাখবে, পরীক্ষায় ভালো নম্বর পাওয়ার উপায় হাতের লেখা পরিচ্ছন্ন হওয়া। পরীক্ষক তোমার উত্তরপত্র খোলামাত্র আগাম ঘোষণা করবেন, তোমারই লেখা। জটিল, দুর্বোধ্য ও অপাঠ্য লেখা পরীক্ষক পড়তে চান না। উত্তর অবশ্যই করে লিখবে। বানান ভুলের কারণে অনেকের নম্বর কমে যেতে পারে। পড়ার সময় মনোযোগসহকারে বানানের দিকে নজর দেবে। সাধু-চলিতের মিশ্রণ দূষণীয়। যেকোনো বর্ণনামূলক রচনায় এ ব্যাপারটি অবশ্যই খেয়াল রাখবে। নোট, গাইডের উত্তরপত্রে এ ধরনের ভুলের মাত্রা বেশি দেখা যায়। অতএব সাবধান, উত্তরপত্র জমা দেওয়ার আগে অবশ্যই রিভিশন দেবে। ভুল উত্তর দেওয়া এবং অপ্রাসঙ্গিক উত্তর পরিহার করতে হবে। তোমাকে যে প্রশ্নটি করা হয়েছে, তা পাশ কাটিয়ে অন্য উত্তর দেওয়া যাবে না। ভাবসম্প্রসারণ, সারাংশ ও রচনায় অপ্রাসঙ্গিক উত্তরের অবতারণা করলে মান কমে যায়। তুমি মনে করতে পারো, যত বেশি লেখা যাবে, তত বেশি নম্বর পাবে—আসলে তা ঠিক নয়। বেশি লিখতে গেলেই অপ্রাসঙ্গিক বিষয় এসে যাবে। তাই এ বিষয়ে সচেতন থাকবে। খাতায় (উত্তরপত্র) মার্জিন দেওয়া, ওভাররাইটিং ও কাটাকাটি পরিহার করা, খুব ঘন করে লেখা, একটি প্রশ্ন শেষ হলে নিকট দূরত্বে কোনো ফাঁকা না রেখে আরেকটি উত্তর শুরু করা এবং বড় বড় অক্ষরে পৃষ্ঠা ভরানোর উদ্দেশ্যে ফাঁকা ফাঁকা করে লেখা বর্জন করবে। এতক্ষণ ভুলের রাজ্যে কীভাবে শুদ্ধ হওয়া যায়, তা আলোচনা করলাম। এখন তোমরা কীভাবে বিষয়গুলো শিখবে ও লিখবে, তা নিয়ে কিছু কথা বলব।তোমাদের জন্য বোর্ডের যে পাঠ্য বই নির্ধারিত, সেটাই পড়বে। নৈর্ব্যক্তিক হলো বেশি নম্বর পাওয়ার সিঁড়ি। কঠিন দেখে কেউ এগুলো চর্চা করে না। পাঠ্যপুস্তকে রঙিন কলম দিয়ে সম্ভাব্য নৈব্যক্তিকগুলো দাগ দেবে। বিভিন্ন পরিচ্ছেদ পরস্পর আলোচনা করবে। অনুশীলন হলো নৈর্ব্যক্তিক শিক্ষার ভিত্তি। যত চর্চা করবে, তত মগজে ধারণ করবে।রচনামূলক অংশের বড় জায়গাজুড়ে আছে প্রবন্ধ ও রচনা। বিভিন্ন বিষয়ের ওপর একটি সম্ভাব্য রচনার তালিকা করবে। প্রয়োজনীয় কোটেশন ও কবিতার লাইন সংযোজন করবে। রচনা সম্ভার বইটিকে অবশ্যই মূল ভিত্তি হিসেবে ধরে নিয়ে কিছু প্রাসঙ্গিক আলোচনা অন্য রচনার বই থেকে সংগ্রহ করবে। ভাবসম্প্রসারণ তিন প্যারায় অবশ্যই লিখতে হবে। প্যারার নাম উল্লেখ না করাই ভালো। মূল ভাবকে নিজের ভাষায় ব্যাখ্যা দেবে। ইংরেজি কোটেশন ও প্রবাদ-প্রবচন ব্যবহার করবে না। সারাংশ বা সারমর্ম বারবার পড়বে। সহজ, সরল ও প্রাঞ্জল ভাষায় লিখবে। উদাহরণ, দৃষ্টান্ত, উপমা বর্জন করবে। মূলের কথাগুলো সরাসরি লিখবে না।চিঠিপত্র পুরোনো ও আধুনিক যেকোনো নিয়মেই লেখা যায়, তবে তোমাদের রচনা সম্ভার বইটি অনুসরণ করবে। ব্যক্তিগত, আবেদনপত্র ও সংবাদপত্রে প্রকাশের পত্র—এ তিনটি নিয়ম অবশ্যই মনে রাখবে। অনুবাদ তোমাদের রচনা সম্ভার বইয়ে যে কটি আছে, এগুলোই যথেষ্ট। বারবার পড়া, শব্দগুলোর অর্থ বোঝা, শিল্পসম্মত প্রকাশ অনুবাদের সহায়ক। উত্তরপত্রের মধ্যে সাইন পেন বা পেনসিল ইত্যাদি দিয়ে মার্জিন টেনে নিতে হবে। সময়ের যতই অভাব থাক, তা সম্ভব না হলে ডান, বাম ও ওপরের দিকে এক ইঞ্চি পরিমাণ ভাঁজ অবশ্যই করে নিতে হবে। শুরুতে যেন কোনো কাটাকাটি বা ওভাররাইটিং না হয়। পরিমাণমতো দূরত্ব রেখে উত্তরগুলো সুন্দর করে সাজিয়ে লিখবে।