ব্যাগের ভেতর প্রাণ হারাল বানর, আটক ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বানরটি বিক্রি করতে চেয়েছিলেন ওঁরা দুজন। সে জন্য পাটের ব্যাগে ঢুকিয়ে ব্যাগের মুখ বেঁধে ফেলেন তাঁরা। এ অবস্থায় সারা দিন ঘুরে বেড়ান বানরটি বিক্রির আশায়। কিন্তু বিক্রি তো দূরের কথা, বানরটি মরে যাওয়ায় আটক হতে হলো ওই দুজনকে। গতকাল মঙ্গলবার রাতে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে এ ঘটনা ঘটে।গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন জেলার কমলগঞ্জ উপজেলার রামেশ্বরপুর গ্রামের মুহিত মিয়া (৩৫) এবং একই উপজেলার হরিচরণ গ্রামের জনাই শব্দকর (৩৪)।শ্রীমঙ্গলে বন বিভাগের বন্য প্রাণী ও প্রকৃতি সংরক্ষণ শাখার মৌলভীবাজার রেঞ্জ কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, মুহিত ও জনাই নামের দুই যুবক সিংহ গোত্রের বানরটি ব্যাগে নিয়ে বিভিন্ন স্থানে ঘুরে বেড়ান বিক্রির জন্য। কিন্তু কোথাও বিক্রি করতে না পেরে রাত নয়টার দিকে শ্রীমঙ্গলে রামকৃষ্ণ মিশন সড়কে বন্য প্রাণী সেবা ফাউন্ডেশনের চেয়ারম্যান সিতেশ রঞ্জন দেবের কাছে নিয়ে যান। সেখানে ব্যাগের মুখ খোলার পর বানরটিকে মৃত অবস্থায় পাওয়া যায়। সিতেশ দেব বন বিভাগের লোকজনকে খবর দিয়ে যুবকদের মৃত বানরসহ বন কর্মকর্তাদের হাতে তুলে দেন। তাঁরা যুবকদের আটক করে রাতে শ্রীমঙ্গল থানাহাজতে রাখেন।রাতে শ্রীমঙ্গল থানাহাজতে মুহিত ও জনাই বলেন, কমলগঞ্জের হরিচরণ গ্রামের বশির মিয়া বানরটিকে একটি ব্যাগে ঢুকিয়ে বিক্রি করার জন্য তাঁদের কাছে দিয়েছিলেন।রেঞ্জ কর্মকর্তা এ কে এম আজহারুল ইসলাম আজ সকালে প্রথম আলোকে বলেন, শ্রীমঙ্গল পশু হাসপাতালে বানরটির ময়নাতদন্ত করা হয়েছে। বানরটি শ্বাসরোধে মারা গেছে। আটক হওয়া দুই যুবকের বিরুদ্ধে ১৯৭৪ সালের বন আইনের সংশ্লিষ্ট ধারায় বন্য প্রাণী হত্যার অভিযোগে আদালতে মামলা করা হচ্ছে।