ব্যাঙের ছাতার মতো ক্লিনিক ব্যবসা
শিক্ষা, সংস্কৃতি ও ক্রীড়ার পাদপীঠ নড়াইলে গেল ঐতিহ্যবাহী সুলতান মেলা দেখার জন্য রাজশাহী থেকে কয়েকজন চারুশিল্পী আসেন। কিন্তু ওই শিল্পীরা শহরের বিভিন্ন প্রান্ত ঘুরে শিক্ষা-সাংস্কৃতির তেমন কোনো দিক দেখতে না পেলেও তাঁদের নজরে এসেছে নড়াইল শহরের অসংখ্য ক্লিনিকের চিত্র। এত ক্লিনিক দেখে রীতিমতো চমকে গেলেন ওই শিল্পীরা। তাঁদের প্রশ্ন, কেন এত ক্লিনিক? এ প্রশ্নের জবাব খুঁজতে গিয়ে বেরিয়ে এসেছে নানা দুর্নীতি ও অনিয়মের চিত্র। জানা যায়, ব্রিটিশ আমলের মহকুমার পর ১৯৮৪ সালে বৃহত্তর যশোর জেলা ভেঙে নড়াইল জেলা হিসেবে আত্মপ্রকাশ করে। সে সময় বর্তমান সদর হাসপাতালসহ নামে মাত্র দু-একটি সরকারি ছোটখাটো স্বাস্থ্য ক্লিনিক ছিল। কালের আবর্তে স্বাধীনতার ৩৮ বছরের মধ্যে চার কিলোমিটার দীর্ঘ জেলা শহর ছাড়াও উপজেলা শহরগুলোয় গজিয়ে উঠেছে অন্তত অর্ধশত ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার। এসব ক্লিনিকে মানসম্মত চিকিৎসাসেবা পাওয়া তো দূরের কথা, সুস্থ রোগীও অসুস্থ হওয়ার উপক্রম হয়ে পড়েছে। বিভিন্ন কারণে বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময় বেশির ভাগ ক্লিনিক বন্ধ করে দেওয়া হয়। ক্লিনিক ব্যবসা সচল রাখতে একশ্রেণীর ব্যবসায়ী দালাল নিয়োগ করে হাসপাতালগুলো থেকে রোগী ভাগিয়ে আনার চেষ্টা করে। বেশির ভাগ ক্লিনিকে স্থায়ীভাবে কোনো চিকিৎসক, অপারেশন থিয়েটারসহ প্রয়োজনীয় আসবাবপত্র এবং সরকারের অনুমতি নেই।