বোলারদের কাজ তারা করে দিয়েছে, এখন ব্যাটসম্যানদের পালা। ব্যাটসম্যানরা অর্পিত দায়িত্ব ঠিকমতো পালন করলেই এশিয়া কাপ আমাদের।ফাইনাল যে উইকেটে অনুষ্ঠিত হচ্ছে, সেটাতেই ভারত ও পাকিস্তানের খেলাটি অনুষ্ঠিত হয়েছিল, যাতে পাকিস্তানের ৩২৯ রান তাড়া করে ম্যাচ জিতেছিল ভারত। তবে আজ আমার কাছে এই উইকেটটি কিছুটা ধীরগতির মনে হচ্ছে। ব্যাটিংয়ে নেমে বাংলাদেশি ব্যাটসম্যানদের একটু দেখে-শুনে খেলতে হবে।বাংলাদেশ ভালো বোলিং করলেও শেষদিকে রানটা একটু মনে হয় বেশি হয়ে গেছে। নাজমুলের ওভার বাকি থাকতেও শেষ ওভারটি মুশফিকুর রহিম কেন শাহাদাতের হাতে তুলে দিল, বুঝতে পারলাম না। শেষ ওভারটি যথেষ্ট এলোমেলো করল শাহাদাত।পাকিস্তানের বোলিং যথেষ্ট শক্তিশালী। দলটিতে রয়েছে হাফিজ ও সাঈদ আজমলের মতো দুজন দুর্দান্ত অফ স্পিনার। উমর গুলের মতো পেসার, আইজাজ চিমার মতো কার্যকর বোলার। আফ্রিদির কথাও ভুলে গেলে চলবে না। সবাই জানে, বল হাতে কতটা কী করতে পারে তারা। সুতরাং ধৈর্য ও ঠান্ডা মাথার কোনো বিকল্প নেই।বাংলাদেশের ব্যাটসম্যানরা এই মুহূর্তে ভালো ফর্মে আছে। বিশেষ করে তামিম, সাকিব ও নাসির দুর্দান্ত ফর্মে। এই ফর্মের ধারাবাহিকতা আজ বজায় রাখতে পারলেই কোনো চিন্তা নেই। নাজিমউদ্দিন ও জহুরুলের ওপরও অনেক ভরসা। উইকেট হাতে রেখে রান তাড়া করার ব্যাপারটিও খুব গুরুত্বপূর্ণ। প্রথমদিকে উইকেটের পতন ঠেকাতে হবে। উইকেট দ্রুত পড়ে গেলে কিন্তু সমস্যা হতে পারে।বাংলাদেশের ব্যাটসম্যানদের আমার ওপর পূর্ণ ভরসা আছে। আমি মনে করি, পাকিস্তানের ২৩৬ রান তাড়া করার পথে তারা যথেষ্ট বিচক্ষণতার পরিচয় দেবে এবং গোটা জাতিকে এশিয়া কাপ উপহার দিয়ে আনন্দে ভাসাবে।