ব্যাটারি চার্জ!
১১ ফেব্রুয়ারি রাত সাড়ে ১০টার দিকে যখন ল্যাব থেকে ফিরলাম, তখন আমি পুরোপুরি বিধ্বস্ত। দাঁড়ানো অবস্থায়ই ঘুমিয়ে যাব—এই অবস্থা। তার পরও প্রথম আলো অনলাইনে ঢুকলাম। প্লে চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে ভেসে এল, ‘মা গো, ভাবনা কেন...’। আমার মস্তিষ্কের অর্ধেক নিউরন যেন জেগে উঠল। তারপর পাঁচ মিনিটের মাথায় সব ক্লান্তি আমাকে বিদায় জানাল। হ্যাঁ, সে সময় আমি বুঝলাম, জাফর ইকবাল স্যার প্রতিবার ডাচ্-বাংলা ব্যাংক-প্রথম আলো গণিত উৎসবে গিয়ে যে বলেন, সেখানে গিয়ে তাঁর ব্যাটারি চার্জ হয়—এটা একটুও বাড়িয়ে বলেন না। আমি যদি প্রায় আট হাজার মাইল দূর থেকে গণিত অলিম্পিয়াডের ওয়েবকাস্ট দেখে সারা দিনের শক্তি পুনরুদ্ধার করতে পারি, সামনাসামনি দেখলে তো ব্যাটারি এক বছরের জন্য চার্জ হওয়ারই কথা!২০০৭ সাল থেকে গণিত অলিম্পিয়াডের সঙ্গে আমার স্বপ্ন দেখা শুরু। তার পর থেকে বছরে মোটামুটি ছয় মাসই আমি গণিত অলিম্পিয়াডের সঙ্গে যুক্ত চমৎকার সব মানুষের সঙ্গে থাকতাম। এ বছর ব্যতিক্রম হয়ে গেল; গণিত উৎসবে যেতে পারছি না। কোনোভাবে অংশ নিতে পারছি না—এই দুঃখ আম্মু-আব্বুর সঙ্গে ঈদ না করতে পারার দুঃখের চেয়ে কোনো অংশে কম ছিল না। তাই যখন মুনির হাসান স্যার ঘোষণা দিলেন, এবারের উৎসব লাইভ ওয়েবকাস্ট হবে, আমার আনন্দ দেখে কে!তো, সময়মতো প্রথম আলো অনলাইনে উৎসব দেখতে বসলাম। মনে হচ্ছিল, আমি আবার ক্লাস টেনের ওই পিচ্চি মেয়েটা, যে ভয়ে ভয়ে প্রথমবার গণিত উৎসবে এসেছিল। মুনির স্যার যখন বলছিলেন, টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত তালির শব্দ পৌঁছাতে হবে, আমি মহা উৎসাহে আমার ডর্মে বসে তালি দিচ্ছিলাম। আমার লাফালাফি দেখে আমার রুমমেটরাও উৎসব দেখতে বসল। ওরা তো অবাক, বাংলাদেশে গণিত নিয়ে উৎসব হয়! আমি বুক চিতিয়ে বললাম, ‘হ্যাঁ, হয়। আর আমি ওই পরিবারেরই একজন!’ওয়েবকাস্টের পুরো সময় আমি যেন সেন্ট যোসেফের ওই চিরচেনা মাঠেই ছিলাম। নতুন করে মিথ্যা-মুখস্থ-মাদককে না বললাম; প্রতিদিন মাকে অন্তত একবার খুশি করা এবং দেশের জন্য সারা জীবনে অন্তত একটি ভালো কাজ করার দীক্ষা নিলাম। দেশের প্রথম রুবিক্স কিউব প্রতিযোগিতা দেখলাম। ঢিপ ঢিপ বুকে পুরস্কার বিতরণী দেখলাম। সবচেয়ে বড় ব্যাপার, দেখলাম আমার খুবই প্রিয় ও পুরোনো কিছু মুখ এবং উজ্জ্বল চোখের অনেক নতুন মুখ। আসলেই আমাদের মায়ের কোনো ভাবনার দরকার নেই। কারণ, গণিত উৎসব থেকে সবাই তো ভালো মানুষ হওয়ার শপথ নিয়েই বাড়ি ফিরবে। প্রথম আলো আর কম্পিউটার জগতকে অনেক ধন্যবাদ, এত দূরে থেকেও অনেক কাছাকাছি থাকার সুযোগটা তৈরি করে দেওয়ার জন্য। আর যারা ‘মন মেলে গণিতের আহ্বান’ শুনতে পেয়েছ, তাদের অনেক ‘গ্লুকয়ুঞ্চ’ (অভিনন্দন)।এমআইটি থেকে