ব্যাটালিয়ন আনসারদের চাকরি স্থায়ী করার সময়সীমা হলো ৯ বছর: প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘ব্যাটালিয়ন আনসারদের চাকরি স্থায়ী করার সময়সীমা ১২ বছর থেকে কমিয়ে নয় বছর করা হয়েছে।’ আজ রোববার গাজীপুরের শফিপুর আনসার একাডেমিতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৩০তম জাতীয় সমাবেশে প্রধানমন্ত্রী আরও বলেন, ‘আমরা গত বছর অঙ্গীভূত আনসারদের ন্যূনতম দৈনিক ভাতা ১১১ দশমিক ৫৪ টাকা থেকে বাড়িয়ে ১৮০ টাকা করার ঘোষণা দিয়েছি, যা ইতিমধ্যে কার্যকর করা হয়েছে। এ ছাড়া আমরা প্রথমবারের মতো কর্মকর্তাদের রেশন প্রদান ও সব কর্মকর্তা-কর্মচারী, ব্যাটালিয়ন আনসার, অঙ্গীভূত আনসার ও মহিলা আনসারদের জন্য পারিবারিক রেশনের ব্যবস্থা করেছি। বর্ধিত রেশন আপনারা ইতিমধ্যেই পেতে শুরু করেছেন।’শেখ হাসিনা সকাল ১০টায় সমাবেশে যোগ দেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক, গাজীপুর-১ আসনের সাংসদ আ ক ম মোজাম্মেল হক, গাজীপুর-২ আসনের সাংসদ জাহিদ আহসান রাসেল প্রমুখ। শুরুতে প্রধানমন্ত্রী আনসারদের প্যারেড পরিদর্শন করেন। আনসার সদস্যদের উদ্দেশে বক্তৃতায় শেখ হাসিনা বলেন, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৫০ লাখেরও বেশি সদস্য গ্রামে-গঞ্জে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে কাজ করে থাকেন, যাঁদের অর্ধেক নারী। ইউনিয়ন পর্যায়ে আনসারের রয়েছে সুসংগঠিত ও প্রশিক্ষণপ্রাপ্ত দল। আনসার বাহিনীর নারী সদস্যরাই প্রথম গ্রামীণ সমাজের অচলায়তন ভেঙে বাইরের দুনিয়ায় পা বাড়িয়েছিলেন। আমাদের দেশের নারীর ক্ষমতায়নের পথিকৃত্ হিসেবে তাঁরা ব্যাপক ভূমিকা রেখেছেন। প্রধানমন্ত্রী বলেন, সারা দেশে আনসারদের প্রায় ১০ হাজারের বেশি ক্লাব ও সমিতি রয়েছে, যেগুলো আনসারদের অর্থনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের কেন্দ্রস্থল। তিনি আশা প্রকাশ করেন, ক্লাব ও সমিতিগুলোকে আরও সক্রিয় করা হবে। সরকার এসব ক্লাব ও সমিতিকে সাহায্য-সহযোগিতা দিয়ে যাবে। তিনি আরও বলেন, ‘আমাদের সরকার সারা দেশে “একটি বাড়ি, একটি খামার” প্রকল্প গ্রহণ করেছে। সারা দেশে প্রতি ইউনিয়নে গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নারী ও পুরুষদের দুটি করে ইউনিট আছে। দুটি ইউনিটে ৩৪ জন করে ৬৮ জন সদস্য আছেন, যাঁরা সুশৃঙ্খল ও প্রশিক্ষিত। একটি বাড়ি, একটি খামার প্রকল্প বাস্তবায়নে আপনারাই হতে পারেন অগ্রণী সৈনিক।’ শেখ হাসিনা বলেন, ‘সদ্যসমাপ্ত এসএ গেমসের মাধ্যমে আপনারা প্রমাণ করেছেন আনসার ও ভিডিপি বাহিনী দেশের জন্য সম্মান বয়ে আনতে পারে। বাংলাদেশ যে ১৮টি স্বর্ণপদক পেয়েছে তার মধ্যে ১১টি এনে দিয়েছে আনসার বাহিনী। এ ছাড়া আপনারা ছয়টি রৌপ্য ও ২৩টি ব্রোঞ্জ পদক এনে দিয়েছেন। এই কৃতিত্বের জন্য আমি কৃতী ক্রীড়াবিদসহ আনসার-ভিডিপি সদস্যদের অভিনন্দন জানাচ্ছি।’সমাবেশে প্রধানমন্ত্রী আনসার সদস্যদের সাহসিকতার জন্য বিভিন্ন পদক প্রদান করেন। পদকপ্রাপ্ত আনসার সদস্যরা হলেন মোজাম্মেল মোল্লা (বাংলাদেশ আনসার পদক), নজরুল ইসলাম খান (আনসার-ভিডিপি পদক), শরিফুদ্দীন (রাষ্ট্রপতি আনসার পদক), নওশাদ আলী (রাষ্ট্রপতি আনসার পদক) ও ইখলাসুর রহমান (রাষ্ট্রপতি আনসার পদক)।