ব্যাটিং নয় লজ্জা!
তাঁরা দুজন মিলে করলেন ৭২ রান। বাকি নয়জন মিলে ৫৩! সেটিও কোন দুজন?দুই নবীনতম। নাজিমউদ্দিনের এখানে টেস্ট অভিষেক। মোহাম্মদ নাসির খেলছেন তৃতীয় টেস্ট। নাজিমের ৩১ আর নাসিরের ৪১ ছাড়া বাংলাদেশের ইনিংসে দুই অঙ্কের স্কোর আর মাত্র একটি। মাহমুদউল্লাহর ১৮ রানটাও যদি ওই দুজনের সঙ্গে যোগ করে নেন, বাকিদের অবদান নেমে আসে ৩৫ রানে! হায় অভিজ্ঞতা!০১৯২৩৪৮৮! তা হঠাৎ বাংলালিংকের নাম্বার কেন? ডিজিটও তো তিনটি বাদ পড়েছে। না, এটি কোনো মোবাইল নম্বর নয়। দুই অঙ্ক ছোঁয়া ওই ত্রয়ী ছাড়া বাকি আট ব্যাটসম্যানের রান!এই টেস্টের আগে অনেক মুলতান-মুলতান হয়েছে। টেস্টের প্রথম দিন একটু রূপ বদলে যেন ফিরে এল সেই মুলতানই। কী ভাবছেন —এই রে, আবার শুরু হলো সেই জাবরকাটা! না, এই মুলতান সেই মুলতান নয়। এখানে আট বছর নয়, ফিরে যেতে হবে ১০ বছর আগে। পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের প্রথম টেস্ট। এশিয়ান টেস্ট চ্যাম্পিয়নশিপের সেই ম্যাচের প্রথম দিনটির সঙ্গে কালকের দিনটির অদ্ভুত মিল!সেখানে টসে জিতে ব্যাটিং করে বাংলাদেশ ১৩৪ রানে অলআউট হয়ে যায়। পাকিস্তান উদ্বোধনী জুটিতেই করে ফেলে এর চেয়ে ৩৪ রান বেশি! এখানে বাংলাদেশ ১৩৪-এর জায়গায় ১৩৫। অবিচ্ছিন্ন পাকিস্তানি উদ্বোধনী জুটির তা ছাড়িয়ে যেতে আর মাত্র ৪ রান চাই।মুলতানের সঙ্গে বাকি সবও মিলে গেলে লজ্জার চূড়ান্ত হবে। পাকিস্তানের ৩ উইকেটে ৫৪৬ রানের ঘোষিত ইনিংসে সেঞ্চুরি ছিল ৫টি! টেস্ট ক্রিকেটে এর আগে যা একবারই হয়েছিল। এর পরে একবারও হয়নি। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ ১৪৮ রানেই শেষ হয়ে যাওয়ায় তৃতীয় দিনেই শেষ ওই মুলতান টেস্ট!বাংলাদেশের ব্যাটসম্যানরা ব্যাটিংয়ের যে নমুনা কাল দেখালেন, তাতে দ্বিতীয় ইনিংসে হাতিঘোড়া কিছু করে ফেলবেন—এমন ভাবলে মানতেই হবে, আপনি খুব আশাবাদী মানুষ। হ্যাঁ, হতেও পারে। জীবনের মতো ক্রিকেটও কোথায় কোন রহস্য লুকিয়ে রেখেছে বলা কঠিন।হ্যাঁ, হতেই পারে। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের ঘুরে দাঁড়ানোর ইতিহাস এই চট্টগ্রামেই বেশি। তবে এ মুহূর্তে বাংলাদেশের ব্যাটসম্যানদের আত্মহননের দৃশ্যগুলো চোখের সামনে এমন নেচে বেড়াচ্ছে যে, ২০০১-এর মুলতানের সঙ্গে ২০১১-এর চট্টগ্রামের মিলে যাওয়ার সম্ভাবনাই বেশি প্রবল বলে মনে হচ্ছে।অথচ লজ্জাজনক ব্যাটিংয়ে বিষণ্ন এমন একটা দিনের শুরুতেই বাংলাদেশ বড় একটা ‘উপহার’ পেয়ে গিয়েছিল। মাঠে আসার আগে মিসবাহ-উল-হক টেলিভিশনে হোবার্ট টেস্টের শুরুটা দেখে এসেছিলেন কি না কে জানে! হোবার্টে টসে জিতে ছয় বছর ও ৬৯ টেস্ট পর প্রতিপক্ষকে প্রথম ব্যাটিং করতে পাঠিয়েছে অস্ট্রেলিয়া। তবে উইকেট-কন্ডিশনে পার্থক্যটা ছিল হোবার্টের সঙ্গে চট্টগ্রামের ভৌগোলিক দূরত্বের মতোই। হোবার্টে সবুজ উইকেট, মাথার ওপরে মেঘলা আকাশ। আর এখানে ঝকঝকে রোদ্দুর। আর উইকেট? অর্ডার দিয়ে উইকেট পাওয়া গেলে ব্যাটসম্যানরা যেমন উইকেট চাইতেন, ঠিক তেমন। ফল কিন্তু একই রকম। হোবার্টে নিউজিল্যান্ড ১৫০ রানে অলআউট। এখানে বাংলাদেশ আরও ১৫ রান কমে। তা মিসবাহ বাংলাদেশকে এই উপহারটা দিতে গেলেন কেন? বাংলাদেশের ব্যাটসম্যানরা তাঁর বোলারদের এর চেয়েও বড় উপহার দেবেন জেনেই কি! স্টুয়ার্ট ল এই ব্যাটিংয়ের কোনো টেকনিক্যাল ব্যাখ্যা খুঁজে না পেয়ে ‘মেন্টাল ব্লক’কে দায়ী করলেন। তবে মিসবাহর সিদ্ধান্তের ব্যাখ্যাটাও যেন দিয়ে দিলেন এরপর, একটি আত্মবিশ্বাসী দলের বিপক্ষে আত্মবিশ্বাসহীন দলের খেলায় যা হয়, তা-ই হয়েছে। বাংলাদেশকে প্রথমে ব্যাটিংয়ে পাঠিয়ে সেই আত্মবিশ্বাসহীনতারই সুযোগ নিতে চেয়েছেন মিসবাহ। তবে এতটা বোধ হয় তাঁরও আশাতীত ছিল। সংবাদ সম্মেলনে এসে পাকিস্তানের বাঁহাতি স্পিনার আবদুর রেহমান জানিয়ে গেলেন, মাঠে নামার সময় কোচ-অধিনায়ক একটা কথাই বারবার বলেছেন—লাইন অ্যান্ড লেংথ বোলিং। পাকিস্তানি বোলাররা অক্ষরে অক্ষরে সেটি পালন করলেন। ফলাফল তো স্কোর কার্ডেই লেখা আছে।‘করিডর অব আনসার্টেনিটি’ কথাটা ক্রিকেটীয় পরিভাষায় ঢুকে গেছে। তবে খুব বেশি দিন আগে নয়। ইংল্যান্ড কিংবদন্তি জিওফ বয়কটই এই শব্দবন্ধের জনক বলে প্রচলিত। ১৯৯০ সালে ইংল্যান্ডের ওয়েস্ট ইন্ডিজ সফরের সময় ধারাভাষ্যে কথাটা নাকি তিনি প্রথম ব্যবহার করেন। অস্ট্রেলীয় ফাস্ট বোলার মার্ভ হিউজের দাবি অন্য রকম। এর মাস ছয়েক আগেই দেশে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে অধিনায়ক অ্যালান বোর্ডার তাঁর হাতে বল দিয়ে নাকি বলেছিলেন, ‘করিডর অব আনসার্টেনিটিতে বল করে যাও।’তা এই বস্তুটা কী? অফ স্টাম্পের একটু বাইরে ওই জায়গাটা যেখানে বল পড়লে ব্যাটসম্যান খেলবেন না ছাড়বেন, খেললেও সামনে যাবেন না পেছনে, এই দ্বিধায় পড়ে যান। বাংলাদেশের প্রথম চার ব্যাটসম্যানের আউটগুলো দেখে থাকলে এই কথাটার অর্থ আপনি আরও পরিষ্কার বুঝে ফেলবেন। তামিম-শাহরিয়ার-আশরাফুল ও নাজিমউদ্দিন চারজনেরই ‘মৃত্যু’ ওই ‘অনিশ্চয়তার করিডরে’।নাজিমউদ্দিনের নামটা যে পরে লেখা হলো, সেটি শুধু পরে আউট হয়েছেন বলে নয়। তাঁকে একটু আলাদা রাখা উচিত বলে। প্রায় সোয়া দুই ঘণ্টা উইকেটে কাটিয়ে এই অভিষিক্ত তরুণই দলের তারকা ব্যাটসম্যানদের বুঝিয়ে দিলেন, টেস্ট ম্যাচে কীভাবে ব্যাটিং করতে হয়! আর নাসির হোসেন আবারও বোঝালেন তারুণ্যের ভয়ডরহীন মনের মহিমা।টসে জিতে ফিল্ডিং নেওয়াতেই শেষ হয়নি মিসবাহর চমক। বোলিং শুরু করালেন অফ স্পিনার মোহাম্মদ হাফিজকে দিয়ে। গত ৪২ বছর টেস্ট ক্রিকেট এমন কিছু দেখেনি। সর্বশেষ দেখেছিল ১৯৬৯ সালে, যখন নিউজিল্যান্ডের বিপক্ষে হায়দরাবাদ টেস্টের প্রথম ওভারটি করেছিলেন খণ্ডকালীন অফ স্পিনার এম এল জয়সীমা। ভারতীয় ক্রিকেটে সেই সময়টা স্পিন কোয়ার্টেটের যুগ। সেই টেস্টেও বেদি-প্রসন্ন-ভেঙ্কট ছিলেন। কিন্তু নতুন বলে তাঁরা স্বচ্ছন্দ বোধ করতেন না বলে কাউকে না কাউকে বলটা একটু পুরোনো করার দায়িত্ব নিতে হতো। দলে মাত্র একজন পেসার রাখাটা নিয়ম হয়ে যাওয়ায় একবার নতুন বলে সুনীল গাভাস্কারকে দিয়েও বোলিং করানো হয়েছিল।হাফিজকে ছক্কা মেরে আক্রমণ থেকে সরিয়ে দিয়েছিলেন তামিম। আর তাঁকে ফেরানোর প্রয়োজনই বোধ করেননি মিসবাহ। স্পেশালিস্ট চার বোলারই যে কাজ খতম করে দিয়েছেন। আর বাংলাদেশের অভিজ্ঞতম পেসার করলেন দিনটিকে পুরোপুরি দুঃস্বপ্ন করে রাখার কাজটা। দিনের শেষ ওভারে সাকিবের বলে মিডঅনে তৌফিক উমরের ক্যাচটা ধরতে পারলেন না শাহাদাত।মুখে ফাস্ট বোলারের মতো গর্জন করে মিডিয়াম পেস বোলিং করে যাওয়া শাহাদাতের ফিটনেস নিয়ে ফিসফিসানি তীব্র চিৎকারে রূপ নিল এতে।