ব্যাটিং-লজ্জার দিনে রবিউলের আলো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জিম্বাবুয়ে মানেই চাপ জানা ছিল। তাই বলে এতটা? আর জিম্বাবুয়ে কোথায়, এক ব্রেন্ডন টেলরের সামনেই তো শেষ বাংলাদেশ দল!হারারে টেস্টের এখনো দুই দিন বাকি। তবু তিন দিন শেষেই অনুমান করা যাচ্ছে, এই টেস্টে বাংলাদেশ দলের জন্য অপেক্ষা করছে কী ভয়াবহ পরিণতি। প্রথম ইনিংসে বাংলাদেশকে বাগে পেয়েও ফলোঅন না করিয়ে তৃতীয় দিন শেষে সব মিলিয়ে ৪৪২ রানের লিড জিম্বাবুয়ের। চতুর্থ ইনিংসে বাংলাদেশের ব্যাটসম্যানরা সাধ্যের সীমানা ছাড়িয়ে যেতে পারলেই কেবল লজ্জা এড়ানো সম্ভব। প্রেসবক্সে জিম্বাবুয়ের এক সাংবাদিক অবশ্য ‘আশা’ দেখালেন, ‘এখনো দুই দিন বাকি। রান করার অনেক সময় পাবে তোমাদের ব্যাটসম্যানরা।’ আশা তো নয়, আসলে নির্মম রসিকতা।লজ্জা কালও কম পাওয়া হয়নি। প্রথম ইনিংসে ১৩৪ রানে অলআউট, যা জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের দ্বিতীয় সর্বনিম্ন রান। স্কোরবোর্ডে ১ রানও যোগ না করে শেষ ৫ উইকেট হারানোর বিশ্ব রেকর্ডটাও এই টেস্টেই নিজেদের করে নিল বাংলাদেশ। এ ছাড়া শেষ আট ব্যাটসম্যান মিলে করেছেন মাত্র ১৮। ২০০৭ সালে শ্রীলঙ্কার বিপক্ষে করা ২৭ ছাড়িয়ে নিজেদের ক্রিকেট পরিসংখ্যানে এটাও একটা রেকর্ড বাংলাদেশ দলের জন্য।এত লজ্জার মধ্যে আলো যা ছড়ালেন পেসার রবিউল ইসলাম। প্রথম ইনিংসে ৮৪ রানে ৩ উইকেট নেওয়ার পর দ্বিতীয় ইনিংসে জিম্বাবুয়ের প্রথম ৬ উইকেটই তাঁর। দ্বিতীয় ইনিংসের বোলিং এখনো শেষ না হলেও জিম্বাবুয়ের মাটিতে বাংলাদেশের কোনো বোলার হিসেবে ইনিংস ও ম্যাচসেরা বোলিংটা হয়ে গেছে গত তিন দিনেই। এই রেকর্ডের বাইরে পেসারদের একটা বন্ধ্যাত্বও ঘুচিয়েছেন রবিউল। ২০১০ সালে লর্ডসে শাহাদাতের ৫ উইকেট নেওয়ার পর এই প্রথম বাংলাদেশের আরেকজন পেসার পেলেন ৫ উইকেট।কাল সকালে হোটেলে বলেছিলেন, সাংবাদিকদের সঙ্গে কথাবার্তা যা বলার ৫ উইকেট নিয়ে বলবেন। রবিউলের সে আশা পূরণ হলেও ব্যাটসম্যানদের ব্যর্থতায় দিন শেষে অন্ধকার তাঁর মুখও। দলের রান এক শ পেরোতেই জহুরুল ইসলামের আউট দিয়ে ভাঙে আগের দিনের অবিচ্ছিন্ন দ্বিতীয় উইকেট জুটি। ১১২ রানের মাথায় অফ স্টাম্পের বাইরের বলে ব্যাট চালিয়ে মাহমুদউল্লাহও প্লেড অন। ব্যাটসম্যানদের খেয়ালি ব্যাটিংয়ে ভরাডুবির শুরু এর পর থেকেই। জহুরুল (৪৩), শাহরিয়ার (২৯) ও আশরাফুল (৩৮) ছাড়া বাকি ৮ ব্যাটসম্যানের মধ্যে সর্বোচ্চ রান নাসিরের ৭! শেষ চার ব্যাটসম্যানই আউট শূন্য রানে। জিম্বাবুয়ের দুই পেসার জার্ভিস ও শিঙ্গি মাসাকাদজা ৪ উইকেট করে পেলেও তাদের বোলিং মোটেও অতটা ভয়াবহ ছিল না যতটা লাঞ্চের ১৯ বল পরই অলআউট হয়ে যাওয়া বাংলাদেশ দলের ব্যাটসম্যানদের ব্যাটিং দেখে মনে হয়েছে।হারারেতে কাল দিনটাই বোধ হয় ছিল ব্যাটিং-ব্যর্থতার। নইলে প্রথম ইনিংসে ২৫৫ রানের লিড নেওয়ার পরও আত্মবিশ্বাস নিয়ে কেন ব্যাট করতে পারবে না স্বাগতিক ব্যাটসম্যানরা? এই জায়গায় অবশ্য তাদের ব্যর্থতার চেয়ে বাংলাদেশের পেসার রবিউলের কৃতিত্বই বেশি। ইনিংসের তৃতীয় ও নিজের দ্বিতীয় ওভারে ওপেনার ভুসিমুজি সিবান্দাকে বোল্ড করে শুরু। এরপর জিম্বাবুয়ের ৯, ১৬ আর ২৭ রানের সময় তুলে নিলেন মাসাকাদজা, মারুমা আর ওয়ালারের উইকেটও। চিগুম্বুরাকে ফিরিয়ে ভাঙলেন টেলরের সঙ্গে তাঁর ৫৭ রানের জুটি। পরের বলেই মুতুম্বানিকে এলবিডব্লু করে জাগালেন হ্যাটট্রিকের সম্ভাবনাও। শেষ পর্যন্ত হ্যাটট্রিক পাওয়া না হলেও টেস্টে প্রথমবারের মতো ৫ উইকেট নিয়ে রবিউল হারারে টেস্ট থেকে বাংলাদেশকেও দিলেন বলার মতো কিছু।নইলে কাল পর্যন্ত এই টেস্টের সবই তো একা টেলরেরই! প্রথম ইনিংসে যে রকম সেঞ্চুরি করে টেনে তুলেছিলেন দলকে, এই ইনিংসেও আছেন সেই ভূমিকাতেই। স্রোতের প্রতিকূলে দাঁড়িয়ে আবারও দেখাচ্ছেন কীভাবে মাথা গুঁজে খারাপ সময়টা পার করে দিতে হয়, ধ্বংসস্তূপ থেকে কীভাবে দাঁড়াতে হয় মাথা তুলে। দিন শেষে ৮১ রানে অপরাজিত টেলর যেন নিজ হাতেই লিখে রেখেছিলেন হারারে টেস্টের চিত্রনাট্য।তৃতীয় দিন শেষেজিম্বাবুয়ে: ৩৮৯ ও ১৮৭/৭বাংলাদেশ ১ম ইনিংস: ১৩৪