ব্যাটে-বলে জীবন্ত অমিত্রাক্ষর
কবিতা যেমনটি নিজেই সরবে জানান দ্যায়: ‘ভালোবাসার জন্যে আমি হাতের মুঠোয় নিয়েছি প্রাণ দুরন্ত ষাঁড়ের চোখে বেঁধেছি লাল কাপড়বিশ্ব-সংসার তন্নতন্ন করে খুঁজে এনেছি এক শ আটটি নীল পদ্ম...’ঠিক সে রকম, বাংলাদেশের ক্রিকেটের জন্য আমি তছনছ করেছি বন্ধুর মনবিচ্ছেদের এক প্রান্তে দাঁড়িয়ে কণ্ঠে তুলেছি মলিনমোহন সুর:বন্ধু, তোমার পথের সাথিকে চিনে নিয়োমনের মাঝেতে চিরদিন তারে রেখে দিয়োভুলো না তারে ভুলো না যেন...হাপর-টানা কামারশালার লাল দগদগে আগুন থেকে যেমন উঁকি দেয় দা-বঁটি, খুন্তি-কুড়োল, ভস্মের আড়াল থেকে উড়াল দেয় ফিনিক্স পাখি, ঠিক সে রকম, আমার ক্রিকেট, আমাদের ক্রিকেট উঁকি মেরে উড়াল দিচ্ছে বাংলার আকাশে; সব খেলাকে পেছনে ফেলে ক্রিকেটই শুধু আল্পনা আঁকে আকাশে, আলোর ঝরোকা তোলে। বন্ধুরা টেলিফোন করে ঘুম ভাঙায় নানা সুসংবাদে: আমরা জিতেছি পাকিস্তানের বিপক্ষে, ভারতের বিপক্ষে, শ্রীলঙ্কার বিপক্ষে, দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড, জিম্বাবুয়ে, বেনিয়া-কেনিয়ার বিরুদ্ধে। বিজয়ের সান্নিধ্যে আমাদের দেহমন ধন্য। আমরা দুর্গম পাহাড়-জঙ্গল পেছনে ফেলে রাবনের এক শ মাথায় কোপ মেরে, মা গঙ্গার কোল থেকে ইলিশ ছিনিয়ে এনেছি। আমাদের ক্রিকেট এখন দুবেলা-দুমুঠো ভাত খেতে চায়। তাকে ভাতে-মাছে আদরে-কদরে রাখো।রান এখন খুচরো পয়সা/ বিজয় হাজার টাকার নোট/ অমিত্রাক্ষর ছন্দের ব্যাটে-বলে বারবার জেগে ওঠো।আমি বলছি না যে আমাদের ক্রিকেট-শাস্ত্রীয় কিংবা ধ্রুপদি লয়ে তাল মিলিয়েছে, বরং বলতে সাহস পাচ্ছি...আমাদের ক্রিকেট এখন ‘অসহায়ত্ব’ শব্দটিকে ছক্কা মেরে ময়দান থেকে তাড়িয়ে দিয়েছে বিগত দশকেই। আর আমরা যারা ‘অঘটন’ আর ‘আপসেট’ নিয়ে ললিপপ চুষছি দিনের পর দিন, তারা অগ্রগতির সঠিক সমীকরণটি আবিষ্কারে বারবার ব্যর্থ হয়েছি: ‘জিতলে মস্তকে আর হারলে পদতলে’ এই তথাকথিত বেদবাক্যের পেছনে আমরা আমাদের কলমকে ছুটিয়ে চলেছি বছরের পর বছর। একটি মাত্র উদাহরণই যথেষ্ট!গত বিশ্বকাপে ত্রিনিদাদের মাটিতে ভারতের বিপক্ষে বাংলাদেশ দলটির বিজয় কোনো ‘আপসেট’ কিংবা ‘অঘটন’ ছিল কি? সম্প্রতি স্টার স্পোর্টস, স্টার ক্রিকেট, টেন ক্রিকেট কিংবা ইএসপিএনে প্রায় প্রতিদিনই ম্যাচটি দেখানো হচ্ছে। যাঁরা ম্যাচটি দেখেছেন বা দেখছেন, তাঁরা বুকে হাত দিয়ে বলুন—বোলিং-ফিল্ডিংয়ের সময় আমাদের ছেলেদের শারীরিক ভাষায় কী ছিল? বিজয়ের উদগ্র বাসনা ছিল সবচেয়ে মোক্ষম অস্ত্র: ফিল্ডিংয়ে এমন ‘পজিটিভ’ অ্যাপ্রোচ গোটা বিশ্বকাপে অন্য কটি দলের মধ্যে ছিল? আমি বলতে পারি, এই দেহ আর মনোভঙ্গির পুনরাবৃত্তি ঘটাতে পারলে স্বদেশের মাটিতে আমাদের ক্রিকেট ঘুণাক্ষরেও পরবাসীর পোশাক পরবে না। আমি সবিনয়ে অনুরোধ জানাব, সুযোগ হলে ম্যাচটি আবার দেখুন এবং নিজেকে ঘুরিয়ে-ফিরিয়ে প্রশ্ন করুন: ওই খেলার ফলাফল কি আপসেট কিংবা অঘটন বলে কোনো কিছু ছিল? নাকি যা হওয়ার তা-ই হয়েছিল?ইংল্যান্ডে অনুষ্ঠিত ১৯৯৯-এর বিশ্বকাপে পাকিস্তান-বধ নিয়ে কত কাহিনি সাজানো হলো। পাঁচ ফুট চার ইঞ্চির সুজনকে দেখে ছয় ফুট এক ইঞ্চির ওয়াসিম আকরামরা মাঠে যেভাবে শুকনো ঠোঁট চাটল, সেটা ঘটনা না হয়ে, হয়ে গেল অঘটন! পাকিস্তানের ঠাট-দেখানো ঠাট্টা কোনো দিনও ধোপে টিকবার নয় যে ওরা খেলতে নেমে ‘টুইংকল টুইংকল’ ছড়া কেটেছে। বিগম্যান ইনজামাম স্বেচ্ছায় গাড়িচাপা পড়েছে। আমাদের ক্রিকেটের নামে এক মুঠো ভাত যাঁরা বেশি খান, তাঁদের জন্য বহুবিধ দুঃসংবাদ অপেক্ষা করছে। এটা ঠিক যে ক্রিকেটের সার্বিক চেহারাটি আজও অবুঝের আস্তানায় স্নো-পাউডার মাখছে।কিন্তু আমার কাছে?আনন্দ উঠছে জেগে প্রতিদিন উষার আলোয়আলো আমার আলোবুঝুক না-বুঝুক, সে হেসে উঠবে উঁকিঝুঁকিহয়তো সূর্যের আগেই সে মুখ খুলবে:আমি সূর্যমুখী।এবার দেশের মাটিতে বিশ্বকাপের আসর।হয়তো আনন্দে দাড়ি চুলকাচ্ছে ক্রিকেট-বাণিজ্যের ভবকান্ডারি। তাদের চোখে ডলারের অঢেল আকাঙ্ক্ষা? তারা বুঝুক না-বুঝুক, খেলোয়াড়দের বুঝতে হবে বাংলার মাটিতে এমন একটা আসরের গ্রহণযোগ্যতা: পাকিস্তান যা পারেনি, আমরা সেটা পেরেছি।১. খেলা দিয়ে২. ভব্য আচরণ দিয়ে৩. আতিথেয়তা দিয়ে৪. ধৈর্য ও সাহস দিয়ে৫. বিশ্বাসের মর্যাদা দিয়ে৬. শৃঙ্খলা ও সততা দিয়েকারণ—ক্রিকেটের জন্য আমি হাতের মুঠোয় বাজির ঘোড়ার লেজ চেপে ধরেছি। বাতচিত সে তো খুচরো পয়সা, ক্রিকেট হাজারি নোট। জীবন্ত অমিত্রাক্ষর! ব্যাটে-বলে।