ব্যাটে বলে সেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভয় দূর করেছিল চেস্ট গার্ডজীবনের প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলতে নেমেছি। একদিক থেকে ইমরান খান, আরেক দিকে ওয়াসিম আকরাম। এর আগে তাদের কথা রেডিওতে শুনেছি, ম্যাগাজিনে ছবি দেখেছি। সামনাসামনি সেই প্রথম। রোমাঞ্চ-ভয় সব মিলেমিশে একাকার হয়ে গিয়েছিল।তবে মনে আছে, আমি ওয়াসিম আকরামের প্রথম বলটা খেলেছি ভয়ডর ছাড়াই। ঘরোয়া ক্রিকেটে তখন আবাহনীতে খেলি, আক্রমণাত্মক ব্যাটসম্যান হিসেবে খ্যাতি আছে। ওই ম্যাচেও উইকেটে নেমে বোলার দেখলাম না, শুধু দেখলাম বল। ৩৭ রান করে আবদুল কাদিরের বলে কট অ্যান্ড বোল্ড হয়ে গেলেও যেভাবে খেলছিলাম, তাতে ফিফটি করে ফেলা অসম্ভব ছিল না। কয়টা চার মেরেছি এখন আর মনে নেই, তবে মনে আছে, আউটফিল্ড স্লো থাকায় কয়েকটা নিশ্চিত বাউন্ডারি আগেই থেমে গিয়েছিল।প্রথম ম্যাচেই আমার অতটা সাহসী হয়ে ওঠার কারণ ছিল একটা চেস্ট গার্ড। থাই গার্ড, হেলমেট আমাদের ছিল। কিন্তু চেস্ট গার্ড ছিল না। শ্রীলঙ্কায় গিয়ে যখন বুঝলাম উইকেট বাউন্সি হতে পারে, ওখান থেকেই একটা চেস্ট গার্ড কিনে নিলাম। এরপর আর চিন্তা কী! বুকে ওটা পরার পর সাহস কয়েক গুণ বেড়ে গেল।দলের পক্ষে সবচেয়ে বেশি রান করা ব্যাটসম্যান আমি, প্রথম আন্তর্জাতিক ম্যাচে এর চেয়ে বড় অর্জন বোধ হয় আর হতে পারত না আমার জন্য।অন সাইডে দুজন ফিল্ডার রেখেছিলামডিপ স্কয়ার লেগ আর শর্ট মিড অন—অন সাইডে এ ছাড়া আর ফিল্ডারই রাখিনি আমি। ওরা ভেবেছিল বল বাইরে যাবে, কিন্তু আমি দেওয়া শুরু করলাম ইনসুইং! আর তাতেই দুই দুইটা এলবিডব্লু। অবশ্য তিনটা উইকেটই পেতে পারতাম আমি। কিন্তু সানি (হাফিজুর রহমান) মুদাসসর নজরের ক্যাচটা ফেলে দিল!সেটা নিয়ে আফসোস নেই। আমি তো আর বোলিং খারাপ করিনি! পরদিন শ্রীলঙ্কার পত্রপত্রিকায়ও দেখলাম আমার সাহসী বোলিংয়ের প্রশংসা করা হয়েছে।শ্রীলঙ্কায় যাওয়ার আগে পাকিস্তানে গিয়ে তাদের প্রাদেশিক দলগুলোর সঙ্গে কয়েকটা ম্যাচ খেলেছিলাম আমরা। এর আগে ওমর কোরেশীর দল এসেছিল ঢাকায়। পাকিস্তানি ক্রিকেটাররা তাই কিছুটা হলেও চেনা ছিল। আর আমি বল করার সময় কখনোই ভাবতাম না কাকে বল করছি। কাজেই সামনে মুদাসসর-মিয়াঁদাদ যে-ই এসেছে, আমি সাহস হারাইনি।আমরা তখন ক্রিকেট খেলতাম সম্মানের জন্য। বাংলাদেশের ক্রিকেট যে একদিন এত ওপরে উঠবে, ওই সময় সেটা ভাবিইনি। খেলা থেকে চাওয়া-পাওয়ার তেমন কিছু ছিল না। প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলতে গিয়েও মাথায় ছিল কেবল দেশের সম্মানের চিন্তা। নতুন একটা দেশে খেলতে গিয়েছি। সেই দেশের মানুষ, ক্রিকেট বোর্ড, খেলোয়াড়েরা আমাদের সম্মান করবে—এটাই কেবল চাওয়া ছিল। প্রমাণ করতে চেয়েছিলাম, ক্রিকেটটা আমরা খেলতে জানি। সেটা কিছুটা হলেও করতে পেরেছি ৮৬-এর এশিয়া কাপে। শ্রীলঙ্কার মানুষের শ্রদ্ধা-ভালোবাসা তো পেয়েছিই।তার পরও প্রথম সফরে একটা আফসোস থেকে গিয়েছিল আমাদের। খুব আশা ছিল ভারতের বিপক্ষে খেলব। নিরাপত্তার কারণে শেষ পর্যন্ত ভারত এশিয়া কাপ খেলতে শ্রীলঙ্কায় গেল না। আমাদের আশাও পূরণ হলো না।