দুঃসংবাদের ধর্ম—যখন সে আসে, তখন সাঙ্গপাঙ্গ নিয়েই আসে। যখন বাংলাদেশ ক্রিকেট দল ধারাবাহিকভাবে খারাপ খেলে যাচ্ছে আর জাতীয় ফুটবল দল সাফ-ব্যর্থতায় পর্যুদস্ত, তখন অবনত মস্তকে পড়ে থাকা আমাদের ব্যাডমিন্টনও ‘উপহার’ দিল দুঃসংবাদ। দেশের ইতিহাসের সবচেয়ে বড় আন্তর্জাতিক ব্যাডমিন্টন আসর ‘বাংলাদেশ আন্তর্জাতিক সিরিজের’ প্রথম দিনে ১০টি ইভেন্টে অংশ নেননি বাংলাদেশের শাটলাররা।বিজয়ের মাসে আমরা যখন আরও নতুন কোনো আনন্দের উৎস খুঁজি, সেখানে এই ব্যাডমিন্টন-কাণ্ড! ব্যাডমিন্টন খেলোয়াড়দের কারণে আন্তর্জাতিক এই টুর্নামেন্টে লজ্জার মধ্যে পড়তে হলো আমাদের। কী কারণে এই লজ্জা, তা সবাই হয়তো জেনে ফেলেছেন। কারণ, খেলোয়াড়-কর্মকর্তাদের মধ্যে দলাদলি। মহিলা খেলোয়াড়দের সঙ্গে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাহিদুল হক কচির অভব্য আচরণকেও কারণ হিসেবে দেখছেন কেউ কেউ। ব্যাডমিন্টন যেখানে পিছিয়ে থাকা একটি খেলা, সেখানে এই আয়োজক বাংলাদেশের প্রতিযোগীদের ওয়াকওভার দেওয়াটা দেশের ভাবমূর্তি কতটা ক্ষুণ্ন করেছে, তা সহজেয় অনুমেয়।দেশের প্রতিনিধিত্ব করে, সাফল্য এনে কোথায় প্রতিযোগীরা দেশের মুখ উজ্জ্বল করবেন তা নয়, উল্টো টুর্নামেন্ট না খেলে লজ্জায় ফেললেন আয়োজকদের। আয়োজক বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনকে এ জন্য আড়াই হাজার ডলার জরিমানাও গুনতে হচ্ছে। খেলোয়াড়দের এ রকম আচরণের প্রতিবাদ জানাই। এ ঘটনার মূল কারণ উদ্ঘাটন করে দোষী ব্যক্তিদের উপযুক্ত বিচার হওয়া উচিত। এ ঘটনায় এশিয়ান ব্যাডমিন্টন ফেডারেশন বাংলাদেশকে যে ভবিষ্যতে বিষদৃষ্টিতে দেখবে, সেটা বলার অপেক্ষা রাখে না। ঘটনার জন্য দায়ীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি না দেওয়া হলে এমন ঘটনা ভবিষ্যতে আরও ঘটবে। দেশের ক্রীড়াঙ্গনের স্বার্থে আমাদের কর্মকর্তা ও খেলোয়াড়দেরও আরও সহনশীল ও দেশপ্রেমী হতে হবে। অন্তঃকোন্দলগুলো দূরে সরিয়ে খেলোয়াড়-কর্মকর্তারা এক হয়ে কাজ না করলে তিমিরে থাকা দেশের ব্যাডমিন্টন তিমিরেই রয়ে যাবে।জাকারিয়া, মিরপুর, ঢাকাপ্রিয় পাঠক, চিঠি লিখুন ৩০০ শব্দের মধ্যে, কাগজের এক পৃষ্ঠায়, স্পষ্ট অক্ষরে। সেরা চিঠির জন্য পুরস্কার ২০০ টাকার প্রাইজবন্ড। ঠিকানা: স্টেডিয়াম, প্রথম আলোসিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা।