ব্যান্ড ও ব্যান্ডশিল্পীদের অ্যালবাম বের না করার ঘোষণা
ব্যান্ড ও ব্যান্ডশিল্পীদের কোনো অ্যালবাম প্রকাশ না করার ঘোষণা দিয়েছে অডিও ও ভিডিও অ্যালবাম প্রযোজকদের সংগঠন মিউজিক ইন্ডাস্ট্রিজ ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এমআইবি)। এই সংগঠন থেকে আরও জানানো হয়েছে, ৩১ ডিসেম্বরের মধ্যে এমআইবির সদস্যদের বিরুদ্ধে আনা সব অভিযোগ প্রত্যাহার না করা হলে ভবিষ্যতে আরও বড় আকারের কর্মসূচি ঘোষণা করা হবে। সম্প্রতি রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন এমআইবির নেতারা। এখানে উপস্থিত ছিলেন এমআইবির সভাপতি নাজমুল হক ভূঁইয়া, জ্যেষ্ঠ সহসভাপতি হাসান মতিউর রহমান, নির্বাহী সদস্য এ কে এম আরিফুর রহমান, প্রযোজনা প্রতিষ্ঠান সাউন্ডটেকের চেয়ারম্যান শামসুর রহমান এবং শিল্পী ও প্রযোজক জানে আলম। ব্যান্ডশিল্পী জেমসের করা মামলায় ১৬ ডিসেম্বর সাউন্ডটেকের ব্যবস্থাপনা পরিচালক সুলতান মাহমুদকে গ্রেপ্তারের প্রতিবাদে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এখানে লিখিত বক্তব্য তুলে ধরেন হাসান মতিউর রহমান। কপিরাইট আইনকে যুগোপযোগী করার দাবি জানিয়ে সংবাদ সম্মেলনে জানানো হয়, কপিরাইট আইনটি যখন প্রবর্তিত হয়, তখন সংগীতাঙ্গনের কোনো প্রতিনিধি রাখা হয়নি। তাই এই আইনে সংগীতাঙ্গনের স্বার্থ গুরুত্বের সঙ্গে বিবেচিত হয়নি। অডিও প্রযোজনা প্রতিষ্ঠানগুলোর সঙ্গে অতীতে সম্পাদিত চুক্তি ভঙ্গ করে মুঠোফোন প্রতিষ্ঠানের সঙ্গে নতুনভাবে চুক্তিবদ্ধ না হওয়ার জন্য শিল্পীদের প্রতি আহ্বান জানানো হয়। এমআইবির নেতাদের মতে, এ পরিস্থিতি অব্যাহত থাকলে অচিরেই বাংলাদেশের অডিওশিল্প ধ্বংস হয়ে যাবে।