ব্যান্ডচর্চায় ভাড়ার ঘর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যান্ডগুলোকে বাদ্যযন্ত্র আর অনুশীলনের জায়গা ভাড়া দিতে নগরে গড়ে উঠেছে বেশ কয়েকটি প্র্যাকটিস প্যাড। ব্যান্ডদলের বাদ্যযন্ত্র ব্যয়বহুল। আবার যেখানে-সেখানে উচ্চ স্বরে গানের অনুশীলন করলে অন্যরা বিরক্ত হয়। এ জন্য বড় বড় ব্যান্ডদল নিজেরাই প্র্যাকটিস প্যাড বানিয়ে নেয়। কিন্তু নবীনদের পক্ষে এটা সম্ভব হয় না। তাদের ভরসার জায়গা হয়ে উঠছে ভাড়ার প্র্যাকটিস প্যাড। ঘড়ির কাঁটা সবে সন্ধ্যা সাতটা ছুঁয়েছে। ২০ নিউ ইস্কাটনের বাড়িতে ঢোকার মুখেই ড্রাম-গিটারের মৃদু আওয়াজ কানে ভেসে আসতে লাগল। ভেতরে ঢুকতেই শব্দটা আরও জোরে শোনা গেল। খবর নিয়ে জানা গেল, একটি ব্যান্ডদলের অনুশীলন চলছে। দলের প্রধান ও ভোকাল সাদ আনোয়ার বলেন, ‘এখানে নিয়মিত প্র্যাকটিস করি। মেটাল ব্যান্ড প্র্যাকটিস করার জন্য দরকার আধুনিক ও উন্নত বাদ্যযন্ত্র। আর ভালো একটা জায়গাও দরকার। ব্যয়বহুল হওয়ার কারণে সব বাদ্যযন্ত্র কেনা সম্ভব হয় না। তাই শিফট হিসেবে চার ঘণ্টা করে ভাড়া নিয়ে সাউন্ড মেশিন প্র্যাকটিস প্যাডে প্র্যাকটিস করি।’যেকোনো ব্যান্ডদল ঘণ্টা হিসেবে ভাড়া নিয়ে গানের চর্চা করতে পারে প্র্যাকটিস প্যাডে। বাদ্যযন্ত্রেরও ব্যবস্থা থাকে এসবে। ব্যান্ডদল স্বাধিকারের প্রধান গায়ক অগ্নিভ সেনগুপ্ত বলেন, ‘সপ্তাহজুড়েই থাকে পেশাগত ব্যস্ততা। ছুটির দিন শুক্রবারেই সময় মেলে অনুশীলনের। এ জন্য প্র্যাকটিস প্যাডে চলে যাই। বেলা দুইটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত অনুশীলন করি। এখানে পরিবেশ ভালো। শব্দনিরোধক দেয়াল থাকায় ভেতরে বাদ্যযন্ত্রের তুমুল শব্দ বাইরে আসে না।’স্বাধিকারের সদস্যরা অনুশীলন করেন লালমাটিয়ার দুরবিন ব্যান্ডের প্র্যাকটিস প্যাডে। এখানে আছে আধুনিক বাদ্যযন্ত্র। শীতাতপ নিয়ন্ত্রিত এই প্র্যাকটিস প্যাডে চার ঘণ্টা অনুশীলন করতে খরচ হয় ৫০০ টাকা। এটা পরিচালনা করছে দুরবিন ব্যান্ড। এর প্রধান গায়ক সৈয়দ শাহেদ বলেন, ‘নিজেদের প্রয়োজনে প্র্যাকটিস প্যাড করা হলেও ব্যান্ডসংগীতের বিস্তারের স্বার্থে নতুন ব্যান্ডগুলোকেও এখানে এসে চর্চা করার সুযোগ দিচ্ছি।’ তাদের এখানে তিন শিফটে অনুশীলন হয়। প্রতি শিফটে সময় চার ঘণ্টা।৬/এ ইস্কাটন গার্ডেনে আছে ব্যান্ডদল ওয়ারফেইজের প্র্যাকটিস প্যাড। এই ব্যান্ডদলের কিবোর্ড-বাদক শামস মনসুর গণি বলেন, ‘নিজেদের প্রয়োজনেই প্যাড করেছি। তবে এটা চালানোর খরচ অনেক। তাই ভাড়ার বিনিময়ে অন্য দলকে সুযোগ দেওয়া হচ্ছে।’ চার ঘণ্টার এক শিফটে অনুশীলন করতে এখানে খরচ হয় ৮০০ টাকা। ওয়ারফেইজের প্র্যাকটিস প্যাডে অনুশীলন করে ব্যান্ডদল শিরোনামহীন। শিরোনামহীনের প্রধান গায়ক তানভির তুহিনের ভাষ্য, ব্যান্ডদলের জন্য প্র্যাকটিস প্যাড খুবই জরুরি। কেননা, ব্যান্ডদলে যে ধরনের বাদ্যযন্ত্র ব্যবহার করা হয়, তাতে ফ্ল্যাটবাড়িতে চর্চা করলে শব্দদূষণের মতো সমস্যা হয়। আর প্যাডে গানের চর্চায় কোনো ঝুটঝামেলা থাকে না। নিরিবিলি পরিবেশে গানবাজনা করা যায়। এ হিসেবে প্র্যাকটিস প্যাডে খরচ খুব বেশি হয় না।মগবাজারের (২৪৪ নিউ সার্কুলার রোড) প্র্যাকটিস প্যাড সাউন্ড সেন্টারের কর্ণধার ও ব্যান্ডদল সার্টেইনের প্রধান গায়ক মোহাম্মাদ সাজ্জাদ হোসেন বলেন, বলতে পারেন, পেশাদারি মনোবৃত্তি নিয়েই প্র্যাকটিস প্যাড করা। নিজেদের চর্চার ফাঁকে লোকাল ব্যান্ডগুলো চর্চা করছে। এতে দুই পক্ষই উপকৃত হচ্ছে। তিনি আরও জানান, প্র্যাকটিস প্যাডের চাহিদা দিনে দিনে বাড়ছে। তাই পাল্লা দিয়ে বাড়ছে প্যাডের সংখ্যাও। নতুন প্র্যাকটিস প্যাড নির্মাণের সময় উন্নতমানের যন্ত্র সংগ্রহ করা উচিত। আবার প্যাডের দেয়াল যাতে শব্দরোধক হয়, সেদিকে লক্ষ রাখতে হবে।