ব্যান্ডশিল্পীদের অ্যালবাম বর্জনের ঘোষণা
অনির্দিষ্টকালের জন্য ব্যান্ড ও ব্যান্ডশিল্পীকেন্দ্রিক সব রকমের অ্যালবাম প্রকাশনা বন্ধের ঘোষণা দিয়েছে মিউজিক ইন্ডাস্ট্রিজ ওনারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এমআইবি)। গতকাল বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এমআইবি তথা অডিও প্রযোজকদের শীর্ষ নেতারা এই ঘোষণা দেন। সংবাদ সম্মেলনে বক্তারা আরও জানান, বিগত কয়েক দিনে সংগীতশিল্পী ও সংগীত প্রযোজনা সংস্থার মধ্যে বেশ কিছু অপ্রীতিকর ঘটনার পরিপ্রেক্ষিতে বিভিন্ন রকম বিভ্রান্তি ও বিতর্কের সৃষ্টি হয়েছে সংগীতাঙ্গনে। রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন এমআইবির সভাপতি নাজমুল হক ভূঁইয়া, হাসান মতিউর রহমান, জানে আলম, শামসুর রহমান, সেলিম খান, মনিরুল ইসলামসহ প্রায় ৩০ জন অডিও-ভিডিও প্রযোজক। প্রসঙ্গত ব্যান্ডতারকা জেমসের করা এক মামলার পরিপ্রেক্ষিতে সম্প্রতি নিজ বাসা থেকে গ্রেপ্তার হন প্রযোজনাপ্রতিষ্ঠান সাউন্ডটেকের মালিক সুলতান মাহমুদ। সংবাদ সম্মেলনে এমআইবির সভাপতি বলেন, ‘স্বাক্ষর নকল করার অসম্মানজনক সাজানো অভিযোগের ভিত্তিতে রাত-দুপুরে সুলতান মাহমুদ ভাইকে গ্রেপ্তার করানো হয়। এটা পুরো ইন্ডাস্ট্রির জন্য সত্যিই লজ্জার ঘটনা।’ যোগাযোগ করা হলে সুলতান মাহমুদ প্রথম আলোকে বলেন, ‘জেমস সই জালিয়াতির যে অভিযোগ করেছেন, তা ভিত্তিহীন। বরং জেমসই চুক্তি অনুযায়ী আমার সঙ্গে প্রতারণা করেছেন।’ এ ব্যাপারে জেমসের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলেও সাড়া পাওয়া যায়নি।শুধু ব্যান্ডকেন্দ্রিক শিল্পীদের অ্যালবাম প্রকাশনা বন্ধের কারণ হিসেবে বক্তারা বলেন, এ পর্যন্ত আমাদের প্রযোজনাশিল্প নষ্ট করার জন্য কিংবা প্রযোজকদের অযথা হয়রানি করার জন্য যত ঘটনা ঘটেছে তার সবটাই এসেছে ব্যান্ডশিল্পীদের তরফ থেকে। সে জন্যই প্রতীকী প্রতিবাদস্বরূপ আমরা তাঁদের অ্যালবাম প্রকাশে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছি। ৩১ ডিসেম্বরের মধ্যে যদি তাঁরা কোনো সুষ্ঠু সমাধানের উদ্যোগ কিংবা আগ্রহ না দেখান, তাহলে আমরা আরও কঠোর সিদ্ধান্তে যেতে বাধ্য হব।