খালেদা জিয়ার ঢাকা সেনানিবাসের বাড়ি ছাড়ার ঘটনায় গতকাল শনিবার রাজধানীর বিভিন্ন স্থানে বিএনপির বিক্ষুব্ধ নেতা-কর্মীরা মিছিল করেছেন। এ সময় অন্তত ৩০টি গাড়ি ভাঙচুর করা হয়।পুলিশ জানিয়েছে, নগরের পল্টনের দলীয় কার্যালয়ে পুলিশ মিছিলে বাধা দিলে বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে সংঘর্ষ বাধে। এরপর নগরজুড়ে ১৬টি গাড়িতে অগ্নিসংযোগ করা হয়। এর মধ্যে রাত আটটার পর অগ্নিসংযোগ করা হয় ছয়টি গাড়িতে। এসব ঘটনায় গতকাল বিভিন্ন থানায় ১১টি মামলা হয়েছে।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, গতকাল সকাল থেকে বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হন। তাঁদের অনেকেই কেন্দ্রীয় কার্যালয়ে ঢোকেন এবং বাকিরা কার্যালয়ের সামনে অবস্থান নেন। সকাল সোয়া নয়টার দিকে শ্রমিক দল বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে একটি মিছিল বের করে। পুলিশ ওই মিছিলে লাঠিপেটা করে ছত্রভঙ্গ করলে মিছিলকারীরা বিভিন্ন অলিগলিতে অবস্থান নেন। এরপর বিএনপির কার্যালয় থেকে কর্মীরা দফায় দফায় বের হয়ে মিছিল করার চেষ্টা করেন। কিন্তু প্রতিবারই পুলিশ তাঁদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেয়। পুলিশের বাধার মুখে কার্যালয়ের নিচতলায় দুপুর পর্যন্ত বেশকিছু নেতা-কর্মী বিক্ষোভ করেন।বেলা ১১টার দিকে বিএনপির নেতা-কর্মীরা পল্টন ও বিজয়নগরের আশপাশের অলিগলিতে আবার বিক্ষোভ শুরু করেন। তাঁরা একপর্যায়ে প্রধান সড়কে এসে লাঠিসোঁটা ও ইটপাটকেল নিয়ে যানবাহনের ওপর চড়াও হন। বিক্ষুব্ধ নেতা-কর্মীরা বরিশাল-৩ আসনের জাতীয় পার্টি থেকে নির্বাচিত সাংসদ গোলাম কিবরিয়ার গাড়ি ভাঙচুর করেন। প্রায় একই সময়ে বেসরকারি টেলিভিশন চ্যানেল দেশ টিভির একটি গাড়িসহ অন্তত ১২টি গাড়ি ভাঙচুর করা হয়। এ নিয়ে পুলেশের সঙ্গে বিক্ষোভকারীদের দফায় দফায় পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ হয়। একপর্যায়ে পুলিশ গলিতে ঢুকে বিক্ষোভকারীদের লাঠিপেটা এবং কাঁদানে গ্যাসের সেল ছুড়ে ছত্রভঙ্গ করে দেয়। এতে বেশ কয়েকজন নেতা-কর্মী আহত হন। পুলিশ ঘটনাস্থল থেকে অন্তত ১০ জনকে আটক করে। এর একপর্যায়ে নিউ এজ পত্রিকার আলোকচিত্রী সানাউল্লাহর মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। এ সময় পুলিশ বিজয়নগর ও ফকিরাপুল মোড়ে যান চলাচল বন্ধ করে দেয়। দুপুর সাড়ে ১২টা পর্যন্ত এ অবস্থা চলে। পরিস্থিতি স্বাভাবিক হলে দুপুর সোয়া একটার দিকে রাস্তা খুলে দেওয়া হয়। দেড়টার দিকে বিএনপির নেতা-কর্মীরা আবার একটি মিছিল বের করেন। পুলিশ বিএনপির তিন নারী কর্মীসহ ছয়জনকে এই মিছিল থেকে আটক করে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে আবারও রাস্তা বন্ধ করে দেওয়া হয়। দুপুর আড়াইটার দিকে আবার রাস্তা খুলে দেওয়া হয়।পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল হক প্রথম আলোকে জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৮-১০টি কাঁদানে গ্যাসের সেল ছুড়েছে। ভাঙচুর ও অগ্নিসংযোগের সঙ্গে জড়িত থাকার অভিযোগে পল্টন থানার পুলিশ ২০ জনকে আটক করেছে। পরে দুজনকে ছেড়ে দেওয়া হলেও ১৮ জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।জাহাঙ্গীর গেটে ভাঙচুর: এদিকে, বাড়ি ছাড়ার সংবাদে গতকাল সকাল আটটার পরই সেনানিবাসের জাহাঙ্গীর গেটে বিএনপির নেতা-কর্মীরা জড়ো হন। দুপুর সাড়ে ১২টার দিকে লাঠিপেটা চালিয়ে তাঁদের ছত্রভঙ্গ করে দিলে কিছুক্ষণ পর তাঁরা আবার জমায়েত হন। দুপুর আড়াইটার দিকে জাহাঙ্গীর গেটের সামনের সড়কটি বন্ধ করে পুলিশ আবার লাঠিপেটা করে। এতে কয়েকজন সামান্য আহত হন। এ সময় পুলিশ একবার জলকামান দিয়ে পানি ছিটিয়ে জমায়েত ভাঙার চেষ্টা করে। এ সময় যায়যায়দিন পত্রিকার ফটোসাংবাদিক শফিক কাজল আহত হন। বিএনপির আইনজীবীরা সেনানিবাসের ভেতরে ঢুকতে গেলে পুলিশ তাঁদের ওপর তিন দফা মৃদু লাঠিপেটা চালালে তাঁরা সেখান থেকে সরে পড়েন। এ সময় তিনটি গাড়ি ভাঙচুর করা হয়। জাহাঙ্গীর গেটের সামনের একটি দোকানের কাচ ভাঙচুর করা হয়।বিএনপি বলেছে, সব মিলিয়ে তাদের ৪০ জন কর্মী আহত হয়েছেন।অগ্নিসংযোগ: দুপুর দুইটার দিকে ফকিরাপুল পানির ট্যাংকের কাছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (বিআরটিসি) দ্বিতল বাস শ্রাবণ, এর ১৫ মিনিট পর আউটার সার্কুলার রোডে নটর ডেম কলেজের সামনে একটি বাস, দুপুর পৌনে ১২টার দিকে পুরান ঢাকার আদালতপাড়া-সংলগ্ন বাহাদুর শাহ পার্কে আরেকটি বাস এবং দারুস সালাম রোডে আনসার ক্যাম্পের অপর একটি বাসে আগুন ধরিয়ে দেওয়া হয়। এ ছাড়া দুপুরে সায়েন্স ল্যাবরেটরির সামনে একটি বাস, মিরপুর ১০ নম্বরে একটি বাস, গাবতলী আন্ডারপাসে আরেকটি ও দনিয়া কলেজের সামনে আরও একটি বাস এবং মালিবাগের সোহাগ কাউন্টারের কাছে একটি জিপ ও একটি ট্যাক্সিক্যাবে আগুন ধরিয়ে দেওয়া হয়। ফায়ার সার্ভিস পরে এসব গাড়ির আগুন নেভায়।এদিকে, ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষ থেকে বলা হয়, বাহাদুর শাহ পার্ক ও ধানমন্ডির সায়েন্স ল্যাবরেটরির সামনের বাসে আগুন লেগেছে যান্ত্রিক ত্রুটির কারণে।রাতে আরও অগ্নিসংযোগ: রাত নয়টার দিকে মিরপুর সাড়ে ১১ নম্বরে, রাত পৌনে নয়টায় যাত্রাবাড়ী থানার কুতুবখালী কাঁচাবাজারের কাছে এবং রাত সাড়ে আটটায় মিরপুর সুইমিংপুলের কাছে একটি করে বাসে অগ্নিসংযোগ করা হয়। এ ছাড়া রাত সোয়া নয়টার দিকে গুলশান ২ নম্বরে সিএজিচালিত একটি অটোরিকশায়, রাত পৌনে ১০টায় মিরপুর মাজার রোডে একটি বাসে এবং রাত সোয়া ১০টার দিকে রামপুরা টিভি ভবনের কাছে একটি ট্যাক্সিক্যাবে আগুন ধরিয়ে দেওয়া হয়। ফায়ার সার্ভিসের কর্মীরা পরে আগুন নেভান। তবে কুতুবখালী কাঁচাবাজারের কাছে বাসটিতে যান্ত্রিক ত্রুটির কারণে আগুন ধরেছিল বলে পুলিশ জানায়। আর বাকি গাড়িতে আগুন লাগানো হয়েছে বলে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষ থেকে বলা হয়েছে।বিশ্ববিদ্যালয় এলাকায় ভাঙচুর: খালেদা জিয়ার বাড়ি ছাড়ার ঘটনার প্রতিবাদে গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের অর্ধশতাধিক নেতা-কর্মী মিছিল নিয়ে ক্যাম্পাসে ঢোকার চেষ্টা করেন। এ সময় পুলিশ বাধা দিলে তাঁরা বিশ্ববিদ্যালয়ের আশপাশে ভাঙচুর করেন।প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে ছাত্রদলের বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক আবদুল মতিন, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ওবায়দুল হক ও যুগ্ম আহ্বায়ক মাহিদুল ইসলামের নেতৃত্বে ৬০-৭০ জন ক্ষুব্ধ নেতা-কর্মী বিক্ষোভ মিছিল নিয়ে শাহবাগ এলাকা দিয়ে ক্যম্পাসে প্রবেশ করার চেষ্টা করেন। পুলিশ বাধা দিলে তাঁরা মিছিল নিয়ে পিছু হটে কাঁটাবন এলাকা দিয়ে প্রবেশ করতে চান। আবারও পুলিশের বাধার সম্মুখীন হলে কাঁটাবন, হাতিরপুল, সেন্ট্রাল রোড ও ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন এলাকায় ১০-১৫টি গাড়ি ভাঙচুর করা হয়।এ বিষয়ে আবদুল মতিন প্রথম আলোকে বলেন, নেতা-কর্মীরা শান্তিপূর্ণ মিছিল নিয়ে যাচ্ছিলেন, কিন্তু পুলিশ কোনো কারণ ছাড়াই বাধা দেয়। গাড়ি ভাঙচুরের বিষয়ে তিনি বলেন, কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটতেই পারে। আজ রোববার হরতাল সফল করতে ক্যাম্পাসে ছাত্রদল বিক্ষোভ মিছিল করবে বলে জানান তিনি। এখান থেকে একজনকে আটক করা হয়েছে।মামলা: রাতে মিরপুর মাজার রোড ও দারুস সালাম রোডের আনসার ক্যাম্পের পাশে অগ্নিসংযোগ করা দুই বাসের মালিক বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে দুটি মামলা করেছেন। গুলশানে অটোরিকশায় আগুন দেওয়ার ঘটনায় যুবদলের কয়েকজন নেতা-কর্মীর নাম উল্লেখ করে আরেকটি মামলা হয়েছে। মিরপুর ১০ নম্বর ও সুইমিংপুলের কাছে অগ্নিসংযোগের ঘটনায় মিরপুর থানায় মামলা হয়েছে দুটি। এর মধ্যে ১০ নম্বরে বাসে আগুন দেওয়ার ঘটনায় কয়েকজনের নাম উল্লেখ করে তাদের আসামি করা হয়েছে। রামপুরায় ট্যাক্সিক্যাবে আগুন দেওয়ার ঘটনায় বিএনপির কয়েকজন নেতার নাম উল্লেখ করে থানায় আরেকটি মামলা করা হয়। মালিবাগের সোহাগ কাউন্টারের কাছে জিপে ও ট্যক্সিক্যাবে এবং নটর ডেম কলেজের সামনে বাসে আগুন দেওয়ার ঘটনায় অজ্ঞাত লোকজনকে আসামি করে মতিঝিল থানায় পৃথক তিনটি মামলা হয়েছে। দনিয়ায় বাসে আগুন দেওয়ার ঘটনায় যাত্রাবাড়ী থানায় একটি মামলা হয়েছে।হরতাল প্রতিহত করার ঘোষণা: বিএনপির ডাকা হরতালকে অবৈধ ঘোষণা করে যেকোনো মূল্যে এটি প্রতিহত করার ঘোষণা দিয়েছে ছাত্রলীগ। সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মাহমুদ হাসান ও সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরীর নেতৃত্বে বিকেল চারটায় টিএসসি সড়ক দ্বীপ থেকে হরতালবিরোধী বিক্ষোভ মিছিল বের করেন সংগঠনের নেতা-কর্মীরা। ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদিক্ষণ শেষে সড়ক দ্বীপে এসে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।সমাবেশের পর ছাত্রলীগের নেতা-কর্মীরা শহীদ মিনার এলাকায় ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলামের অনুসারীদের ধাওয়া দিলে তাঁরা পালিয়ে যান। এ বিষয়ে ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি শেখ সোহেল রানা প্রথম আলোকে বলেন, ছাত্রদলের কিছু নেতা-কর্মী ওই এলাকায় ভাঙচুরের পাঁয়তারা করছিলেন। পরে ছাত্রলীগ সাধারণ ছাত্রদের নিয়ে তাঁদের তাড়িয়ে দেয়।