সপ্তাহের প্রথম দিনে ব্যাপক দরপতনের ধাক্কায় ক্ষুব্ধ বিনিয়োগকারীরা এবার আমরণ অনশন কর্মসূচিতে গেলেন। সরকারের সর্বোচ্চ মহল থেকে বাজার স্থিতিশীলকরণের কোনো আশ্বাস না পাওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তাঁরা। এদিকে, বিনিয়োগকারীদের এ কর্মসূচিতে সংহতি জানিয়েছে প্রধান বিরোধী দল বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। এর ফলে শেয়ারবাজার ধসের পর থেকে ধারাবাহিকভাবে চালিয়ে আসা বিনিয়োগকারীদের আন্দোলন নতুন একটি মাত্রা পেল। সংহতি সমাবেশে রাজনৈতিক দলের নেতারা শেয়ারবাজারের কেলেঙ্কারির জন্য সরকারের অদক্ষতা ও ব্যর্থতাকে দায়ী করেন। একই সঙ্গে তাঁরা এ কেলেঙ্কারির সঙ্গে জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি চান।গতকাল রোববার শেয়ারবাজারে বড় ধরনের দরপতন ঘটেছে। বাজার বিশ্লেষকেরা বলছেন, বাজার স্থিতিশীলকরণে নিয়ন্ত্রক সংস্থা ও সরকারের পক্ষ থেকে বারবার নানা পদক্ষেপ নেওয়ার কথা বলা হয়েছে। কিন্তু কোনো পদক্ষেপেরই চূড়ান্ত বাস্তবায়ন হয়নি। ফলে বিনিয়োগকারীরা চরম আস্থাহীনতায় ভুগছেন। এ কারণে কোনো একটি আশ্বাসের ভিত্তিতে বাজার এক দিন কিছুটা বাড়লেও পরের দিন থেকে তার চেয়ে বেশি গতিতে কমতে শুরু করে। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) চেয়ারম্যান এম খায়রুল হোসেন গত বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করে বাজার স্থিতিশীলকরণে বিভিন্ন উদ্যোগের কথা জানান। এ সময় তিনি সরকারের শীর্ষ পর্যায়ের সঙ্গে আলোচনা করেই এসব উদ্যোগ নেওয়া হচ্ছে বলে উল্লেখ করে বলেন, আগামী দু-এক দিনের মধ্যে এসব ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে। এসইসির চেয়ারম্যানের এ বক্তব্যের একটি ইতিবাচক প্রভাব পড়ে বাজারে। কিন্তু সংবাদ সম্মেলনের দুই কর্মদিবস পরও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ থেকে কোনো সুনির্দিষ্ট দিকনির্দেশনা আসেনি। গতকালের দরপতনের জন্য এটিকেই বড় কারণ হিসেবে দেখছেন বাজারসংশ্লিষ্টরা। গতকাল রাতে অবশ্য এসব প্রতিশ্রুতি নিয়ে অর্থমন্ত্রী সচিবালয়ে সংশ্লিষ্টদের নিয়ে বৈঠক করেছেন। বৈঠকে জানানো হয়েছে, দু-এক দিনের মধ্যে নির্দিষ্ট ঘোষণা আসবে।অনশনে রাজনৈতিক দলের সংহতি: পুঁজিবাজার স্থিতিশীল করার দাবিতে গতকাল সকালে লেনদেন শুরুর সঙ্গে সঙ্গে রাজধানীর মতিঝিলে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ভবনের সামনে বিনিয়োগকারীরা অনশন কর্মসূচি শুরু করেন। বেশ কয়েকজন নারী বিনিয়োগকারীসহ কয়েক শ বিনিয়োগকারী এতে অংশ নেন। এ সময় বিনিয়োগকারীদের অনেকের মাথায় কাফনের প্রতীক হিসেবে সাদা কাপড় বাঁধা ছিল। আর হাতে ছিল নানা স্লোগানসংবলিত প্ল্যাকার্ড। বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের উদ্যোগে আয়োজিত অনশন কর্মসূচিতে দুপুর একটার পর থেকে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা এসে সংহতি জানাতে থাকেন। সবার প্রথমে আসেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির প্রেসিডিয়াম সদস্য সাজ্জাদ জহির চন্দন। তিনি দলের পক্ষ থেকে বিনিয়োগকারীদের আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশ করে শেয়ারবাজারে লুণ্ঠনের সঙ্গে জড়িতদের শাস্তি দাবি করেন।এরপর দুপুর পৌনে দুইটার দিকে সংহতি সমাবেশে এসে যোগ দেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। তিনি বলেন, ‘শেয়ারবাজারে ভয়াবহ ধসের কারণে বিনিয়োগকারীরা নিঃস্ব হয়ে যাচ্ছেন। এটা কারও কাম্য নয়। শেয়ারবাজারের কারসাজিতে জড়িতদের সবাই চেনেন। তাঁদের অবশ্যই শাস্তি দিতে হবে।’ এ সময় বিনিয়োগকারীরা এরশাদের আগমনকে স্বাগত জানিয়ে স্লোগান দেন। প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে এরশাদ বলেন, ‘আপনি একজন মা হিসেবে তাঁদের (বিনিয়োগকারী) পাশে এসে দাঁড়ান। তাঁদের দুঃখ-দুর্দশা দূর করার চেষ্টা করুন।’ এ সময় বিনিয়োগকারীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবি করেন তিনি।বিনিয়োগকারীদের অনশন প্রত্যাহারের আহ্বান জানিয়ে এরশাদ বলেন, ‘আমি দায়িত্ব নিচ্ছি, প্রধানমন্ত্রীর কাছে তোমাদের দুর্দশার বিষয়টি জানাব। এ সংকট অবশ্যই দূর হবে।’এর কিছুক্ষণ পরে বিনিয়োগকারীদের সঙ্গে সংহতি প্রকাশ করতে আসেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান। তিনি বলেন, ‘সরকার আসল অপরাধীদের আড়াল করতে উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে চাপানোর চেষ্টা করছে। এ জন্য বিনিয়োগকারীদের ওপর জুলুম-অত্যাচার এবং মামলা দায়ের করছে সরকার। আমরা ক্ষমতায় এলে এর সুষ্ঠু বিচার করব।’ মঈন খান আরও বলেন, ‘শেয়ারবাজারে কারসাজি তদন্তে কমিটি যখন প্রতিবেদন জমা দিল, তখন বলা হলো দোষীদের নাম প্রকাশ করা হচ্ছে না। পৃথিবীর ইতিহাসে এমন নজির নেই যে প্রকৃত দোষীদের নাম প্রকাশ করা যাবে না। ভবিষ্যতে আমরা সরকারে এলে শক্তিশালী পুঁজিবাজার গঠনের মাধ্যমে বিধ্বস্ত অর্থনীতি পুনরুদ্ধার করব।’জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব শেয়ারবাজারের বর্তমান পরিস্থিতির জন্য সরকারের দায়িত্বহীনতাকে দায়ী করে বলেন, ‘বর্তমান সরকার দিনবদলের কথা বলে ক্ষমতায় এসেছে। ৩৪ লাখ বিনিয়োগকারীকে হত্যা করা যদি দিনবদল হয়, তাহলে আমরা এই দিনবদল চাই না।’ রাত ১০টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত ডিএসইর সামনে বিনিয়োগকারীদের অনশন কর্মসূচি চলছিল। যোগাযোগ করা হলে ঐক্য পরিষদের সভাপতি মিজানুর রশীদ চৌধুরী বলেন, ‘সরকারের শীর্ষ পর্যায় থেকে বাজার স্থিতিশীলকরণে কোনো পদক্ষেপ না নেওয়া পর্যন্ত আমাদের কর্মসূচি চলবে।’ বাজার পরিস্থিতি: ডিএসইর সাধারণ মূল্যসূচক গতকাল এক দিনেই সোয়া ৩ শতাংশ বা ১৮১ পয়েন্ট কমে নেমে এসেছে পাঁচ হাজার ৩৮৭ পয়েন্টে। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক ২ দশমিক ৬৯ শতাংশ বা প্রায় ৪১৯ পয়েন্ট কমে হয়েছে ১৫ হাজার ১৫৯ পয়েন্ট।একই সঙ্গে দুই স্টক এক্সচেঞ্জে লেনদেনের পরিমাণও আগের দিনের চেয়ে কমেছে। ডিএসইতে গতকাল ২৫৯ কোটি টাকা লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে প্রায় ১০৬ কোটি টাকা কম। সিএসইতে গতকাল ৪৫ কোটি টাকার শেয়ার লেনদেন হয়, যা আগের দিনের চেয়ে ১৭ কোটি টাকা কম। এদিন ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ৯৫ এবং সিএসইতে লেনদেন হওয়া ৯৭ শতাংশ কোম্পানির শেয়ারের দর কমেছে। দেশজুড়ে অনশন: আমাদের নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা জানান, পুঁজিবাজারের স্থিতিশীলতার দাবিতে গতকাল সকাল ১০টায় জিলা স্কুলের সড়কের পার্শ্ববর্তী ব্র্যাক ইপিএল হাউসের সামনে একদল বিনিয়োগকারী অনশন কর্মসূচি পালন করেছেন। বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদ কুমিল্লা শাখার উদ্যোগে ওই কর্মসূচি পালন করা হয়। আমাদের নিজস্ব প্রতিবেদক, সিলেট জানান, শেয়ারবাজারের উন্নয়নে ১৩ দফা প্রস্তাব তুলে ধরেছে সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ। গতকাল দুপুরে চেম্বার ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটির সভাপতি ফারুক আহমদ এসব প্রস্তাব তুলে ধরেন। এর মধ্যে রয়েছে—ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের ঋণের সুদের টাকা দুই বছরের জন্য স্থগিত করে পরবর্তী সময়ে পরিশোধের ব্যবস্থা, ওটিসি মার্কেটকে গতিশীল করা, প্রবাসী বিনিয়োগকারীদের জন্য বিশেষ প্রণোদনার ব্যবস্থা করা, বাধ্যতামূলক বিক্রি বন্ধ, এসইসিকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখা ইত্যাদি।