পহেলা বৈশাখে অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে রমনা পার্কের আশপাশে মোতায়েন থাকবে সাড়ে ছয় হাজার পুলিশ ও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) আড়াই হাজার সদস্য। থাকবে চার স্তরের নিরাপত্তাব্যবস্থা। অনুষ্ঠানস্থলে যাওয়ার পথে একাধিক চৌকি বসিয়ে তল্লাশি করা হবে। এবার রমনা ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার আশপাশের রাস্তা ও ফুটপাথে ভাসমান ব্যবসায়ীদের অবস্থান নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর পুলিশ।রমনার পাশাপাশি রমনা ও ধানমন্ডি এলাকাকে রেড জোন হিসেবে ঘোষণা করে বিশেষ নিরাপত্তাব্যবস্থা নিয়েছে র্যাব। আজ থেকেই রমনা পার্কের নিয়ন্ত্রণ নিয়েছে পুলিশ।সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, সিসিটিভি দিয়ে পুরো এলাকা পর্যবেক্ষণ করা হবে। থাকবে গোয়েন্দা নজরদারি। রমনা পার্কের বাইরে রাজধানীতে মোট ১৭৪টি অনুষ্ঠানস্থলেও থাকবে নিরাপত্তাব্যবস্থা।আজ সোমবার বেলা ১১টার দিকে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার এ কে এম শহিদুল হক রমনা পার্ক এলাকা পরিদর্শন করেন। এ সময় তিনি সাংবাদিকদের বলেন, নাশকতার কোনো আশঙ্কা নেই। নিরাপত্তার জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে নিরাপত্তার নামে কোনো কড়াকড়ি থাকবে না।তিনি বলেন, মা-বাবার সঙ্গে আসা বাচ্চা হারিয়ে যাতে কেউ হয়রানিতে না পড়ে, সে জন্য বিশেষ ব্যবস্থা থাকবে। কাজ করবে ‘লস্ট অ্যান্ড ফাউন্ড সেন্টার’। পার্কের ভেতর স্থাপিত নিয়ন্ত্রণকক্ষে থাকবেন চিকিতৎসক। বিশুদ্ধ খাবার পানি সরবরাহ করা হবে পুলিশের পক্ষ থেকে। নিরাপত্তার জন্য অনুষ্ঠানের ভেতরে সাদা পোশাকে গোয়েন্দারা দায়িত্ব পালন করবেন।পুলিশ কমিশনারের পর আজ দুপুরে রমনা বটমূল ও ধানমন্ডি রবীন্দ্রসরোবর এলাকায় নিরাপত্তাব্যবস্থা পরিদর্শন করেন র্যাবের অতিরিক্ত মহাপরিচালক কর্নেল মতিউর রহমান। তিনি সাংবাদিকদের জানান, শুধু রমনায় ৩০টি সিসিটিভি দিয়ে পুরো এলাকাকে সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হবে। শব্দ ও ছবি ধারণ করতে পারে—এমন বিশেষ যন্ত্র দিয়ে অনেক দূর পর্যন্ত পর্যবেক্ষণ করা হবে। এ ছাড়া প্রথমবারের মতো মঙ্গল শোভাযাত্রাতেও সিসিটিভি থাকবে। নিরাপত্তাব্যবস্থা সমন্বয় ও পর্যবেক্ষণের জন্য থাকবে বিশেষ নিয়ন্ত্রণকক্ষ।কর্নেল মতিউর রহমান জানান, কোনো ধরনের নাশকতার আশঙ্কা না থাকলেও গত পাঁচ বছরের চেয়ে এবার সবচেয়ে বেশি নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। এ ছাড়া স্পিডবোট নিয়ে ধানমন্ডি ও রমনা লেকে টহল দেবে নৌবাহিনী ও র্যাবের যৌথ দল।র্্যাবের আইন ও জনসংযোগ বিভাগের পরিচালক মোহাম্মদ সোহায়েল জানান, নির্বিঘ্নে বর্ষবরণ অনুষ্ঠান উদযাপনের জন্য থাকবে বোমা উদ্ধার দল, ডগ স্কোয়াড, পর্যবেক্ষণ দল, আউট পোস্ট ও চিকিত্সা দল। এর বাইরে সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনা, সিনেমা হল, বৈশাখী মেলায় র্যাবের টহল থাকবে।যান চলাচল বন্ধ থাকবে যে রাস্তাগুলোতে: রমনা থানা থেকে টেলিযোগাযোগ ভবন হয়ে শেরাটন-পিজি (শাহবাগ) ক্রসিং হয়ে টিএসসি-দোয়েল চত্বর-হাইকোর্ট হয়ে বেইলি রোড পর্যন্ত। পিজি-মত্স্য ভবন-কদমফুল (প্রেসক্লাব) ক্রসিং হয়ে হাইকোর্ট পর্যন্ত। শেরাটন ক্রসিং থেকে হেয়ার রোড-কাকরাইল মসজিদ ক্রসিং, চার্চ ক্রসিং হয়ে মত্স্য ভবন পর্যন্ত। নীলক্ষেত থেকে টিএসসি পর্যন্ত। পলাশীর মোড় থেকে শহীদ মিনার হয়ে দোয়েল চত্বর পর্যন্ত এবং বকশীবাজার থেকে জগন্নাথ হল হয়ে টিএসসি পর্যন্ত।প্রবেশ ও বের হওয়ার ফটক: চারটি নির্দিষ্ট ফটক দিয়ে প্রবেশ করা যাবে। এগুলো হল অরুণোদয় ফটক, অস্তাচল ফটক, বৈশাখী ও অস্তাচলের মধ্যবর্তী নতুন ফটক ও রমনা রেস্তোরাঁ ফটক। তবে কাকরাইল মসজিদের দক্ষিণে শ্যামলীমা গেট দিয়ে দিয়ে প্রবেশ ও বের হওয়া যাবে। আর শুধু বের হওয়ার ফটকগুলো হলো উত্তরায়ণ ফটক, স্টার ফটক ও বৈশাখী ফটক।আর সোহরাওয়ার্দী উদ্যানে ঢোকার জন্য ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন-সংলগ্ন ফটক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি-সংলগ্ন ফটক ও তিন নেতার মাজার-সংলগ্ন ফটক ব্যবহার করতে হবে। আর বের হতে হবে চারুকলার বিপরীতের ফটক ও রমনা কালী মন্দিরের ফটক দিয়ে। সোহরাওয়ার্দী উদ্যানের শিখাচিরন্তন ফটক বন্ধ থাকবে।