ব্যাপক বিক্ষোভ ভাঙচুর-আগুন আহত ১০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার কেরানীগঞ্জ উপজেলায় একটি রাসায়নিক কারখানা সরিয়ে নেওয়ার দাবিতে গতকাল শুক্রবার স্থানীয় লোকজন বিক্ষোভ করেছে। বিক্ষুব্ধ জনতা বুড়িগঙ্গা প্রথম চীন মৈত্রী সেতু অবরোধ করে ও সংশ্লিষ্ট কারখানার একটি লবণবাহী নৌযানে আগুন ধরিয়ে দেয়।পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে পুলিশসহ অন্তত ১০ জন আহত হন।স্থানীয় সূত্রে জানা যায়, দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকার কন্টিনেন্টাল সড়কের গ্লোবাল হেভি কেমিক্যাল কোম্পানি লিমিটেড নামের একটি কারখানা সরিয়ে নিতে স্থানীয় লোকজন অনেক দিন ধরে দাবি জানিয়ে আসছিল। এই কারখানায় কস্টিক সোডা, ব্লিচিং পাউডার উ ৎপাদন করা হয়। স্থানীয় লোকজনের অভিযোগ, কারখানা থেকে নিঃসৃত গ্যাসে পরিবেশের ব্যাপক ক্ষতি হচ্ছে। কারখানাটি সরিয়ে নেওয়ার দাবিতে সম্প্রতি আন্দোলনের ঘোষণা দেয় স্থানীয় লোকজন। এর ধারাবাহিকতায় সুসচেতন নাগরিক কমিটির ব্যানারে ইকুরিয়া, বেয়াড়া, দোলেশ্বর, হাসনাবাদ, পানগাঁওসহ কয়েকটি গ্রামের হাজারো মানুষ গতকাল সকাল ১০টার দিকে বুড়িগঙ্গা প্রথম চীন মৈত্রী সেতুতে মানববন্ধন শুরু করে।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মানববন্ধনে স্থানীয় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, রাজনৈতিক নেতাসহ সর্বস্তরের মানুষ অংশ নেয়। তাঁরা বিভিন্ন স্লোগান লেখা প্ল্যাকার্ড ও ব্যানার বহন করে। মানববন্ধনের একপর্যায়ে লোকজন বিক্ষুব্ধ হয়ে সেতু অবরোধ করে বিক্ষোভ মিছিল শুরু করে। এ সময় প্রায় আধা ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। পরে বিক্ষুব্ধ লোকজন মিছিল নিয়ে গ্লোবাল হেভি কেমিক্যাল কারখানার দিকে রওনা দেয়। মিছিলটি কারখানার কাছে পৌঁছালে উত্তেজিত অনেকেই কারখানা লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের সরিয়ে দেয়। বিক্ষুব্ধ লোকজন পিছু হটে বুড়িগঙ্গা নদীতে নোঙর করা ওই কারখানায় লবণ সরবরাহকারী একটি বড় নৌযানে হামলা চালায়। নৌযান লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ার পাশাপাশি এতে উঠে লাঠি দিয়ে ভাঙচুর করা হয়। উত্তেজিত জনতা নৌযানে থাকা বিভিন্ন জিনিসপত্র নদীতে ফেলে দেয়। একপর্যায়ে সেখানে আগুন ধরিয়ে দেওয়া হয়। ভাঙচুর ও আগুনে জাহাজের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এ ছাড়া নদীর তীরে থাকা লবণবাহী চারটি ট্রাকেও ভাঙচুর চালানো হয়। ভাঙচুর ও অগ্নিসংযোগের সময় পুলিশ বাধা দেওয়ার চেষ্টা করলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এতে ইটপাটকেলের আঘাতে চার পুলিশ সদস্যসহ অন্তত ১০ আহত হন। একপর্যায়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বেলা সাড়ে ১১টার দিকে দমকল বাহিনীর দুটি দল এসে আগুন নেভায়। সংঘর্ষে আহত পুলিশ সদস্যরা হলেন দক্ষিণ কেরানীগঞ্জ থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আকরাম হোসেন, কনস্টেবল জাহাঙ্গীর আলম, মো. ইকবাল ও আজিজুল হক। তাঁদের প্রাথমিক চিকি ৎসা দেওয়া হয়। আহত অন্যরা স্থানীয়ভাবে চিকি ৎসা নেন।ঘটনার পর কারখানার সহকারী পরিকল্পনা ব্যবস্থাপক মিলন হোসেন সাংবাদিকদের জানান, ‘যখন এই জায়গায় কারখানা করা হয়, তখন এটা আবাসিক এলাকা ছিল না। তা ছাড়া আমাদের নিবন্ধন, পরিবেশ ছাড়পত্রসহ সব ধরনের বৈধতা আছে। আমরা স্থানীয় লোকজনের সঙ্গে আলোচনা করে সমস্যা সমাধানের চেষ্টা করছি।’ক্ষতিগ্রস্ত নৌযান এমভি ব্লু আইল্যান্ডের মাস্টার রেজাউল ইসলাম অভিযোগ করেন, আগুন জাহাজের পাঁচটি ইঞ্জিনের তিনটিই বিকল হয়ে গেছে। মাস্টার কেবিনসহ বিভিন্ন অংশে ব্যাপক ভাঙচুর হয়েছে। সুসচেতন নাগরিক কমিটির জ্যেষ্ঠ আহ্বায়ক এস এম রহমত উল্লাহ জানান, গত প্রায় এক বছরে কারখানাটিতে কয়েকবার রাসায়নিক বিস্ফোরণ ঘটেছে। এতে অনেক লোক আহত হয়েছে। তা ছাড়া কারখানার নির্গত গ্যাসে আশপাশের পরিবেশ নষ্ট হচ্ছে। গাছপালা, গবাদিপশু মরে যাচ্ছে। আশপাশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীরা ক্লাস করতে পারে না। তিনি জানান, কারখানা কর্তৃপক্ষকে কয়েকবার আলোচনার প্রস্তাব দিলেও সাড়া দেয়নি। তাই জনগণ আন্দোলনে নেমেছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। স্থানীয় একজন স্কুলশিক্ষিকা বলেন, গত অক্টোবরে ওই কারখানায় বড় ধরনের বিস্ফোরণ ঘটে। এর পর থেকে আতঙ্কে শিক্ষার্থীদের উপস্থিতি কমে গেছে। ঢাকা-৩ আসনের সাংসদ নসরুল হামিদ বলেন, ‘জনগণের দাবির সঙ্গে আমিও একমত। সংশ্লিষ্টদের সঙ্গে আমার কথা হয়েছে। আশা করি, আলোচনার মাধ্যমে একটি সমাধানে পৌঁছাতে পারব।’দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন জানান, বিক্ষুব্ধ লোকজনকে সামাল দিতে গিয়ে চার পুলিশ সদস্য সামান্য আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।