ব্যালট পেপার ছিনতাই, পাল্টাপাল্টি ধাওয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদীর শিবপুর, ঢাকার কেরানীগঞ্জ, জামালপুর সদর, নাটোরের লালপুর, কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় গতকাল শনিবার ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সময় সাতটি কেন্দ্রের ব্যালট পেপার ছিনতাই ও ছিনতাইয়ের চেষ্টার ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুটি কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করা হয়।এ সময় পুলিশ বাধা দিলে তাদের সঙ্গে প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। কয়েকটি স্থানে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া হয়েছে। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ছয়জনকে আটক, ছয়জনকে জরিমানা এবং পাঁচজনকে কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।এ ছাড়া গতকাল কিশোরগঞ্জের কটিয়াদী, গোপালগঞ্জের কোটালীপাড়া, সুনামগঞ্জের ছাতক, নেত্রকোনার মদন, মৌলভীবাজারের বড়লেখা উপজেলার ইউনিয়ন পরিষদগুলোতে শান্তিপূর্ণ নির্বাচনের খবর পাওয়া গেছে।ঢাকার বাইরে আমাদের আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর: নরসিংদী: শিবপুর উপজেলার দুলালপুর ইউপির সাবেক চেয়ারম্যান ও চেয়ারম্যান পদপ্রার্থী নাজিম উদ্দিন বলেন, দুপুর দুইটার দিকে পুলিশের উপস্থিতিতে দুলালপুর উচ্চবিদ্যালয় ভোটকেন্দ্রে একদল সশস্ত্র সন্ত্রাসী হামলা চালায়। সন্ত্রাসীরা ভোটার তালিকা ছিনতাই করে এবং কয়েকটি ব্যালট পেপার ছিঁড়ে ফেলে। এ ঘটনায় আধা ঘণ্টা ওই কেন্দ্রের একটি কক্ষে ভোট গ্রহণ স্থগিত রাখে কর্তৃপক্ষ।এ ছাড়া ভোট গ্রহণ শেষ হওয়ার পাঁচ মিনিট আগে শিবপুরের জয়নগর ইউনিয়নের ভঙ্গারচর ও নৌকাঘাটা ভোটকেন্দ্রে ব্যালট পেপার ছিনতাইকালে তিন ব্যক্তিকে আটক করে পুলিশ।কুষ্টিয়া: দৌলতপুর উপজেলার প্রাগপুর ইউনিয়নের মক্তবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের ব্যালট বাক্স ছিনতাইয়ের চেষ্টা হয়েছে। ওই কেন্দ্রে দায়িত্বরত পুলিশের উপপরিদর্শক (এসআই) শওকত আলী প্রথম আলোকে বলেন, দুপুর দেড়টার দিকে আওয়ামী লীগ-সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী আশরাফুল ইসলামের শতাধিক লোকজন লাঠিসোঁটা ও হাঁসুয়া নিয়ে ব্যালট বাক্স ছিনতাই করতে আসে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বাধা দিলে তারা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। পরে পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে লাঠিপেটা করে এবং ১১টি ফাঁকা গুলি ছোড়ে। এ সময় পুলিশের এক সদস্য ইটের আঘাতে আহত হন।দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু হেনা মোস্তাফা কামাল বলেন, গোলযোগের সময় ওই কেন্দ্রে বেলা দেড়টা থেকে দুইটা পর্যন্ত আধা ঘণ্টা ভোট গ্রহণ বন্ধ ছিল। ওই সময় আটক পাঁচজনকে ছেড়ে দেওয়া হয়েছে। বাকি দুজনকে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।এ ছাড়া দৌলতপুরে জাল ভোট দেওয়ার অভিযোগে মামুন হোসেন নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার এবং নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে পাঁচজনকে বিভিন্ন অঙ্কের টাকার জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। কেরানীগঞ্জ (ঢাকা): বেলা ১১টার দিকে কেরানীগঞ্জের হযরতপুর ইউনিয়নের আওয়ামী লীগ-সমর্থিত চেয়ারম্যান প্রার্থী মো. আলাউদ্দিনের কয়েকজন কর্মী জোর করে লংকারচর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের ব্যালট পেপার ছিনতাই করে ছাপ দেওয়ার চেষ্টা করে। পুলিশ বাধা দিলে তাদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়া হয়। এ সময় পুলিশ রোকশানা বেগম (৩৫) ও আনোয়ার হোসেন (২৮) নামের দুজনকে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালত ওই দুজনকে ছয় মাসের কারাদণ্ডাদেশ দেন।ঢাকার জেলা প্রশাসক মুহিবুল হক বলেন, ব্যালট পেপার ছিনতাই ও অনিয়মের অভিযোগ ওঠায় লংকাচর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে।এর আগে সকাল ১০টার দিকে রুহিতপুুর ইউনিয়নের রুহিতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে অবৈধভাবে প্রবেশের অভিযোগে রুহিতপুর ইউনিয়ন আনসার ও ভিডিপির কমান্ডার মো. অলিউল্লাহ ও মতিউর রহমানকে আটক করে পুলিশ। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমান বলেন, মতিউরকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আর অলিউল্লাহর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। এ ছাড়া এক চেয়ারম্যান প্রার্থীর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করায় রুহিতপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী রতন উজ্জামানকে ছয় মাসের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে। জামালপুর: বেলা পৌনে তিনটার দিকে সদর উপজেলার শরিফপুর ইউনিয়নের রণরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের বাইরে আওয়ামী লীগ-সমর্থিত দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে কেন্দ্রের বাইরে মারামারি হয়। ওই সময় একদল যুবক পাঁচটি ব্যালট বই ও কয়েকটি সিল ছিনতাই করে নিয়ে যায়। পরে সংশ্লিষ্ট প্রিসাইডিং কর্মকর্তা ওই কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করে দেন।উপজেলার লক্ষ্মীরচর ইউনিয়নের চরযথার্থপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দুপুর ১২টার দিকে আওয়ামী লীগ-সমর্থিত দুই চেয়ারম্যান প্রার্থী আফজাল হোসেন ও আবদুল গফুরের সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এ সময় প্রতিপক্ষের লোকজন আফজালকে মারধর করে কেন্দ্র থেকে বের করে দেয়। তুলসীরচর ইউনিয়নের আওয়ামী লীগ-সমর্থিত প্রতিদ্বন্দ্বী দুই চেয়ারম্যান প্রার্থী মমিনুল হক ও শহীদুল্লাহ শহিদ তাঁদের নিজ নিজ কেন্দ্রে জোর করে ছাপ মেরে ভোট নিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।নাটোর: নাটোরের লালপুর উপজেলার বড়বড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে বেলা সোয়া তিনটার দিকে কয়েকজন সন্ত্রাসী জোর করে ৬ নম্বর কক্ষে ঢোকে। তারা পোলিং কর্মকর্তার কাছ থেকে ভোটপত্র ছিনিয়ে নেয় এবং আওয়ামী লীগ-সমর্থিত চেয়ারম্যান প্রার্থী ইসহাক আলীর গরুর গাড়ি প্রতীকে ছাপ মারে। ছাপ মারা ব্যালট পেপারগুলো ব্যালট বাক্সে ঢোকানোর চেষ্টা করে। এই কাজে বাধা দিলে সন্ত্রাসীরা পোলিং কর্মকর্তা আবদুল মালেক ও বিএনপি-সমর্থিত চেয়ারম্যান প্রার্থী বেলাল হোসেনের এজেন্ট আবদুর রউফসহ কর্তব্যরত আনসার সদস্যদের লাঞ্ছিত করে। খবর পেয়ে র্যাব ও অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গেলে সন্ত্রাসীরা ছাপ মারা ছয়টি ব্যালট পেপার ফেলে পালিয়ে যায়। পরে দুজন ম্যাজিস্ট্রেট ও পুলিশ কর্মকর্তাদের উপস্থিতিতে ভোট গ্রহণ করা হয়। লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান বড়বড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ঘটনাটি নিশ্চিত করেছেন।প্রসঙ্গত, চেয়ারম্যান প্রার্থী ইসহাক আলী লালপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।