ব্যালট পেপার ছিনতাইকালে পুলিশের গুলিতে একজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় আজ রোববার ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সময় ব্যালট পেপার ছিনতাইকালে পুলিশের গুলিতে একজন নিহত হয়েছেন। তাঁর নাম আবু ইউসুফ ওরফে মনা (২৮)। উপজেলার নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়ন পরিষদের কালিয়াইশ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, তালা প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল হোসেনের লোকজন কেন্দ্র থেকে ব্যালট পেপার ছিনতাই করতে গেলে পুলিশ গুলি চালায়। গুলিতে আবু ইউসুফ নিহত এবং দুজন আহত হন।এ নিয়ে পুলিশের সঙ্গে স্থানীয় মানুষের কয়েক দফা সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়া হয়। এতে ছয় পুলিশ সদস্য আহত হন। এর পর থেকে ওই কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত রয়েছে।কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা মো. আবদুর রশিদ মজুমদার জানান, একদল সন্ত্রাসী হঠাত্ করে কেন্দ্রে ঢুকে ব্যালট পেপার ছিনিয়ে নেয়। এ সময় কর্তব্যরত পুলিশ গুলি চালালে ঘটনাস্থলে একজন নিহত হয়।চাঁদপুরের পুলিশ সুপার মুহম্মদ শহীদ উল্লা চৌধুরী পুলিশের গুলিতে একজন নিহত হওয়ার খবর প্রথম আলোকে নিশ্চিত করেছেন। তিনি জানান, পুলিশ ও র‌্যাবের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছেন।