সিরাজদিখানে ইউপি নির্বাচন
ব্যালট বাক্স ছিনতাই অস্ত্র লুট, ম্যাজিস্ট্রেটসহ ১০ পুলিশ আহত
মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলায় গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে কয়েকটি কেন্দ্রে ব্যালট বাক্স ছিনতাই, পুলিশের অস্ত্র লুট এবং পুলিশ ও ম্যাজিস্ট্রেটের ওপর হামলার ঘটনা ঘটেছে। হামলাকারীদের ছোড়া টেঁটাবিদ্ধ হয়ে ও মারপিটের শিকার হয়ে ম্যাজিস্ট্রেটসহ কমপক্ষে ১০ পুলিশ সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় দুটি কেন্দ্রের ফল স্থগিত ঘোষণা করা হয়েছে। উপজেলার লতব্দি, ইছাপুরা, বাসাইল ও কোলাপুরা ইউনিয়নে এসব ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী, পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল উপজেলার মোট ১০টি ইউনিয়নে ভোট গ্রহণ হয়। লতব্দি ইউপির একটি কেন্দ্র ছিল লতব্দি উচ্চবিদ্যালয়ে। ভোট গণনার পর রাত আটটার দিকে ওই কেন্দ্রে চেয়ারম্যান পদে হাতেম ফজলু (তালা মার্কা) তাঁর প্রতিদ্বন্দ্বী আব্দুল মান্নান কম্পানীর (আনারস মার্কা) চেয়ে ৩৮১ ভোট কম পেয়েছেন বলে ঘোষণা করা হয়। এ ঘোষণার পর হাতেম ফজলুর লোকজন টেঁটা, জুইত্যা, বল্লম, লাঠিসোঁটাসহ বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র নিয়ে ভোটকেন্দ্রে হামলা চালায়। তারা পুলিশকে লক্ষ্য করে টেঁটা ও ইটপাটকেল নিক্ষেপ করে। একপর্যায়ে তারা পুলিশকে অবরোধ করে ব্যালট বাক্স ও ব্যালট পেপার ছিনিয়ে নেয়। তারা পুলিশের কাছ থেকে একটি রাইফেল লুট করে নিয়ে যায়। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সেখানে গেলে গ্রামবাসীর সঙ্গে পুলিশ সদস্যদের কয়েক ঘণ্টা সংঘর্ষ চলে। ওই কেন্দ্রের দায়িত্বে থাকা পুলিশের পরিদর্শক মো. মজিবুর রহমান বলেন, তাঁরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ২৫-৩০টি গুলি ছোড়েন। এ সময় টেঁটাবিদ্ধ হন কনস্টেবল শামীমুল ইসলাম ও আনসার সদস্য ইয়াসিন। এ ছাড়া আরও তিনজন পুলিশ সদস্য আহত হন। টেঁটাবিদ্ধ ব্যক্তিদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। গত রাত সাড়ে ১২টা পর্যন্ত পুলিশের লুট হওয়া অস্ত্র এবং ব্যালট বাক্স উদ্ধার করতে পারেনি পুলিশ। ওই কেন্দ্রের ফলাফল স্থগিত করা হয়েছে।ইছাপুরা ইউনিয়নের ইছাপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রেও ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করা হয়। এই কেন্দ্রে চেয়ারম্যান পদে আব্দুল মতিন হাওলাদার প্রতিদ্বন্দ্বী অরুণ চৌধুরীর চেয়ে ৮০০ ভোট বেশি পান। এই খবরে অরুণ চৌধুরী কয়েক শ লোকজন নিয়ে ওই কেন্দ্রের পুলিশ ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আইরিন খানকে অবরোধ করে সব ব্যালট বাক্স ও ব্যালট পেপার, পাঁচটি গুলিসহ একটি ম্যাগাজিন ছিনতাই করে নিয়ে যায়। অবরুদ্ধ ম্যাজিস্ট্রেট ও পুলিশ সদস্যদের উদ্ধার করতে সিরাজদিখান থেকে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ যায়। তারাও বাধার মুখে পড়ে। রাত ১০টা পর্যন্ত পুলিশের সঙ্গে অরুণ চৌধুরীর লোকজনের সংঘর্ষ হয়। এ সময় তারা ম্যাজিস্ট্রেট আইরিন খান ও পুলিশের ওপর চড়াও হয়। তাদের হামলায় আহত হন পাঁচ পুলিশ সদস্য। লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সাহাকেও তারা লাঞ্ছিত করে। আহত পুলিশ কনস্টেবল মোতালেব ও আশিকুল ইসলামকে ইছাপুরা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। ওসি সুব্রত কুমার সাহা বলেন, ফলাফল ঘোষণা দেওয়ার সঙ্গে সঙ্গে অরুণ চৌধুরী তার লোকজন নিয়ে হামলা করেন। তিনি জানান, এই কেন্দ্রের ফলাফলও স্থগিত করা হয়েছে। এদিকে, বাসাইল ইউনিয়নের কেন্দ্র বাসাইল উচ্চবিদ্যালয়ে ভোট গণনা শেষে ব্যালট বাক্স নিয়ে প্রিসাইডিং কর্মকর্তা উপজেলা কার্যালয়ে আসার পথে এক প্রার্থীর লোকজন তাঁদের ঘেরাও করে। তারা কেন্দ্রের ফলাফল কেন্দ্রেই ঘোষণা করার দাবি জানায়। কিন্তু কর্মকর্তা উপজেলা কার্যালয়ে যেতে চাইলে তাঁদের ওই কেন্দ্রে অবরোধ করে রাখা হয়। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে তাঁদের উদ্ধার করে। এ ছাড়া কোলাপারা ইউনিয়নেও ভোট গণনা নিয়ে বিশৃঙ্খলা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ প্রসঙ্গে মুন্সিগঞ্জের পুলিশ সুপার মো. শফিকুল ইসলামের সঙ্গে মুঠোফোনে একাধিকবার চেষ্টা করেও তাঁর সঙ্গে যোগাযোগ করা যায়নি। সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. দাউদ উর রহমান বলেন, ‘এমন ঘটনার কথা শুনেছি, তবে বিস্তারিত বলতে পারব না।’ এ ঘটনায় চেয়ারম্যান পদপ্রার্থী হাতেম ফজলু ও অরুণ চৌধুরীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাঁদের পাওয়া যায়নি।