ব্যালটসহ উপকরণ কেন্দ্রে পাঠানো হয়েছে
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা বিশ্বাস লুত্ফর রহমান বলেছেন, নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আজ শনিবার বিকেল পাঁচটার আগেই ব্যালট পেপারসহ যাবতীয় নির্বাচনী উপকরণ প্রিসাইডিং অফিসারের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। মালামাল পুলিশি সরবরাহে কেন্দ্রে পাঠানো হয়েছে। সব মালামাল পৌঁছেছে কি না, সহকারী রিটার্নিং কর্মকর্তারা আজ রাতেই ১৬৩টি কেন্দ্রে পরিদর্শন করে তা যাচাই করবেন। নয় ওয়ার্ডের ৫৮টি কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার হবে।আজ শনিবার চাষাঢ়ার জিয়া হলে বিশ্বাস লুৎফুর রহমান সাংবাদিকদের এসব কথা জানান।বিশ্বাস লুত্ফুর রহমান বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক। ১৬৩ কেন্দ্রে আট হাজারের বেশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য থাকবে। এর মধ্যে চার হাজার পুলিশ, আড়াই হাজার আনসার, ডগ স্কোয়াডসহ র্যাব এক হাজার ৪০০ এবং কোস্টগার্ড থাকবে ১০০ জন। পুলিশের ৮১টি মোবাইল টিম, ২৭টি স্ট্রাইকিং ফোর্স থাকবে। ২০টি কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা থাকবে। নির্বাচন কমিশনের পর্যবেক্ষকরা ৩৬টি কেন্দ্রে মুভি ক্যামেরা নিয়ে ঘুরবেন। নির্বাচনে নাশকতার কোনো আশঙ্কা নেই। তিনি ভোটারদের নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার আহ্বান জানান।বিশ্বাস লুত্ফর রহমান বলেন, ‘নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হবে। যদি কেউ নাশকতার চেষ্টা করে বা সৃষ্টি করে এবং কোনো রকম নির্বাচনী অনিয়ম করে, তবে সংশ্লিষ্ট কেন্দ্রে ভোট বন্ধ করে দেওয়া হবে। আমরা প্রকৃত অপরাধীকে ধরব এবং তার বিরুদ্ধে ব্যবস্থা নেব। আমরা আরও খতিয়ে দেখব, সেই লোক কোন প্রার্থীর সমর্থক। অভিযোগ প্রমাণিত হলে সেই প্রার্থীর প্রার্থিতা বাতিল হবে।’বিশ্বাস লুত্ফর রহমান বলেন, ‘নির্বাচনী অপরাধের তাত্ক্ষণিক বিচারের জন্য ৩৬টি মোবাইল কোর্ট আছে। সুতরাং, আমরা বিন্দুমাত্র অনিয়ম হতে দেব না। র্যাব প্রয়োজনে রিটার্নিং ও প্রিসাইডিং কর্মকর্তার নির্দেশে কেন্দ্রের ৪০০ গজ বেষ্টনীর মধ্যে ঢুকবে।’