ব্যালটসহ বাক্স ফেলে দেওয়া হয়েছে পুকুরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদারীপুরের কালকিনিতে সুরক্ষা বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের ব্যবস্থাপনা কমিটির নির্বাচন নিয়ে তুলকালাম কাণ্ড সংঘটিত হয়েছে। ১৮ আগস্ট পৌর এলাকার লামচরী গ্রামে সমিতির কার্যালয়ে নির্বাচন অনুষ্ঠিত হয় এবং সেখানে নির্বাচন পরিচালনা কমিটির লোকদের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগে ইউএনওর কাছে লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে। এ নিয়ে নির্বাচনের প্রার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয় এবং কিছু উচ্ছৃঙ্খল যুবক অফিসের মধ্যে তাণ্ডব চালিয়ে প্রাপ্ত ভোটসহ ভোটার বাক্স পাশের পুকুরে ফেলে দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে না পারায় নির্বাচন বাতিল ঘোষণা করা হয়েছে। প্রত্যক্ষদর্শী ও নির্বাচনের দায়িত্বে থাকা কর্মকর্তারা জানান, এক হাজার ১২৮ জন সদস্য নিয়ে গড়ে ওঠা লামচরী সুরক্ষা বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের ব্যবস্থাপনা কমিটির নির্বাচন পূর্ব ঘোষিত তফসিল অনুযায়ী অনুষ্ঠিত হয়। সুষ্ঠুভাবে নির্বাচন অনুষ্ঠানের জন্য উপজেলা সমবায় কর্মকর্তা অমিনুল ইসলামকে সভাপতি এবং সমিতির ম্যানেজার মেহেদি হাসান ও সমিতির সদস্য দুলুফা বেগমকে সদস্য করে তিন সদস্যবিশিষ্ট নির্বাচন কমিটি গঠন করা হয়েছে। কিন্তু নির্বাচন কমিটির বিরুদ্ধে নির্বাচনের বিধি ভঙ্গ করে সভাপতি পদপ্রার্থী মনোয়ারা বেগমের পক্ষে পক্ষপাতিত্বের অভিযোগ আনে প্রতিপক্ষ প্রার্থী খাদিজা বেগমসহ অন্য প্রার্থীরা। এ নিয়ে প্রার্থীদের মধ্যে চরম উত্তেজনা দেখা দিলে কয়েক দফা ভোট গ্রহণ বন্ধ রাখা হয় এবং ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়। অন্যদিকে নির্বাচন স্থগিত করার জন্য ইউএনওর কাছে দুপুরে লিখিত অভিযোগ দাখিল করেন অভিযোগকারীরা। কিন্তু অভিযোগ জমা দিয়ে অভিযোগকারী প্রার্থীরা লোকজন নিয়ে ভোটকেন্দ্রে গিয়ে তাণ্ডব চালান। এ সময় সরকারদলীয় উত্তেজিত কিছু যুবক নির্বাচন কমিটির লোকদের লাঞ্ছিত করে প্রাপ্ত ভোটসহ ভোটার বাক্স ছিনিয়ে নিয়ে পাশের পুকরের পানিতে ফেলে দেন। এ ব্যাপারে অভিযোগকারী প্রার্থী খাদিজা বেগম বলেন, ‘আমাদের ভোটারদের ভোট দিতে দেয়নি নির্বাচন কমিটির লোকেরা। তাই আমরা ইউএনওর কাছে অভিযোগ করেছি।’অপর প্রার্থী মনোয়ারা বেগম বলেন, ‘নির্বাচনে মিথ্যা অভিযোগ এনে নির্বাচন বানচালের জন্য প্রতিপক্ষ ভোটকেন্দ্রে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে এবং ভোটসহ বাক্স পুকুরে ফেলে দিয়েছে।’ এ ব্যাপারে নির্বাচনের দায়িত্বে থাকা উপজেলা সমবায় কর্মকর্তা মো. আমিনুল ইসলাম বলেন, ‘আমাদের বিরুদ্ধে আনা অভিযোগ সত্য নয়। তবে অন্যান্য ঘটনা ঘটেছে এবং নির্বাচন বাতিল ঘোষণা করা হয়েছে।’