কমলা মৌলভীবাজার জেলায় একটি সম্ভাবনাময় ফসল হিসেবে আত্মপ্রকাশ করেছে। পুরোনো কমলা বাগানের পাশাপাশি নতুন নতুন কমলার বাগান তৈরি হচ্ছে। কিন্তু টিলাভূমিতে সেচসুবিধা না থাকায় অনাবৃষ্টি বা খরার মতো প্রাকৃতিক দুর্যোগ থেকে কমলা বাগানে ফল বাঁচানো কমলাচাষিদের পক্ষে সম্ভব হচ্ছে না। কমলাচাষিরা অসহায় হয়ে পড়ছেন।কমলাচাষিরা জানিয়েছেন, চলতি মৌসুমে খরার কারণে মৌলভীবাজার জেলায় কমলার উত্পাদনে মারাত্মক বিপর্যয় হয়েছে। উত্পাদন গত মৌষুমের তুলনায় অর্ধেকে নেমে যায়। প্রায় সব চাষিই গাছ থেকে ফল ঝরে পড়ার কারণে কমলা পরিপুষ্ট হওয়ার আগেই বাজারে বিক্রি করে দিতে বাধ্য হন। অপরদিকে কমলা বাজারজাত করতে পাহাড়ি অনুন্নত যোগাযোগব্যবস্থা একটি বড় বাধা হয়ে আছে। সময়মতো বাজারে নেওয়া সম্ভব হয় না বলে অনেক কমলাই ঘরে পচে নষ্ট হয়ে যায়।কমলাচাষিরা জানান, সাত-আট বছর আগেও কমলা নিয়ে আলাদা করে তাঁরা কিছু ভাবতে পারেননি। কমলা নতুন করে চাষিদের দিকে মুখ তুলে তাকাবে এটা তাঁদের কল্পনায়ও ছিল না। বরং কমলা গাছের সুষ্ঠু পরিচর্যা সম্পর্কে না জানা এবং স্থানীয়ভাবে কমলা বাজারজাত করতে নানামুখী সমস্যার কারণে হতাশ হয়ে অনেক বাগানমালিকই কমলার গাছ কেটে জ্বালানি হিসেবে ব্যবহার করছিলেন। কমলার গাছ কেটে জায়গা পরিষ্কার করে অন্য ফসল লাগানোর দিকে উদ্যোগী হয়েছিলেন। চাষারি জানিয়েছেন, কমলা নিয়ে বাজারে গেলেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা সীমান্ত রক্ষীবাহিনীর সদস্যরা বলতেন এসব ভারতীয় কমলা। কমলা নিয়ে চাষিদের নানা রকম হয়রানির শেষ ছিল না। এ জন্য অনেকের ওপর মামলাও হয়েছিল। অনেকে নিজের গাছের কমলার কারণে জেল খেটেছেন।কমলাচাষিরা জানান, কৃষি বিভাগ কমলাচাষিদের পাশে দাঁড়ানোর পরই মৌলভীবাজারে কমলা চাষের চেহারা পাল্টাতে শুরু করে। তাঁরা আবার তাঁদের কমলা বাগানের দিকে নজর দেন। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছে, ২০০১-২০০২ অর্থবছরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সমন্বিত কমলা ও আনারস উন্নয়ন প্রকল্প গ্রহণ করে। আর সেই প্রকল্পের উদ্যোগে কমলাচাষিদের পরিচয়পত্র প্রদানের ফলে আর এখন তাদের হয়রানির শিকার হতে হয় না। নভেম্বর মাসে সরেজমিনে দেখা গেছে, গাছের নিচে পচা, আধা পচা কমলা ঝরে পড়ে থাকতে। কৃষকেরা সেই কমলা স্তূপ করে রেখেছেন। যে কারণে পুরো মৌসুম শুরুর আগেই অনেক বাগান কমলাশূন্য হয়ে যায়।কৃষিবিদ ও কমলা বিশেষজ্ঞ আনোয়ার হোসেন বলেন, এই অক্টোবর-নভেম্বরে কুয়াশা ঝরতে শুরু করলে কমলা মিষ্টি হয়ে থাকে। কিন্তু চাষিরা গাছ থেকে ফল ঝরে পড়ছে দেখে পরিপক্ব হওয়ার আগেই আগাম বিক্রি করে দিয়েছেন। এতে কমলার চাষিরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন।জুড়ী উপজেলার হায়াছড়া গ্রামের কমলাচাষি ইব্রাহীম আলী বলেন, ‘অন্যান্য বছরের তুলনায় এবার ফল কম আইছে। ফাল্গুন মাসে ফুল ধরার সময় খরা ছিল। যে ফুল আইছে। তা কালো হয়ে ঝরে গেছে। এরপর যা টিকেছিল। সেটাও থাকেনি। যে কারণে এবার ফল আগাম বিক্রি করে দিয়েছি।’ ইব্রাহীম আলী জানান, তাঁর প্রায় পাঁচ একর জমিতে কমলার বাগান আছে। এতে ফল ধরার মতো গাছ আছে ৩০০-এর মতো। কিন্তু এবার উত্পাদন অর্ধেকে নেমে এসেছে। গত বছর এই পরিমাণ গাছ থেকে তিনি তিন লক্ষাধিক টাকার কমলা বিক্রি করেছেন। এবার লাখ দেড়েক টাকার কমলা বিক্রি করতে পেরেছেন।সব কমলাচাষিরই একই অবস্থা বলে জানা গেছে। ইব্রাহীম আলীসহ কৃষকেরা জানান, পাহাড়ি এলাকার কোনো কোনো জায়গায় ছড়ায় পানি আছে। কিন্তু সেচযন্ত্র না থাকায় সেই ছড়া থেকে সেচ দেওয়া কৃষকদের পক্ষে সম্ভব হয় না। কৃষকেরা জানিয়েছেন, যদি বিদ্যুতের ব্যবস্থা থাকত তাহলে কৃষক নিজেরাই সেচের ব্যবস্থা করতে পারতেন।অপরদিকে হায়াছড়া ও শুকনাছড়া এলাকার কৃষকেরা জানিয়েছেন, তাঁদের পাহাড়ি এলাকায় যোগাযোগ অবস্থা অত্যন্ত খারাপ। ফল পাকার মৌসুমে একটু বৃষ্টি হলে পাহাড়ি টিলাপথে পাকা ফল বহন করে বাজারে নিয়ে যাওয়া কঠিন হয়ে পড়ে। অনুন্নত যোগাযোগব্যবস্থার কারণে অনেক সময়ই দ্রুত ফল বাজারজাত করা সম্ভব হয় না। চার-পাঁচ দিন ধরে কমলা ঘরে ফেলে রাখতে হয়। এতে অনেক ফল ঘরে থেকে নষ্ট হয়ে যায়।’মৌলভীবাজার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার উত্তর ও দক্ষিণ শাহবাজপুর ইউনিয়ন, মাইজগ্রাম, ডিমাই, গুলশা, দক্ষিণভাগ, কাঁঠালতলি, বোবারতল, জুড়ী উপজেলার হায়াছড়া, শুকনাছড়া, ডোমাবাড়ি, রূপাছড়া, লামাছড়া, লাঠিটিলা, কচুরগুল, কুচাইতল, উত্তর কুচাইতল, গোবিন্দপুর, মিলনপুর, কালাছড়া, কুলাউড়া উপজেলার পৃথিমপাশা, কর্মধা, হাজীপুর এবং শ্রীমঙ্গল উপজেলার টিলাভূমিসহ জেলার সব কটি উপজেলাতেই কমবেশি এখন কমলার চাষ বৃদ্ধি পাচ্ছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সমন্বিত কমলা ও আনারস উন্নয়ন প্রকল্প গ্রহণ করার পর প্রকল্পের উদ্যোগে জেলার বিভিন্ন টিলাভূমিতে চার বিঘা আয়তনের ১৬৩টি কমলা বাগান গড়ে উঠেছে। প্রতিটি বাগনে ২২০টি করে কমলার চারা লাগানো হয়েছে। জেলায় ৪৯৪ একর জমিতে কমলা চাষ হচ্ছে। এতে প্রায় এক লাখ ৪০ হাজার কমলা গাছ রয়েছে। এর বাইরেও ব্যক্তিগত নিজস্ব উদ্যোগে আরও অনেক কমলার বাগান গড়ে উঠেছে। প্রায় দুই হাজার কৃষক এখন কমলা চাষের সঙ্গে জড়িত। মৌলভীবাজার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মতিউর রহমান জানান, এবার ফুল আসার সময়ে বৃষ্টি না হওয়ায় ফসলের ক্ষতি হয়েছে। তবে এটি একটি সম্ভাবনাময় ফসল। কৃষি বিভাগ থেকে সেচব্যবস্থার কোনো উদ্যোগ এখনো নেই।