শাসনমেয়াদের তিন বছরের মাথায় বর্তমান সরকার কর্মকর্তা-কর্মচারীদের চাকরির বয়সসীমা বাড়ানোসহ যেসব সুযোগ-সুবিধা বাড়িয়েছে, তাতে রাষ্ট্রের ব্যয় বাড়বে। একই সঙ্গে বাড়ছে কর্মকর্তা-কর্মচারীদের প্রত্যাশা এবং বিভিন্ন ক্যাডারের মধ্যে দ্বন্দ্ব।চাকরির বয়সসীমা বাড়ানো ছাড়া অন্যান্য সুযোগ-সুবিধার মধ্যে কয়েকজন সচিবকে জ্যেষ্ঠ সচিব করা হয়েছে। পুলিশের মহাপরিদর্শকের (আইজিপি) পদমর্যাদা উন্নীত করা হয়েছে। পদ না থাকা সত্ত্বেও পদোন্নতি দেওয়া এবং পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অবসরের বয়স বাড়ানো হয়েছে।সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, সরকারের এসব পদক্ষেপের ইতিবাচক অনেক ফল যেমন আছে, তেমনি অনেক বিরূপ প্রতিক্রিয়াও রয়েছে। বিরূপ প্রতিক্রিয়ার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে—বিভিন্ন ক্যাডারের মধ্যে, বিশেষ করে প্রশাসন ক্যাডারের সঙ্গে অন্যান্য ক্যাডারের দ্বন্দ্ব।জ্যেষ্ঠ সচিব প্রসঙ্গ: জনপ্রশাসনে জ্যেষ্ঠ সচিবের পদ সৃষ্টিতে প্রশাসন ছাড়া অন্য ক্যাডারের কর্মকর্তাদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। বিভিন্ন ক্যাডার কর্মকর্তাদের সংগঠন বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) সমন্বয় কমিটি জনপ্রশাসনের মতো অন্যান্য ক্যাডারের উচ্চপর্যায়েও পদমর্যাদা বৃদ্ধিসহ বিভিন্ন দাবিনামা তৈরি করছে।এ বিষয়ে জানতে চাইলে সমন্বয় কমিটির সভাপতি নজরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘জনপ্রশাসনের কর্মকর্তাদের মতোই অন্যান্য ক্যাডারের কর্মকর্তারাও জনগণকে সেবা দিচ্ছেন। তাই তাঁদেরও সুযোগ দিতে হবে। আমরা মনে করি, সরকার বিষয়টি বিবেচনা করবে। এ সংক্রান্ত দাবি নিয়ে আমরা প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করব। এ জন্য দাবি-দাওয়ার প্রস্তাব তৈরি করছি।’এই সংগঠনের একটি সূত্র জানায়, তাঁরা বিভিন্ন অধিদপ্তরের মহাপরিচালকের পদকে জ্যেষ্ঠ মহাপরিচালক করা, সংস্থার প্রধানের পদগুলোকে গ্রেড-১-এ উন্নীত করাসহ বিভিন্ন দাবি প্রধানমন্ত্রী বরাবর উত্থাপন করবেন। তবে প্রধানমন্ত্রীর জনপ্রশাসন-বিষয়ক উপদেষ্টা এইচ টি ইমাম প্রথম আলোকে বলেন, ‘পদমর্যাদা বৃদ্ধি ক্যাডারভিত্তিক করা হয়নি। জনপ্রশাসনে জ্যেষ্ঠতার ভিত্তিতে পদমর্যাদা বাড়ানো হয়েছে। আর পুলিশ একটি বিশাল বাহিনী। এ জন্য আইজিপি পদের মর্যাদা বাড়ানো হয়েছে। এ ব্যাপারে অন্যান্য ক্যাডারের অভিযোগ থাকলে আগে তারা তা উত্থাপন করুক, তখন দেখা যাবে।’বয়স বৃদ্ধিতে ব্যয় বাড়ছে: সরকারি চাকরি থেকে অবসরের বয়সসীমা দুই বছর বাড়িয়ে ৫৯ করা হয়েছে খুব তাড়াহুড়া করে, অধ্যাদেশ জারির মাধ্যমে। পরে চলতি সংসদ অধিবেশনে ‘দি পাবলিক সার্ভিস (রিটায়ারমেন্ট) আইন’ সংশোধন করে পাস করা হয়।জনপ্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা জানান, সচিবসহ বিভিন্ন পর্যায়ের বেশ কিছু কর্মকর্তার অবসরে যাওয়ার প্রাক্কালে বয়স বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে ওই কর্মকর্তাদের আগামী নির্বাচন পর্যন্ত দায়িত্বে রাখার উদ্দেশ্যে। এতে নিচের দিক থেকে পদোন্নতি এবং নতুন নিয়োগের গতি শ্লথ হবে। সরকারের ব্যয়ও বাড়বে।বর্তমানে সরকারি কর্মকর্তা-কর্মচারীর মোট ১৩ লাখ ১৭ হাজার ৮০৮টি পদের বিপরীতে কর্মরত ১০ লাখ ৭৮ হাজার ৮২ জন। এঁদের জন্য চলতি অর্থবছরে (২০১১-১২) বেতন-ভাতা বাবদ ব্যয় ধরা আছে ২২ হাজার ৫৩৫ কোটি টাকা। এর মধ্যে কর্মকর্তাদের বেতন দুই হাজার ৪৯৮ কোটি টাকা, কর্মচারীদের বেতন নয় হাজার ৪০৫ কোটি টাকা। আর ভাতাদি বাবদ ধরা আছে ১০ হাজার ৬৩২ কোটি টাকা। আগামী দুই বছরে কেউ স্বাভাবিক অবসরে যাচ্ছেন না। ফলে রাষ্ট্রের ব্যয় বাড়ছে।চাকরির বয়স বাড়ানোর সিদ্ধান্তে সবাই কম-বেশি খুশি হলেও পদোন্নতি জনগণের দোরগোড়ায় থাকায় জনপ্রশাসনের মধ্যম শ্রেণীর কর্মকর্তাদের মধ্যে নেতিবাচক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। ফলে সরকার ৮ ফেব্রুয়ারি উপসচিব, যুগ্ম সচিব ও অতিরিক্ত সচিব পদে একসঙ্গে ৬৪৯ জন কর্মকর্তাকে পদোন্নতি দেয়। প্রয়োজনীয় সংখ্যক পদ না থাকা সত্ত্বেও এই পদোন্নতি দেওয়ায় তাঁদের অধস্তন পদেই কাজ করতে হবে। তবে বেতন পাবেন ঊর্ধ্বতন পদের। এতে স্বাভাবিকভাবেই ব্যয় বাড়বে। মঞ্জুরিকৃত পদের বাইরে পদোন্নতি দেওয়ায় বাজেটে অতিরিক্ত বরাদ্দ দিতে হবে।আরও কিছু উদ্যোগ: বাংলাদেশ পুলিশের পাঁচটি পদ গ্রেড-১-এ (সচিব পদমর্যাদা), পরিদর্শক পদ প্রথম শ্রেণীতে ও উপপরিদর্শক (এসআই) পদ দ্বিতীয় শ্রেণীতে উন্নীত করার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ইতিমধ্যে এ ব্যাপারে কাজও শুরু করেছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সূত্র জানায়, এ ছাড়া পুলিশের জন্য আরও কিছু প্রথম শ্রেণীর ক্যাডার পদ বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।সম্প্রতি মন্ত্রিসভা সরকারি কর্মকমিশনের (পিএসসি) চেয়ারম্যান ও সদস্যদের বেতন বাড়ানোর প্রস্তাবও অনুমোদন করেছে। পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অবসরের বয়সসীমা নির্ধারণ করা হয়েছে ৬৫। ইতিমধ্যে এ বিষয়ে একটি আইনের খসড়া মন্ত্রিসভায় নীতিগত অনুমোদন করা হয়েছে। এর ফলে ঢাকা, রাজশাহী, জাহাঙ্গীরনগর ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মতো অন্য পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষকদের অবসরের বয়সও ৬৫ হচ্ছে। এসব বিষয়ে অভিমত জানতে চাইলে সাবেক মন্ত্রিপরিষদ সচিব আকবর আলি খান প্রথম আলোকে বলেন, ‘এসব সুযোগ-সুবিধা বৃদ্ধি করায় সরকারের ব্যয় তো বাড়বেই, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বিভিন্ন দাবি-দাওয়াও সরকারকে মেটাতে হবে।’