ব্যয় ও মেয়াদের সঙ্গে বেড়েছে দুর্ভোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক দফা সময় বাড়ানোর পরও চার বছরের প্রকল্পের তিন বছর পার হয়ে গেছে। কিন্তু জয়দেবপুর থেকে ময়মনসিংহ পর্যন্ত মহাসড়ক চার লেনে উন্নীত করার এই প্রকল্পের পাঁচ ভাগের এক ভাগ কাজও হয়নি। চার লেনের এই বেহাল অবস্থার কারণে দুর্ভোগে পড়তে হচ্ছে ঘরমুখী যাত্রীদের। সরেজমিনে দুর্ভোগের চিত্রটিই দেখা গেছে। সরকারের অগ্রাধিকার হিসেবে ৮৭ কিলোমিটার সড়ক চার লেনে উন্নীত করার প্রকল্পটির প্রায় ৫৭ কিলোমিটার সড়কে এখনো মাটি ভরাট, সেতু ও কালভার্ট নির্মাণসহ অনুষঙ্গিক কাজ শেষ হয়নি। বাকি ৩০ কিলোমিটার সড়কের জন্য জমি অধিগ্রহণ প্রায় সম্পন্ন হয়েছে। এই অংশে মাটি ভরাট, সেতু, কালভার্ট, মূল সড়ক নির্মাণের কাজ শুরু করাই সম্ভব হয়নি।পরিকল্পনা কমিশনের বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) সর্বশেষ পরিদর্শন প্রতিবেদনে এই প্রকল্পটির মাঠপর্যায়ের বাস্তবায়নের করুণ হাল উঠে এসেছে। প্রতিবেদনে প্রকল্পের কাজের মান ও অগ্রগতি নিয়েও প্রশ্ন তোলা হয়েছে। প্রকল্পটির মেয়াদ দ্বিতীয় দফায় এক বছর বাড়িয়ে ব্যয় দ্বিগুণ করার প্রস্তাব পরিকল্পনা কমিশনে পাঠিয়েছে সড়ক বিভাগ। ২০১০ সালের ৮ জুন ৯০২ কোটি টাকায় প্রকল্পটি অনুমোদন পায়। প্রাথমিকভাবে ২০১০ সালের জুলাই থেকে ২০১৩ সালের জুন মাস পর্যন্ত মেয়াদ ছিল। যোগাযোগ করা হলে প্রকল্প পরিচালক হাফিজুর রহমান প্রথম আলোকে বলেন, নানা ধরনের জটিলতায় প্রথম দিকে প্রকল্পের কাজে অগ্রগতি না হওয়ায় প্রকল্প ব্যয় ও মেয়াদ বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। বেশির ভাগ পূর্ত কাজ বাকি রয়েছে। তাই পুরো প্রকল্পটি আগামী বছরের মধ্যে সম্পন্ন করা প্রায় অসম্ভব। এমন অবস্থায় সময় ও ব্যয় বাড়ানো ছাড়া আর কোনো উপায় নেই। ৩০ কিলোমিটার সড়কের কাজ শুরু হয়নি: পরিকল্পনা অনুযায়ী প্রকল্পটি চারটি ভাগে বা প্যাকেজে সম্পন্ন করার কথা রয়েছে। মানে চারটি ঠিকাদারি চুক্তিতে কাজগুলো বিন্যস্ত করে বাস্তবায়ন করা হবে। এর মধ্যে জয়দেবপুর থেকে মাওনা পর্যন্ত প্রথম ও দ্বিতীয় ভাগের কাজ শুরু করা হয়নি। জয়দেবপুর-রাজেন্দ্রপুর এবং রাজেন্দ্রপুর-মাওনা (নয়নপুর) এই দুই অংশে ৩০ কিলোমিটার সড়ক চার লেনে উন্নীত করার কথা রয়েছে।এই দুটি অংশের বাস্তবায়নের জন্য দরপত্র আহ্বান করা হলে ২০১০ সালে ইন্ট্রাকো বিডি অ্যাসোসিয়েটস লিমিটেড নামে একটি যৌথ বিনিয়োগের প্রতিষ্ঠান কার্যাদেশ পায়। চীনের এইচআরবিসি এই প্রতিষ্ঠানের যৌথ অংশীদার। কিন্তু ওই চীনা প্রতিষ্ঠানের সঙ্গে সড়ক বিভাগ যোগাযোগ করলে প্রতিষ্ঠানটি এই ধরনের যৌথ বিনিয়োগের কথা অস্বীকার করে। তাই এই দুটি অংশের কাজের চুক্তি বাতিল করা হয়। এরপর এই কাজ সেনাবাহিনীর মাধ্যমে বাস্তবায়নের সিদ্ধান্ত নেয় সরকার। ব্যয় দ্বিগুণ করার প্রস্তাব: গত জুলাই মাসে মূল প্রকল্পের ব্যয় প্রায় ৯০ শতাংশ বাড়িয়ে এক হাজার ৭০০ কোটি টাকায় উন্নীত করার প্রস্তাব পাঠিয়েছে সড়ক বিভাগ। একই সঙ্গে প্রকল্পের মেয়াদ আরও এক বছর বাড়িয়ে ২০১৫ সালের জুন মাস পর্যন্ত করার প্রস্তাবও রয়েছে। এই সংশোধনী প্রস্তাবটি পাসের জন্য শিগগিরই জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটিতে (একনেক) অনুমোদনের জন্য উত্থাপন করবে পরিকল্পনা কমিশন। আইএমইডির প্রতিবেদন: আর্থিক ও বাস্তব অগ্রগতি নিয়ে এই প্রতিবেদনে বলা হয়েছে, ২০১০ সালের জুন মাস থেকে এ বছরের মার্চ পর্যন্ত মোট ২৭৪ কোটি টাকা বা মোট ব্যয়ের ২৭ দশমিক ৭১ শতাংশ খরচ হয়েছে। আর জমি অধিগ্রহণ, পরিষেবা কাঠামো স্থানান্তর, পূর্ত কাজসহ বাস্তব অগ্রগতি হয়েছে মাত্র ১৯ দশমিক ৩৫ শতাংশ। প্রকল্প কার্যালয়ে সূত্রে জানা গেছে, গত জুন মাস পর্যন্ত এসব কাজের অগ্রগতি ২৫ শতাংশ হয়েছে।প্রকল্পের মাওনা (নয়নপুর)-রায়মনি পর্যন্ত তৃতীয় অংশের ৩০ কিলোমিটার সড়ক নির্মাণের কাজ পেয়েছে যথাক্রমে ঠিকাদারিপ্রতিষ্ঠান এমভিইসি-পিবিএল জেভি। আর রায়মনি-ময়মনসিংহ মেডিকেল কলেজ পর্যন্ত ২৭ কিলোমিটার সড়ক নির্মাণের কাজ করছে এমসিসি-৪ এসইএল তমা জেভি নামের আরেকটি প্রতিষ্ঠান। আইএমইডির প্রতিবেদনে আরও বলা হয়েছে, এই দুটি অংশের মাটি ভরাট, সেতু ও কালভার্ট নির্মাণসহ অনুষঙ্গিক কাজ শেষ করতে পারেনি ঠিকাদারি প্রতিষ্ঠান। আর ঠিকাদারেরা নিম্নমানের যন্ত্রপাতি দিয়ে কাজ করছে, এতে কাজের গুণগত মান বজায় থাকছে না। প্রতিবেদনে আরও বলা হয়েছে, দুটি ঠিকাদারিপ্রতিষ্ঠানই কাজ শুরুর আগে ১০ শতাংশ টাকা নিয়ে গেলেও এর বিপরীতে বিল-ভাউচার দাখিল করেনি। আর মেয়াদের তিন ভাগ সময় পেরিয়ে গেলেও ঠিকাদারিপ্রতিষ্ঠান প্রকল্প ব্যবস্থাপক ও পরিকল্পনা প্রকৌশলী নিয়োগ দেয়নি। আইএমইডি মন্তব্য করেছে, ঠিকাদারিপ্রতিষ্ঠানগুলো প্রকল্প বাস্তবায়নের মূল পরিকল্পনা থেকে অনেক পিছিয়ে রয়েছে। সরেজমিন: গত সোমবার সরেজমিনে দেখা যায়, ময়মনসিংহের চুরখাই বাজার থেকে ভালুকা বাসস্ট্যান্ড পর্যন্ত সড়কের নানা স্থানে মাটি, ইট, বালু ও সুরকির স্তূপ পড়ে আছে। কোথাও গর্তে পানি জমে খানাখন্দের সৃষ্টি হয়েছে। আবার কোথাও সড়কের এক পাশ বন্ধ রেখে শুধু অন্য পাশ দিয়ে চলছে যানবাহন।ভালুকা বাসস্ট্যান্ডে গিয়ে দেখা গেছে, বাসস্ট্যান্ড এলাকায় প্রায় এক কিলোমিটার সড়কের এক পাশে মাটি ও সুরকি ফেলে যানবাহন চলাচলের উপযোগী করে রাখা হলেও অন্য পাশে এখনো কোনো কাজই করা হয়নি। এ অবস্থায় শুধু মাটি দিয়ে উঁচু করা অংশ দিয়ে গাড়ি চলাচল করছে। বাকি অংশ খানাখন্দে ভরা। বৃষ্টি হলে দুর্ভোগ বাড়ে আরও।ভালুকা বাসস্ট্যান্ডের ব্যবসায়ী মো. ফখরুল মিয়া বলেন, ‘এক বচ্ছর ধইর‌্যা বাসস্ট্যান্ডের এই রহম অবস্থা। কবে যে ঠিক অইব।’গতকাল মঙ্গলবার গিয়ে একই দৃশ্য দেখা গেছে। দেখা যায়, ময়মনসিংহের চুরখাই, ত্রিশাল উপজেলার বৈলর, রায়মনি, বগার বাজার সাইনবোর্ড ও ভালুকা উপজেলার ভরাডোবা, ভালুকা বাসস্ট্যান্ডসহ কমপক্ষে ১০টি স্থানে বৃষ্টির পানি জমে খানাখন্দের সৃষ্টি হয়েছে। যাত্রীবাহী বাস, ট্রাক, ব্যক্তিগত গাড়ি, লেগুনাসহ বিভিন্ন ধরনের যান ধীরগতিতে চলছে। বাসচালক ও যাত্রীদের সঙ্গে কথা বললে তাঁরা জানান, বিভিন্ন স্থানে মহাসড়কের বেহাল অবস্থার কারণে ঢাকা থেকে ময়মনসিংহ পর্যন্ত আসতে ছয় থেকে সাত ঘণ্টা সময় লাগছে। ঢাকা-হালুয়াঘাট রুটের বাসচালক মো. সুমন মিয়া বলেন, সড়কের গর্তে পানি জমে থাকার কারণে ঢাকা থেকে ময়মনসিংহ পর্যন্ত আসতে সাড়ে ছয় ঘণ্টা সময় লাগছে। এতে প্রতিদিন একবারের বেশি ঢাকা থেকে যাত্রী আনা সম্ভব হবে না। চার লেন প্রকল্পের ব্যবস্থাপক মো. আবুল কালাম আজাদ বলেন, ঈদের কথা মাথায় রেখে ভালুকা বাসস্ট্যান্ড অংশের নিচের রাস্তায় সংস্কার করা হয়েছে লোকাল যানগুলো চলাচলের জন্য। কিন্তু বৃষ্টির পানি জমে যাওয়ায় হয়তো সংস্কার চোখে পড়ছে না।