ব্যয় কমিয়েও স্বাস্থ্য ভালো রাখা যায় :বিশেষ বক্তৃতায় মার্কিন জনস্বাস্থ্যবিদ
সুস্থ থাকা ও দীর্ঘ জীবনের জন্য চিকিত্সাসেবার অবদান খুব বেশি না। অন্যদিকে চিকিত্সাসেবার জন্য যে ব্যয় করা হয়, তার অনেকটাই অপচয় হয়। সচেতন হলে ব্যয় কমিয়ে স্বাস্থ্য ভালো রাখা যায়।আজ বুধবার যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট আর্থার গার্সন ‘যুক্তরাষ্ট্রের স্বাস্থ্যসেবা নিয়ে প্রচলিত বিশ্বাস ও উন্নয়নশীল দেশগুলোর শিক্ষা’ শীর্ষক বক্তৃতায় এসব কথা বলেন। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই বিশেষ বক্তৃতার আয়োজন করে।আর্থার গার্সন বলেন, স্বাস্থ্যসেবা ও চিকিত্সাসেবা পৃথক দুটো বিষয়। মার্কিনদের গড় আয়ু বৃদ্ধিতে চিকিত্সাসেবার অবদান মাত্র ১০ শতাংশ। এ ক্ষেত্রে জীবনযাপন পদ্ধতির অবদান ৪০ শতাংশ। বংশগতি ও জনস্বাস্থ্য কর্মকাণ্ডের অবদান যথাক্রমে ৩০ ও ২০ শতাংশ।আর্থার গার্সন বলেন, যুক্তরাষ্ট্রে চিকিত্সাসেবার ক্ষেত্রে বছরে ৭০০ বিলিয়ন ডলার অপচয় হয়। খাদ্যাভ্যাস, বেশিবার চিকিত্সকের কাছে যাওয়া, অহেতুক পরীক্ষা-নিরীক্ষা, জীবনের শেষ বছরে বেশি ব্যয়—এসব কারণে এই অপচয় হয়। তিনি বলেন, গবেষণায় দেখা গেছে, যুক্তরাষ্ট্রে অনেক বাইপাস সার্জারি বিনা কারণেই করা হয়। চিকিত্সার ব্যয় কমানোর জন্য নির্দেশনা মেনে চিকিত্সকের ফি নির্ধারণ যেমন জরুরি, তেমনি রোগীরা কখন কেন চিকিত্সকের কাছে যাবে, সে রকম নির্দেশনাও দরকার। তিনি বলেন, রোগীর তথ্য কাগজপত্রে না রেখে ইলেকট্রনিক ব্যবস্থায় রাখলে খরচ কম হবে।প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা গওহর রিজভী বলেন, রোগীর জন্য কে সঠিক চিকিত্সক, তা খুবই জরুরি বিষয়। কোনো সময় একজন চিকিত্সক বা নার্স, কখনো স্বাস্থ্যকর্মী বা নিকটজন এই চিকিত্সকের ভূমিকা পালন করেন।অনুষ্ঠানের আরও বক্তব্য উপস্থাপন দেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক উপদেষ্টা সৈয়দ মোদাচ্ছের আলী, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক প্রাণ গোপাল দত্ত ও সহ-উপাচার্য অধ্যাপক আনিসুল হক।