ব্যয় বিশ্লেষণের নামে চাপছে বাড়তি বাসভাড়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাসভাড়া নির্ধারণের ক্ষেত্রে ব্যয় বিশ্লেষণের নামে যাত্রীদের ওপর চাপছে বাড়তি ভাড়া। আজ সোমবার থেকে দূরপাল্লার বাসে নতুন ভাড়া কার্যকর হচ্ছে। প্রতি কিলোমিটারে যাত্রীপ্রতি ভাড়া বেড়েছে ১৫ পয়সা।বাসের ক্রয়মূল্য, ব্যাংকঋণের সুদ, গড় যাত্রীবোঝাই, সিটি করপোরেশনের টোল, মালিকের ১০ শতাংশ মুনাফাসহ ১৭ ধরনের ব্যয়ের খাত বিশ্লেষণ করে ভাড়া নির্ধারণ করা হয়। অভিযোগ উঠেছে, এ ব্যয় বিশ্লেষণের ক্ষেত্রে শুভংকরের ফাঁকি রয়েছে। বাসমালিক ও শ্রমিক ইউনিয়নগুলো বাসের ক্রয়মূল্য, ব্যাংকঋণ, জ্বালানি খরচ বেশি এবং যাত্রীবোঝাই কম দেখিয়ে ভাড়া নির্ধারণে চাপ দেয়।জ্বালানি তেলের মূল্য গত ২৯ ডিসেম্বর রাতে আবার লিটারপ্রতি পাঁচ টাকা বৃদ্ধির পরিপ্রেক্ষিতে শনিবার যোগাযোগ মন্ত্রণালয়ে অনুষ্ঠিত বৈঠকে নতুন ভাড়া অনুমোদন করা হয়। এর আগে ওই দিন সকালে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কার্যালয়ে সংস্থার চেয়ারম্যানের সভাপতিত্বে ১৩ সদস্যের ব্যয় বিশ্লেষণ কমিটির বৈঠকে ২৩ পয়সা বৃদ্ধির সুপারিশ করা হয়েছিল। কমিটির ছয়জনই ছিলেন বাসমালিক ও শ্রমিক ইউনিয়নের নেতা। সাতজন ছিলেন যোগাযোগ মন্ত্রণালয় ও বিআরটিএর কর্মকর্তা। একজন ছিলেন কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) প্রতিনিধি। বিআরটিএ সূত্র জানায়, ব্যয় বিশ্লেষণ কমিটির বৈঠকে মালিক-শ্রমিকদের বক্তব্যই বেশি প্রাধান্য পায়।বিআরটিএ সূত্র জানায়, ব্যয় বিশ্লেষণের সময় একটি বাসের ক্রয়, নিবন্ধন ও ব্যাংকঋণ বাবদ ধরা হয়েছে এক কোটি পাঁচ হাজার টাকা। কিন্তু পাঁচ-সাতটি পরিবহন কোম্পানি বাদ দিলে অন্যগুলোর বাসের দাম এর অর্ধেক। এ ছাড়া একটি বাসের বয়সসীমা ধরা হয়েছে ১০ বছর। বিআরটিএর হিসাব অনুযায়ী, সারা দেশে নিবন্ধিত বাসের সংখ্যা ৩৯ হাজার। এর মধ্যে চলাচল করে প্রায় ৩০ হাজার। এর অর্ধেকই ফিটনেসবিহীন। অনেকগুলো, বিশেষ করে জেলা শহরে চলাচলকারী অধিকাংশ বাস ১০ বছরের বয়সসীমা পেরিয়ে গেছে। ব্যয় বিশ্লেষণের হিসাব অনুযায়ী, বয়সসীমা পেরোনো বাসগুলোর পেছনে মালিকের নতুন বিনিয়োগ নেই।ব্যয় বিশ্লেষণের ক্ষেত্রে ৫২ আসনের বাসের প্রতিটির গড় যাত্রীবোঝাই ধরা হয়েছে ৭০ শতাংশ। অর্থাৎ, গড়ে ৩৫ দশমিক ৭ জন যাত্রী। কিন্তু বাসমালিক, চালক ও নিয়মিত যাত্রীদের সঙ্গে কথা বলে জানা যায়, প্রাকৃতিক দুর্যোগ কিংবা সড়কে বড় সমস্যা না থাকলে নামীদামি কোম্পানির বাসগুলোতে শত ভাগ আসনই পূর্ণ থাকে। জেলা শহরগুলোতে মালিকেরা বাসের আকৃতি পরিবর্তন করে আসন বৃদ্ধি করেন। এ ছাড়া আসন পূর্ণ হওয়ার পর দাঁড়িয়েও যাত্রী নেওয়া হয়।ঢাকার বাইরের প্রায় ১০ শতাংশ বাস সংকুচিত প্রাকৃতিক গ্যাসে (সিএনজি) চালিত। কিন্তু এসব বাসেও ডিজেলচালিত বাসের হারে ভাড়া নেওয়া হয়।জানতে চাইলে ব্যয় বিশ্লেষণ কমিটির সদস্য ও শ্যামলী পরিবহনের স্বত্বাধিকারী রমেশ চন্দ্র ঘোষ প্রথম আলোর কাছে দাবি করেন, ঢাকা-চট্টগ্রামের বাইরে সিএনজিচালিত বাস কমে ২ থেকে ৩ শতাংশে এসেছে। গড় যাত্রীবোঝাই ও বাসের দামের প্রসঙ্গে তিনি বলেন, আসা-যাওয়ার সময় সমান যাত্রী হয় না। এ জন্য ৭০ শতাংশ গড় বোঝাই ধরা হয়েছে। সারা দেশে কম দামি ও পুরোনো যেসব বাস চলে, সেগুলোর রক্ষণাবেক্ষণ ব্যয় বেশি।গত মে মাসে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পর ব্যয় বিশ্লেষণ কমিটি জ্বালানি, খুচরা যন্ত্রাংশ, শ্রমিকের বেতন-ভাতা আমলে নিয়ে ২৩ পয়সা ভাড়া বাড়িয়েছিল। সেপ্টেম্বরেও জ্বালানির দাম পাঁচ টাকা বাড়লেও আনুষ্ঠানিকভাবে বাসভাড়া বৃদ্ধি করা হয়নি। তবে বাসমালিকেরা নিজেদের মতো বাড়তি ভাড়া আদায় করেন। ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-সিলেট ও উত্তরাঞ্চলের কিছু পথে নামীদামি কোম্পানিগুলো যাত্রীপ্রতি ৫০ টাকা পর্যন্ত ভাড়া বৃদ্ধি করে।বিআরটিএ সূত্র জানায়, ভাড়া নির্ধারণের ক্ষেত্রে বিবেচ্য ব্যয়ের খাতগুলোর মধ্যে গ্যারেজ ভাড়া, বছরে শ্রমিকের দুবার বোনাসও আছে। অথচ অনেক মালিক বাস রাখেন রাস্তার পাশে। শ্রমিকদের দুবার বোনাসও অনেকে দেন না। কিন্তু এসব ব্যয়ও ধরে ভাড়া নির্ধারণ করা হয়, যা গুনতে হয় যাত্রীদের।এ বিষয়ে যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী প্রথম আলোকে বলেন, ব্যয় বিশ্লেষণ সঠিক হয়নি। এটি নামীদামি পাঁচ-ছয়টি কোম্পানির জন্য প্রযোজ্য। এর খেসারত সব ধরনের বাসের যাত্রীদের দিতে হবে।জানতে চাইলে যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের প্রথম আলোকে বলেন, ‘ব্যয় বিশ্লেষণ কমিটি আরও আট পয়সা বেশি সুপারিশ করেছিল। আমি অনুরোধ করে কমিয়েছি। এটার নজির নেই।’