ব্যয়-সংকোচনের প্রতিবাদে লন্ডনে পুলিশের বিক্ষোভ
যুক্তরাজ্যে সরকারের ব্যয়-সংকোচন পরিকল্পনার বিরুদ্ধে রাস্তায় নেমেছে পুলিশ। গত বৃহস্পতিবার অন্যান্য সরকারি কর্মচারী-কর্মকর্তাদের পাশাপাশি প্রায় ৩০ হাজার পুলিশ সদস্য ব্যয়-সংকোচন পরিকল্পনাবিরোধী বিক্ষোভে যোগ দেন।ব্যয়-সংকোচনের বিরুদ্ধে অভিবাসন কর্মকর্তা, স্বাস্থসেবা খাতের কর্মী ও কারা কর্মকর্তাসহ সরকারি খাতের হাজার হাজার কর্মী বিক্ষোভ করেন। বিক্ষোভে যোগ দেওয়া পুলিশ সদস্যরা অবশ্য সেদিন দায়িত্বে ছিলেন না।এদিকে সরকার ব্যয় সংকোচনের বিরুদ্ধে ধর্মঘট কর্মসূচিকে ‘নিষ্ফল’ বলে বর্ণনা করেছে। সরকারের পক্ষ থেকে বলা হয়, মাত্র প্রায় দেড় লাখ কর্মী ওই কর্মসূচিতে অংশ নিয়েছে। ক্যাবিনেট অফিস মন্ত্রী ফ্রান্সিস মড বলেন, ‘সরকারি পরিষেবার ওপর কোনো প্রভাব পড়েনি।’তবে বিশ্লেষকেরা মনে করছেন, লন্ডনের রাজপথে ৩০ হাজার পুলিশ কর্মকর্তার বিক্ষোভ ডেভিড ক্যামেরনের সরকারের জন্য বিব্রতকর হতে পারে।বাজেটে কাটছাঁট ও সরকার-প্রণীত একটি প্রতিবেদনে প্রয়োজনে কর্মকর্তাদের চাকরিচ্যুতি, বেতন কমানো এবং অবসর ভাতার বয়সসীমা বাড়ানোর সুপারিশ করা হয়। এসব সুপারিশে সরকারি খাতের কর্মীরা উদ্বিগ্ন।দায়িত্ব পালন করতে গিয়ে গুরুতর আহত হয়েছিলেন পুলিশ কর্মকর্তা গেরেথ রিস। এ কারণে তিন বছর চিকিৎসাধীন ছিলেন তিনি। রিসের শরীরে নয়বার অস্ত্রোপচার করতে হয়। সরকারের নতুন পরিকল্পনায় তিনি আতঙ্কিত। তাঁর আশঙ্কা, প্রস্তাবিত পরিবর্তনের ফলে তিনি চাকরি হারাতে পারেন। গেরেথ রিস বার্তা সংস্থাকে বলেন, প্রস্তাবিত পরিবর্তনগুলো বাস্তবায়িত হলে ব্রিটেনের পুলিশ-ব্যবস্থা চিরদিনের জন্য পাল্টে যেতে পারে। এসব পরিবর্তনের কারণে শেষ পর্যন্ত ক্ষতিগ্রস্ত হবে সাধারণ মানুষ।গত সপ্তাহে স্থানীয় নির্বাচনে বাজে ফলাফল করার পরও কনজারভেটিভ ও তাদের জোটসঙ্গী লিবারেল ডেমোক্র্যাট ব্যয়-সংকোচন পরিকল্পনা নিয়ে এগিয়ে যাওয়ার ব্যাপারে দৃঢ়প্রতিজ্ঞ।স্কাই নিউজকে দেওয়া সাক্ষাৎকারে সরকারের পরিকল্পিত সংস্কারের পক্ষে যুক্তি তুলে ধরেন পুলিশমন্ত্রী নিক হার্বাট।পুলিশ ফেডারেশনের চেয়ারম্যান পল ম্যাককেভার বলেন, ‘স্মরণকালের মধ্যে আমরা এখন সবচেয়ে খারাপ অবস্থার মধ্যে আছি।’ ইংল্যান্ড ও ওয়েলসের এক লাখ ৩৫ হাজার নিম্নপদস্থ কর্মকর্তার প্রতিনিধিত্ব করে পুলিশ ফেডারেশন। রয়টার্স।