ব্যয়সংকোচন নীতির বিরুদ্ধে ইউরোপজুড়ে ধর্মঘট
ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর শ্রমিকেরা আজ বুধবার থেকে সম্মিলিতভাবে ধর্মঘটের ডাক দিয়েছেন। ধর্মঘটের কারণে কারখানা ও সরকারি দপ্তর বন্ধ রয়েছে এবং ৭০০ বিমানের যাত্রা বাতিল করা হয়েছে। আন্দোলনকারীরা তাঁদের নিজ নিজ দেশের নেতাদের বার্ষিক বাজেটে ব্যয়সংকোচন নীতি পরিত্যাগ করার আহ্বান জানান। এ নীতির কারণে জনজীবনে সৃষ্ট উদ্বেগেরও অবসান ঘটানোর আহ্বান জানানো হয়েছে। স্পেন, গ্রিস, পর্তুগাল ও ইতালির সব কারখানা বন্ধ থাকবে বলে ধারণা করা হচ্ছে। তবে বেলজিয়াম, জার্মানি, ফ্রান্স ও যুক্তরাজ্যেও ব্যাপক শ্রমিক বিক্ষোভের আশঙ্কা করা হচ্ছে। ‘সংগ্রাম ও সংহতি’ দিবসের আয়োজক ইউরোপীয় ট্রেড ইউনিয়ন ফেডারেশন জানিয়েছে, এবারই প্রথমবারের মতো মহাদেশটির সব কটি দেশের শ্রমিকেরা একত্র হয়ে আন্দোলনে নামলেন।ইউরোজোনের পঞ্চম বৃহত্তম অর্থনীতির দেশ স্পেন এবং ১৪তম অর্থনীতির দেশ পর্তুগালের শ্রমিক ইউনিয়নগুলো আজ বুধবার রাত থেকে ধর্মঘটে যাচ্ছে। জনকল্যাণমূলক খাতে সরকারগুলোর ব্যয়সংকোচন, কর বৃদ্ধি এবং মজুরি, অবসর ভাতা ও অন্যান্য সামাজিক সেবা হ্রাসের সিদ্ধান্তের প্রতিবাদে শ্রমিকেরা আন্দোলনে নেমেছেন। আল জাজিরা বলছে, স্পেনের শ্রমিকেরা আট মাসের মধ্যে দ্বিতীয়বারের মতো সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছেন। দেশটিতে মোট শ্রমিকের তিন-চতুর্থাংশ এখন বেকার। বড় শহরগুলোর ৬০-৭০ শতাংশ ব্যবসাকেন্দ্র ধর্মঘটের কারণে বন্ধ আছে। রয়টার্স জানায়, স্পেনে পুলিশের সঙ্গে ধর্মঘটী শ্রমিকদের ব্যাপক সংঘর্ষ হয়েছে। স্পেন ও পর্তুগালের গাড়ির কারখানাগুলো এবং নৌবন্দরগুলো বন্ধ আছে। ট্রেন চলেনি বললেই চলে। মাদ্রিদে দাঙ্গা পুলিশ দুজন বিক্ষোভকারীকে আটক করেছে এবং শ্রমিকদের ওপর লাঠি চালিয়েছে। এক প্রত্যক্ষদর্শী বলেন, ইতালিতে স্কুলের বরাদ্দ কমানোর সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে রোমে ছাত্ররা পুলিশকে লক্ষ্য করে পাথর ছুড়েছে। বেলজিয়ামে রেল যোগাযোগ পুরোপুরি বন্ধ রয়েছে। স্পেনের দ্বিতীয় বৃহত্তম শ্রমিক ফেডারেশন জেনারেল ওয়ার্কার্স ইউনিয়নের (ইউজিটি) প্রধান ক্যানদিদো মেনদেজ বলেন, ‘আমরা তাদের (সরকারগুলোর) আত্মঘাতী নীতি ঠেকাবার লক্ষ্যে ধর্মঘট ডেকেছি।’স্পেনের বিভিন্ন স্থানে প্রায় ৬০ জন ধর্মঘটীকে আটক করা হয়েছে। পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত হয়েছে ৩৪ জন। বিক্ষোভকারীরা বিভিন্ন ব্যাংকের বুথের ক্যাশ মেশিনগুলো আঠা ও ধাতব মুদ্রা দিয়ে বন্ধ করে দিয়েছে। দোকানে-দোকানে সরকারবিরোধী স্টিকার লাগানো হয়েছে।