ব্যয়ের বোঝা নিয়ে নতুন পথচলা
আজ থেকে যত দূর যাবেন, আপনার পথচলার খরচ ততই বাড়বে। বছরের শেষ দিনে গতকাল শনিবার দূরপাল্লার বাসভাড়া বাড়ানো হয়েছে। ফলে নতুন বছর শুরু হচ্ছে ব্যয়ের বোঝা মাথায় নিয়ে।পরিবহন খরচ বেড়ে যাওয়া মানেই পণ্যের উৎপাদন ব্যয় বৃদ্ধি। তাই বেশি দামে এসব পণ্য কিনতে হবে। এতে নিশ্চিতভাবেই বাড়বে মূল্যস্ফীতি। উচ্চ মূল্যস্ফীতি এমনিতেই অর্থনীতিতে সংকট নিয়ে আসে। কিন্তু মূল্যস্ফীতি আরও বাড়বে, এ রকম প্রত্যাশা থাকা অর্থনীতির জন্য আরও খারাপ। এতে কোনো কারণ ছাড়াই নিত্যপণ্যের দাম বাড়ে।২০১২ সাল নিয়ে এমনটি ঘটবে বলেই মনে করা হচ্ছে। কাঁচাবাজার আর শেয়ারবাজার ২০১১ সালকে ভালো রাখেনি। এ জন্য সাধারণ মানুষের দুর্ভোগ-দুর্গতি কমাবে না বাড়াবে, সেই প্রশ্ন মাথায় নিয়ে শুরু করতে হচ্ছে নতুন বছরটি।নতুন বছর নিয়ে মানুষের প্রত্যাশা থাকে অনেক। নতুন চিরকালই সম্ভাবনাময়। নতুনের প্রতি মানুষের আগ্রহ বিপুল। পুরোনো বছরের ব্যর্থতা, গ্লানি ঝেড়ে ফেলে ব্যক্তি ও সমাজজীবনে নতুন উদ্যমে নতুন বছরের সম্ভাবনাগুলো যেন বাস্তবায়িত হয়, যেন সফল হয় মহৎ পরিকল্পনা, কল্যাণ যেন প্রতিটি মানুষের সঙ্গী থাকে—নতুন বছরের শুরুতে এই কামনাই থাকে সর্বদা।অথচ, নতুন বছরটি শুরু করতে হচ্ছে নানা আশঙ্কা আর অনেক অনিশ্চয়তা নিয়ে। শুধু অর্থনীতি নিয়েই নয়, আশঙ্কা ও অনিশ্চয়তা আছে রাজনৈতিক পরিস্থিতি নিয়েও। বছরের প্রথম অংশে নির্বাচন কমিশন পুনর্গঠন করতে হবে। রাষ্ট্রপতি সংলাপ শুরু করলেও এ নিয়ে রাজনৈতিক অঙ্গন কিছুটা উত্তপ্তই থাকবে। বিএনপিসহ বেশির ভাগ রাজনৈতিক দল তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহালের দাবি নিয়ে আন্দোলন আরও জোরদার করার চেষ্টা করবে নতুন বছরে। আবার যুদ্ধাপরাধীদের বিচার চলছে। জামায়াতে ইসলামীর শীর্ষস্থানীয় নেতারা অভিযুক্ত হয়েছেন। ধর্মভিত্তিক এই দলটি সরকারকে বেকায়দায় ফেলার চেষ্টাও অব্যাহত রাখবে। তাই স্বস্তি থাকবে না রাজনীতিতে।মূল্যস্ফীতির চাপে সীমিত আয়ের মানুষদের জন্য বিদায়ী বছরটি ভালো ছিল না। লাখ লাখ ক্ষুদ্র বিনিয়োগকারীর জন্য বিদায়ী বছর ছিল পুঁজি হারানোর বছর।মহাসড়কের মহা দুরবস্থার কারণে ২০১১ ছিল মহা দুর্ভোগের বছরও।দুর্নীতির অভিযোগে পদ্মা সেতুতে সাহায্য বন্ধ করেছে বিশ্বব্যাংকসহ অন্য দাতারা। ফলে বৈদেশিক সাহায্য সর্বনিম্ন পর্যায়ে চলে এসেছে। ২০১১ সালে ভর্তুকি বিপজ্জনক মাত্রায় চলে যাওয়ায় ব্যাংক-ব্যবস্থা থেকে সরকার অতিমাত্রায় ঋণ নিয়েছে, মূল্যস্ফীতি টানা ১০ মাস দুই অঙ্কের বেশি থেকেছে, টাকা মূল্যমান হারিয়েছে প্রায় ১৬ শতাংশ। আয় ও ব্যয়ে কোনো ধরনের সংগতি ছিল না বিদায়ী বছরে। বলা যায়, অর্থনীতির অধিকাংশ সূচকই আছে অস্বস্তিতে। অর্থনীতির এসব সমস্যার রেশ টানতে হবে ২০১২ সালে।২০১২ সাল নিয়ে আশঙ্কা ও অনিশ্চয়তার বীজ বপন করা হয়েছিল ২০১১ সালেই। অর্থনীতিবিদদের একটি অংশ মনে করে, ২০১১ সালের অর্থনীতিতে সমস্যা আছে, সংকটে পরিণত হয়নি। তবে সমস্যার দিকে মনোযোগ না দিলে সমস্যা সংকটে পরিণত হবে। আবার তত্ত্বাবধায়ক সরকার বাতিলও হয়েছে ২০১১ সালে। ঢাকা দুই ভাগ হয়েছে ২০১১ সালে। দুই সিটি করপোরেশনের নির্বাচন করতে হবে ২০১২ সালে। তাই বলা যায়, বিদায়ী বছরে নেওয়া বিভিন্ন সিদ্ধান্তের রেশ থাকবে নতুন বছরে। ফলে রাজনৈতিক অঙ্গন থাকবে উত্তপ্ত। ২০১২ সাল হবে আওয়ামী লীগ সরকারের জন্য চতুর্থ বছর। একটি সরকারের জন্য প্রথম বছর হয় নীতি নেওয়ার বছর। পরের দুই বছর বাস্তবায়নের। শেষ দুই বছর ফল পাওয়ার বছর। অথচ, ফল পাওয়ার বছরে অর্থনীতি নিয়ে থাকছে বড় ধরনের সমস্যা। সঠিক নীতি ও দক্ষ ব্যবস্থাপনা ছাড়া এই সংকট সহজে কাটবে বলে মনে করেন না অর্থনীতিবিদেরা। আবার বিশ্ব-অর্থনীতি নিয়ে আশাবাদী মানুষের সংখ্যাও অনেক কম। সুতরাং, সতর্ক না হলে ২০১২ সালের দিন যতই যাবে, পথচলার কষ্ট ততই বাড়বে।অন্যদিকে রাজনৈতিক অঙ্গনও থাকবে উত্তপ্ত। বিরোধী দলের মনের মতো নির্বাচন কমিশন গঠনের আশা কেউ করেন না। তত্ত্বাবধায়ক সরকারও আর ফিরে আসছে না। নির্বাচন যতই এগিয়ে আসবে, রাজনৈতিক ক্ষেত্রে মুখোমুখি সংঘর্ষের আশঙ্কা ততই বাড়বে।আর এতে অর্থনৈতিক সংকট ও উত্তপ্ত রাজনীতি ২০১২ সালজুড়ে রাজত্ব করলে সাধারণ মানুষের দুর্ভোগ আর কমবে না।