ব্রহ্মপুত্রের গতি পাল্টাবে না চীন
চীন ঘোষণা দিয়েছে, তারা ব্রহ্মপুত্র নদের পানিপ্রবাহের গতিপথ পরিবর্তন করবে না। এ ঘোষণাকে ভারত হয়তো স্বাগত জানাতে পারে।চীনের পানিসম্পদ উপমন্ত্রী জিয়াও ইয়ং গত বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে বলেন, যদিও চীনের প্রয়োজন রয়েছে আরলুং টিসাংপোকে (তিব্বতি ভাষায় ব্রহ্মপুত্র নদীর নাম) আরও ব্যাপকভাবে ব্যবহার করার। তবে প্রযুক্তিগত জটিলতা, পানিপ্রবাহের গতিপথ পাল্টানোর যথার্থতা, পরিবেশের ওপর সম্ভাব্য প্রভাব ও অন্য দেশের সঙ্গে সম্পর্কের বিষয়টি বিবেচনা করে চীন এ ধরনের পরিকল্পনা বাদ দিয়েছে।টাইমস অব ইন্ডিয়া জানায়, গত বুধবার বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে জিয়াং ইয়ং এসব কথা বলেন।উল্লেখ্য, ব্রহ্মপুত্র নদ তিব্বত থেকে ভারতের আসাম অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করেছে। ফলে ব্রহ্মপুত্রের পানিপ্রবাহ বদলে দিলে এর প্রভাব ভারত ও বাংলাদেশের ওপর পড়ত বলে বিশেষজ্ঞরা বলছেন। চীনের বিষয়ে বিশেষজ্ঞ ক্লাউড অরপি বলেছেন, ষাটের দশকের শুরুতে যদি ভারত ও পাকিস্তানের মধ্যে নদীর পানি নিয়ে চুক্তি হতে পারে, তবে কেন একই ধরনের চুক্তি চীন, ভারত ও বাংলাদেশের মধ্যে হতে পারে না।বিশ্লেষকেরা মনে করছেন, চীন এখন ব্রহ্মপুত্র নদের কারণে ভারতের সঙ্গে সম্পর্ক নষ্ট করার মধ্যে কোনো ইতিবাচক কিছু পাচ্ছে না। তবে চীনের এ সিদ্ধান্ত ভারত সরকারকে কিছুটা হলেও স্বস্তি দিতে পারে। কারণ, জাতিসংঘের সাধারণ পরিষদে যোগদান শেষে দেশে ফিরে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং সাংবাদিকদের বলেছিলেন, ‘আমি বিষয়টি চীনের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর কাছে তুলেও ধরেছি। তাঁরা আমাদের নিশ্চিত করেছেন, ভারতের স্বার্থের পরিপন্থী কিছু করবেন না।’ভারত ও চীনের বিশেষজ্ঞরা এ বছরের মে মাসে বেইজিংয়ে দুই দেশের সীমান্তের নদী নিয়ে আলোচনা করেন। এখন চীনের এ বক্তব্যের ফলে দুই দেশের বৈরিতা কিছুটা হলেও কমতে পারে। আগে চীন ব্রহ্মপুত্র নদের পানিপ্রবাহের গতিপথ পাল্টে দিতে পারে, এমন খবরে ভারত খুবই অসন্তুষ্ট ছিল।২০০৬ সালের নভেম্বরে চীনের প্রেসিডেন্ট হু জিনতাও ভারত সফর করেন। ওই সময় দেশটির পানিসম্পদমন্ত্রী ওয়াং সুচেং ব্রহ্মপুত্রের পানিপ্রবাহের গতিপথ পাল্টে দেওয়ার বিষয়টি অপ্রয়োজনীয়, অসম্ভব ও অবৈজ্ঞানিক বলে আখ্যা দেন। ‘এ ধরনের নাটকীয় ও অবৈজ্ঞানিক প্রকল্পের কোনো প্রয়োজনীয়তা নেই।’ এর পরও ভারত উদ্বিগ্ন ছিল।গতিপথ পরিবর্তনের এ ধারণাটি ‘টিবেটস ওয়াটার উইল সেভ চায়না’ নামের একটি বিতর্কিত বইয়ে প্রথম উঠে আসে। বইটি লিখেছেন দুজন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা গাও কায় ও লি লিং।