ব্রাক্ষণবাড়িয়ায় দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষ, পুলিশসহ আহত ৫০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল বিশ্বরোড মোড়ে আজ শুক্রবার তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষে পুলিশের ১০ জন সদস্যসহ অন্তত ৫০ জন আহত হয়েছে। সরাইল সদর উপজেলার খাটিহাতা ও কুট্টাপাড়া গ্রামের বাসিন্দাদের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সরাইল বিশ্বরোড মোড়ে ক্যাসেটের দাম নিয়ে ফ্রেন্ডস ভিডিও নামের একটি দোকানের মালিক আলাল উদ্দিনের (২৫) সঙ্গে ক্রেতা আবু মিয়ার (২৮) কথাকাটাকাটি ও হাতাহাতি হয়। আলাল উদ্দিনের বাড়ি সদর উপজেলার বুধল ইউনিয়নের খাটিহাতা গ্রামে এবং আবু মিয়ার বাড়ি সরাইল উপজেলার সদর ইউনিয়নের কুট্টাপাড়া গ্রামে। এ ঘটনাকে কেন্দ্র করে বেলা সাড়ে ১১টায় উভয় গ্রামের বাসিন্দারা দেশীয় অস্ত্র নিয়ে মহাসড়কের ওপর সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় তারা দুটি হোটেলসহ পাঁচটি ব্যবসাপ্রতিষ্ঠানেও হামলা চালায়।সংঘর্ষ চলাকালে বেলা সাড়ে ১১টা থেকে দুপুর একটা পর্যন্ত ঢাকা-সিলেট ও কুমিল্লা-সিলেট মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। এ সময় মহাসড়কগুলোতে ছয় কিলোমিটার এলাকাজুড়ে যানজট হয়। সরাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হামিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, পরিস্থিতি এখন শান্ত আছে। তবে কোনো পক্ষই এখনো মামলা করেনি।