ব্রাজিল থেকে চিনি কিনবে সরকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী রমজানে চিনি নিয়ে অস্থিরতা এড়াতে ব্রাজিল থেকে চিনি আমদানির উদ্যোগ নিয়েছে সরকার। আজ মঙ্গলবার দুপুরে নিজ দপ্তরে এক সংবাদ সম্মেলনে শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া এ কথা জানিয়েছেন।শিল্পমন্ত্রী বলেন, ‘গত রমজানে চিনি পরিশোধনকারী মিলগুলো কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়িয়ে দিয়েছিল। আমাদের হাতে পর্যাপ্ত চিনি না থাকার কারণে তখন আমরা বাজার নিয়ন্ত্রণ করতে পারিনি।’ অবশ্য বিদেশ থেকে আমদানি করা ৫০ হাজার টন চিনি বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের হাতে মজুদ থাকায় গত রমজানে সংকট কিছুটা কম হয় বলে মন্তব্য করেন শিল্পমন্ত্রী।রাষ্ট্রীয় পর্যায়ে (স্টেট টু স্টেট) চিনি আমদানির উদ্যোগ হিসেবে ৩ মার্চ ব্রাজিল সফরে যান শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া। সফরে ব্রাজিল থেকে এক লাখ টন চিনি আমদানির বিষয়ে দ্বিপক্ষীয় আলোচনা হয়েছে। ব্রাজিল থেকে দেশে ফিরেই গতকাল সংবাদ সম্মেলন করেন দিলীপ বড়ুয়া।দেশের ছয়টি চিনি পরিশোধন কারখানায় চাহিদার চেয়ে বেশি চিনি উত্পাদিত হচ্ছে। এমনকি পরিশোধনকারী প্রতিষ্ঠানগুলোকে বিদেশে চিনি রপ্তানিরও অনুমতি দিতে যাচ্ছে বাণিজ্য মন্ত্রণালয়। এ অবস্থায় দেশের প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে চিনি না কিনে কেন বিদেশ থেকে আমদানি করা হচ্ছে—এমন প্রশ্নের জবাবে শিল্পমন্ত্রী বলেন, ‘আমাদের চিনি কেনার যে প্রক্রিয়া তাতে দেশের পরিশোধনকারী প্রতিষ্ঠানগুলোর কাছ থেকেও চিনি কেনার কথা উল্লেখ রয়েছে। কিন্তু গত রমজানের আগে মাত্র একটি প্রতিষ্ঠান আমাদের চিনি সরবরাহ করেছে। অন্যরা মন্ত্রণালয়ের কাছে চিনি বিক্রি করতে চায়নি। কেন চায়নি, সেটা আপনারা ভালো করেই জানেন।’দিলীপ বড়ুয়া বলেন, চিনি আমদানি ছাড়াও দেশের চিনিকলগুলোকে আধুনিকায়ন করা, ব্রাজিল থেকে উন্নতমানের আখের চারা আনার বিষয়ে সে দেশের কৃষি ও শিল্প মন্ত্রণালয়ের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে।সংবাদ সম্মেলনে শিল্পমন্ত্রী বলেন, সাভারে চামড়া শিল্পনগর স্থাপনে কেন্দ্রীয় বর্জ্য পরিশোধন প্লান্ট (সিইটিপি) নির্মাণের কার্যাদেশ হয়ে গেছে। ১৫ থেকে ১৮ মাসের মধ্যে এটি নির্মাণ হয়ে যাবে।